• ই-পেপার

ফ্যাসিবাদী শাসন শিক্ষাব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে : প্রধানমন্ত্রী

টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক
টেকনিক্যাল শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির উদ্বোধন করেন। 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সারা দেশের ১২ হাজার কলেজ শিক্ষককে দক্ষ হিসেবে গড়ে তুলতে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক ও গাছের চারা উপহার দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এ  সময় অন্য শিক্ষকরা তাঁর সঙ্গে ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্ম ও জীবনের নানা দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রচার করা হয়। 

এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ।’

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বক্তব্য দেন।

নতুন পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা উন্নয়ন, ডিজিটাল মার্কেটিং, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ডাটা সায়েন্স বিষয়ে প্রশিক্ষণ পাবেন। এসব বিষয়ে পাঠদান নিশ্চিত করতে ইতিমধ্যে ৯০০ মাস্টার ট্রেইনার তৈরি করা হয়েছে। তাদের মাধ্যমে পর্যায়ক্রমে ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে।

দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

অনলাইন ডেস্ক
দীর্ঘ ছুটি শেষে স্কুল-কলেজ খুলছে আজ

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ১৬ দিনের ছুটি শেষে আজ রবিবার (৭ জুন) থেকে সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফের শুরু হচ্ছে পাঠদান কার্যক্রম। 

২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ২৪ মে থেকে এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হয়েছিল।

অন্যদিকে দেশের আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোতে ছুটি আরও দীর্ঘ। মাদরাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন থেকে মাদরাসাগুলোতে ফের শ্রেণি কার্যক্রম শুরু হবে।

এদিকে, ঈদ ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ছুটি দেওয়া হয়। বেশির ভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামীকাল সোমবার থেকেই ক্লাস কার্যক্রম শুরু হচ্ছে।

শিক্ষা-সংশ্লিষ্টদের আশা, দীর্ঘ ছুটির পর শিক্ষার্থীদের উপস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আবারও প্রাণচঞ্চল হয়ে উঠবে। তবে গরমের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

জাবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন

বাকৃবি প্রতিনিধি
জাবিপ্রবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন
অধ্যাপক ড. মো. আমির হোসেন। সংগৃহীত ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মো. আমির হোসেন। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৭ (সংশোধিত-২০২৫) এর ১০(১) ধারা অনুযায়ী এ নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ড. আমির হোসেন তার যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময় পর্যন্ত উপাচার্যের দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

এ ছাড়া প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম
অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম। সংগৃহীত ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) গণিত বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শনিবার (৬ জুন) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর ১৩(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছর এ দায়িত্ব পালন করবেন। এ সময়ে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা এবং বিধি অনুযায়ী অন্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। 

এ ছাড়া তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সংবিধি, আইন ও বিধি অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

ড. নজরুল ইসলাম বর্তমানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যুগ্ম মহাসচিব এবং জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ঢাকা বিভাগের মনিটর হিসেবেও দায়িত্বে রয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও তার রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত তিনি সহকারী প্রক্টর ও হাউস টিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সাল থেকে তিনি ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ কমিটির চেয়ারম্যান ছিলেন। 

বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য (২০১৭ সাল থেকে) এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য (২০২৫ সাল থেকে) হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়া প্রায় ১৭ বছর ধরে তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানেও তিনি সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।