• ই-পেপার

হাদিসের বাণী

শিক্ষার ভাষা নম্র ও সহানুভূতিশীল হওয়া উচিত

আবহাওয়া অধিদপ্তরের আগাম বার্তা সম্পর্কে ইসলাম কী বলে?

মুফতি ওমর বিন নাছির
আবহাওয়া অধিদপ্তরের আগাম বার্তা সম্পর্কে ইসলাম কী বলে?
সংগৃহীত ছবি

প্রতিদিন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আমরা আবহাওয়া অধিদপ্তরের বিভিন্ন সতর্কবার্তা দেখতে পাই। কখনো বলা হয়, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে; কোথাও ঘূর্ণিঝড়ের আশঙ্কা, কোথাও বজ্রপাত বা বন্যার সম্ভাবনা। এসব তথ্যের ভিত্তিতে মানুষ আগাম প্রস্তুতি নেয়, কৃষক ফসল রক্ষা করে, জেলেরা সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকে এবং অসংখ্য মানুষের জীবন ও সম্পদ রক্ষা পায়। কিন্তু মাঝে-মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হয়— আবহাওয়া অধিদপ্তরের এ ধরনের বৈজ্ঞানিক পূর্বাভাস সম্পের্কে ইসলাম কী বলে?

আল্লাহ তাআলা বলেন, ‘বলুন, আসমান ও জমিনে যারা আছে তারা আল্লাহ ছাড়া গায়েবের জ্ঞান রাখে না।’ (সুরা : নামল, আয়াত : ৬৫)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছেই রয়েছে। তিনিই বৃষ্টি বর্ষণ করেন, মাতৃগর্ভে যা আছে তা তিনি জানেন। কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে তার মৃত্যু হবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে অবহিত।’ (সুরা : লুকমান, আয়াত : ৩৪)
এই আয়াতগুলো থেকে বোঝা যায়, স্বতন্ত্রভাবে, নিশ্চিতভাবে এবং সর্বাঙ্গীণভাবে ভবিষ্যতের জ্ঞান একমাত্র আল্লাহরই। কোনো মানুষ, ফেরেশতা, জিন কিংবা নবীও আল্লাহর অনুমতি ছাড়া গায়েব জানেন না। 

লক্ষণীয় বিষয় হলো
আবহাওয়া অধিদপ্তর কখনোই বলে না যে, ‘নিশ্চিতভাবেই এমনটি ঘটবে।’ তারা আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট, রাডার, বায়ুচাপ, তাপমাত্রা, বায়ুর গতিবেগ, আর্দ্রতা, সমুদ্রের অবস্থা এবং দীর্ঘদিনের বৈজ্ঞানিক পর্যবেক্ষণ বিশ্লেষণ করে সম্ভাব্য পূর্বাভাস প্রদান করে। অর্থাৎ এটি গায়েবের জ্ঞান নয়; বরং দৃশ্যমান তথ্য-উপাত্তের ভিত্তিতে বৈজ্ঞানিক বিশ্লেষণ।

এটি অনেকটা একজন অভিজ্ঞ চিকিৎসকের মতো। রোগীর পরীক্ষা-নিরীক্ষা দেখে তিনি বলেন, ‘এই রোগীর ডায়াবেটিস হওয়ার ঝুঁকি আছে’ বা ‘এই ওষুধে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।’ চিকিৎসক ভবিষ্যৎ জানেন না; বরং দৃশ্যমান লক্ষণ বিশ্লেষণ করে সম্ভাব্য ফলাফল জানান। একইভাবে একজন কৃষক আকাশের মেঘ, বাতাসের দিক কিংবা ঋতুর পরিবর্তন দেখে বৃষ্টির সম্ভাবনা অনুমান করেন। এতে কেউ গায়েবের দাবিদার হয়ে যান না। বরং ইসলাম মানুষকে প্রকৃতি সম্পর্কে চিন্তা, পর্যবেক্ষণ এবং গবেষণার প্রতি উৎসাহিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯০)

আল্লাহ তাআলা আরও বলেন, ‘তিনি সেই সত্তা, যিনি বাতাসকে তাঁর রহমতের পূর্বে সুসংবাদবাহীরূপে পাঠিয়ে দেন।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৭)
এসব আয়াত মানুষকে প্রকৃতির নিয়ম বুঝতে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে এবং তাঁর নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করতে উদ্বুদ্ধ করে।

আবহাওয়া অধিদপ্তরের মূল উদ্দেশ্যও ভবিষ্যৎ জানার দাবি করা নয়; বরং মানুষের জীবন, সম্পদ ও পরিবেশ রক্ষা করা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, অতিবৃষ্টি, বজ্রপাত কিংবা তাপপ্রবাহের আগাম সতর্কতা দিয়ে তারা মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে, কৃষকদের ফসল রক্ষা করতে, জেলেদের সমুদ্রে না যেতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিতে সহায়তা করে। এর ফলে বহু প্রাণহানি ও আর্থিক ক্ষতি কমে আসে। ইসলামে মানুষের জীবন রক্ষা একটি মহৎ কাজ। আল্লাহ তাআলা বলেন, ‘যে ব্যক্তি একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।’ (সুরা : মায়িদাহ, আয়াত : ৩২)

অতএব, মানুষের জীবন রক্ষার উদ্দেশ্যে বৈজ্ঞানিক তথ্য বিশ্লেষণ করে সতর্কবার্তা প্রদান করা শরিয়তের দৃষ্টিতে কোনো গুনাহের কাজ নয়। বরং এটি জনকল্যাণমূলক একটি দায়িত্ব। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। যদি কেউ দাবি করে যে, সে নিজেই নিশ্চিতভাবে ভবিষ্যৎ জানে, অথবা আল্লাহর মতো গায়েবের পূর্ণ জ্ঞানের অধিকারী—তবে তা ইসলামের আকিদার পরিপন্থী। একইভাবে জ্যোতিষ, গণক, ভাগ্যবিচার বা অলৌকিক উপায়ে ভবিষ্যৎ জানার দাবি ইসলাম কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করল, তার চল্লিশ দিনের সালাত কবুল করা হয় না।’ (সহিহ মুসলিম, হাদিস: ২২৩০)
এ হাদিস থেকে বোঝা যায়, গণক বা জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী এবং বৈজ্ঞানিক আবহাওয়া পূর্বাভাস এক বিষয় নয়। প্রথমটি গায়েব জানার দাবি; দ্বিতীয়টি পর্যবেক্ষণ, পরিমাপ ও সম্ভাবনার ভিত্তিতে বিশ্লেষণ।

একজন মুসলিমের করণীয় হলো—আবহাওয়ার পূর্বাভাসকে একটি সম্ভাব্য সতর্কবার্তা হিসেবে গ্রহণ করা, প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া এবং একই সঙ্গে আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল রাখা। কারণ সব পরিকল্পনার চূড়ান্ত সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে। পূর্বাভাস সঠিকও হতে পারে, ভুলও হতে পারে; কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কখনো ভুল হয় না।

বিয়ে গোপন রাখা কি জায়েজ, ইসলাম কী বলে?

মুফতি ওমর বিন নাছির
বিয়ে গোপন রাখা কি জায়েজ, ইসলাম কী বলে?
সংগৃহীত ছবি

বিয়ে একজন নারী ও একজন পুরুষের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত অঙ্গীকার, একটি ইবাদত এবং সুস্থ ও শালীন সমাজ গঠনের অন্যতম ভিত্তি। ইসলাম বিয়েকে সহজ, সম্মানজনক ও প্রকাশ্য করার শিক্ষা দিয়েছে। যাতে সমাজে বৈধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়, পারিবারিক বন্ধন দৃঢ় হয় এবং সন্দেহ, অপবাদ ও অনৈতিকতার সব পথ বন্ধ হয়ে যায়। কিন্তু আজকাল নানা কারণে অনেকেই বিয়ের বিষয়টি গোপন রাখেন। কেউ চাকরি হারানোর ভয়ে, কেউ পারিবারিক বা সামাজিক চাপে, আবার কেউ ব্যক্তিগত স্বার্থ, দ্বিতীয় বিয়ে বা প্রতারণার উদ্দেশ্যে বিবাহকে আড়াল করেন। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে—বিয়ের বিষয় গোপন রাখা কি জায়েজ? ইসলাম কী বলে?

ইসলাম বিয়েকে এমন একটি সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, যা হবে সমাজের কাছে স্বীকৃত, মর্যাদাপূর্ণ এবং সন্দেহমুক্ত। আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা অবিবাহিত, তাদের বিয়ে দিয়ে দাও এবং তোমাদের সৎকর্মপরায়ণ দাস-দাসীদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ।’ (সুরা : নুর, আয়াত : ৩২)

 তাই ইসলামে বিয়ে এমনভাবে সম্পন্ন হওয়া উচিত, যাতে তা বৈধ ও স্বীকৃত সম্পর্ক হিসেবে সবার কাছে পরিচিত হয়। এ কারণেই রাসুলুল্লাহ (সা.) বিয়ে প্রকাশ করার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, ‘এই বিয়ে প্রকাশ করো, মসজিদে সম্পন্ন করো এবং এর উপলক্ষে দফ বাজাও।’ (জামে তিরমিজি, হাদিস: ১০৮৯)

হাদিসের শিক্ষা হলো, মুসলিম সমাজে বিয়ে যেন গোপন না থাকে; বরং এমনভাবে প্রকাশিত হয়, যাতে সবাই জানতে পারে এটি একটি বৈধ ও শরিয়তসম্মত সম্পর্ক। কারণ গোপনীয়তা অনেক সময় সন্দেহ, অপবাদ ও সামাজিক অস্থিরতার জন্ম দেয়। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ইসলামী শরিয়তে বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কিছু মৌলিক শর্ত রয়েছে—যেমন উভয় পক্ষের সম্মতি, কনের ওয়ালি (জুমহুর আলেমদের মতে), দুইজন ন্যায়পরায়ণ সাক্ষী এবং মোহর নির্ধারণ। এসব শর্ত পূরণ হলে বিয়ে বৈধ হয়। কিন্তু বৈধ হওয়া আর বিয়ে গোপন রাখা—এ দুটি বিষয় এক নয়।

যদি সাক্ষীদের উপস্থিতিতে শরিয়তের সব শর্ত পূরণ করে বিয়ে সম্পন্ন হয়, তাহলে সেটি বৈধ হতে পারে। কিন্তু ইচ্ছাকৃতভাবে দীর্ঘদিন বিয়ের বিষয়টি সমাজ, আত্মীয়স্বজন কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে গোপন রাখা ইসলামের আদর্শ নয়। বিশেষ করে যদি এর মাধ্যমে প্রতারণা করা হয়, কারও অধিকার নষ্ট হয় বা মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, তাহলে তা নিঃসন্দেহে গুনাহের কাজ।

বর্তমান সময়ে অনেকেই দ্বিতীয় বিয়ে সম্পূর্ণ গোপন রাখেন। ইসলাম একাধিক বিয়ার অনুমতি দিয়েছে, তবে তার সঙ্গে ন্যায়বিচারের কঠোর শর্তও আরোপ করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘যদি তোমরা আশঙ্কা কর যে, ন্যায়বিচার করতে পারবে না, তবে একজনই যথেষ্ট।’ (সুরা : নিসা, আয়াত : ৩)

অতএব, দ্বিতীয় বিয়ে বৈধ হলেও মিথ্যা বলা, প্রতারণা করা, স্ত্রীর অধিকার নষ্ট করা কিংবা অন্যায়ভাবে বিষয়টি গোপন রাখা ইসলামের নৈতিকতার পরিপন্থী। কারণ ইসলাম শুধুমাত্র বাহ্যিক বৈধতার শিক্ষা দেয় না; বরং সততা, আমানতদারি ও ন্যায়পরায়ণতার ওপরও সমান গুরুত্ব দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০১)

তবে বিশেষ কোনো জরুরি পরিস্থিতিতে—যেমন নিরাপত্তাজনিত কারণ, পারিবারিক জটিলতা বা সাময়িক কোনো বৈধ প্রয়োজনের কারণে—স্বল্প সময়ের জন্য বিয়ের বিষয়টি সীমিত পরিসরে রাখার অবকাশ থাকতে পারে। কিন্তু সেটি কখনোই স্থায়ী গোপনীয়তা বা প্রতারণার হাতিয়ার হতে পারে না। ইসলামের উদ্দেশ্য হলো, যথাসময়ে বিয়ে প্রকাশিত হবে এবং উভয় পক্ষের অধিকার সুরক্ষিত থাকবে।

ইসলাম এমন একটি সমাজ গড়তে চায়, যেখানে বৈধ সম্পর্ক সম্মান পায় এবং অবৈধ সম্পর্কের সব পথ রুদ্ধ হয়। তাই বিয়ে কেবল একটি ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি একটি সামাজিক ও ধর্মীয় দায়িত্বও বটে। শরিয়তের শর্ত পূরণ হলে বিয়ে বৈধ হলেও, অকারণে বা স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে বিয়ে গোপন রাখা ইসলামের শিক্ষা নয়। বরং রাসুলুল্লাহ (সা.) বিয়ে ঘোষণা ও প্রকাশ করার নির্দেশ দিয়েছেন, যাতে স্বামী-স্ত্রীর অধিকার সংরক্ষিত থাকে, সন্তানদের বংশপরিচয় সুস্পষ্ট হয়, সমাজে সন্দেহ ও অপবাদ দূর হয় এবং পারিবারিক জীবনে আস্থা ও স্বচ্ছতা বজায় থাকে।

অতএব, একজন সচেতন মুসলিমের উচিত বিয়েকে লুকিয়ে না রেখে যথাসম্ভব প্রকাশ করা, সততা ও ন্যায়পরায়ণতার সঙ্গে দাম্পত্য জীবন শুরু করা এবং এমন কোনো কাজ থেকে বিরত থাকা, যা প্রতারণা, ফিতনা বা মানুষের অধিকার ক্ষুণ্ণ করার কারণ হতে পারে। 

ঝগড়া-বিবাদ ও মন্দ আচরণ থেকে বাঁচার দোয়া

ইসলামী জীবন ডেস্ক
ঝগড়া-বিবাদ ও মন্দ আচরণ থেকে বাঁচার দোয়া
সংগৃহীত ছবি

মানুষের ব্যক্তিগত , পারিবারিক ও সামাজিক জীবনের অধিকাংশ অশান্তির মূলেই রয়েছে ঝগড়া-বিবাদ, কপটতা এবং মন্দ আচরণ। সামান্য ভুল বোঝাবুঝি থেকে শুরু হয়ে অনেক সময় সম্পর্কের অবনতি, সামাজিক দূরত্ব এবং বিভেদ সৃষ্টি হয়। অথচ মহানবী (সা.) আমাদের সব সময় বিবাদ-বিসংবাদ এড়িয়ে চলতে, আন্তরিকতা বজায় রাখতে এবং উত্তম চরিত্রে নিজেকে গড়ে তোলার শিক্ষা দিয়েছেন। তাইতো তিনি আমাদের এমন একটি হৃদয়স্পর্শী দোয়া শিখিয়েছেন, যাতে ঝগড়া-বিবাদ, কপটতা এবং মন্দ চরিত্র থেকে আশ্রয় প্রার্থনা করা হয়। দোয়াটি হলো-
 
اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আউদু বিকা মিনাশ-শিকাকি, ওয়ান-নিফাকি, ওয়া সুইল-আখলাক।
অর্থ : হে আল্লাহ! আমি আপনার কাছে বিবাদ (মারামারি বা ঝগড়া), কপটতা এবং খারাপ চরিত্র (মন্দ আচরণ) থেকে আশ্রয় চাই। (আবু দাউদ, হাদিস : ১৫৪৬, নাসায়ি, হাদিস : ৫৪৭১)

সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে

সাইয়্যিদ মুনিব মুর্শিদ
সুদ অর্থনৈতিক বৈষম্য বয়ে আনে
সংগৃহীত ছবি

মানুষের অর্থনৈতিক জীবনের সঙ্গে ঋণের সম্পর্ক বহু পুরনো। সংসারের প্রয়োজন, ব্যবসার সম্প্রসারণ, কৃষিকাজের ব্যয় কিংবা অপ্রত্যাশিত কোনো বিপদ ইত্যাদি বিভিন্ন সময়ে মানুষ অন্যের আর্থিক সহায়তার ওপর নির্ভর করেছে। একসময় এই সম্পর্ক গড়ে উঠত আত্মীয়-স্বজন, প্রতিবেশী কিংবা পরিচিত ব্যবসায়ীদের মধ্যে। সময়ের পরিবর্তনের সঙ্গে সেই পরিসর বড় হয়েছে; ব্যক্তিগত লেনদেনের জায়গা নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান, মহাজনের জায়গায় এসেছে ব্যাংক, আর স্থানীয় অর্থনীতি যুক্ত হয়েছে বৈশ্বিক অর্থব্যবস্থার সঙ্গে।

এই দীর্ঘ যাত্রাপথে ঋণের ধরন যেমন বদলেছে, তেমনি বদলেছে তাকে ঘিরে মানুষের দৃষ্টিভঙ্গিও। একসময় ঋণকে শুধু প্রয়োজনের সহায়ক হিসেবে দেখা হতো; পরে তা ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠা পায়।

আধুনিক অর্থনীতির বিস্তারের সঙ্গে সঙ্গে ঋণ আর শুধু ব্যক্তিগত প্রয়োজনের বিষয় থাকেনি; রাষ্ট্র, শিল্প, বাণিজ্য, এমনকি আন্তর্জাতিক সম্পর্কেরও একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গে পরিণত হয়েছে। তবে একটি বিষয়ে প্রায় সবাই একমত যে সুদ শুধু একটি আর্থিক হার নয়; এটি সম্পদের প্রবাহ, অর্থনৈতিক সম্পর্ক এবং সামাজিক কাঠামোর ওপরও সুদূরপ্রসারী প্রভাব ফেলে।

ইসলাম ঋণের প্রয়োজন অস্বীকার করে না; বরং মানুষের প্রয়োজনে সহযোগিতাকে ইবাদতের মর্যাদা দেয়। তবে সেই সহযোগিতা যেন দুর্বলতার সুযোগ নিয়ে মুনাফা অর্জনের অন্যায় মাধ্যমে পরিণত না হয়, সে বিষয়েও সমান গুরুত্ব আরোপ করে।

তাই কোরআন ও সুন্নাহয় সুদের আলোচনা শুধু একটি আর্থিক বিধান হিসেবে আসেনি; বরং ন্যায়ভিত্তিক অর্থনৈতিক জীবনব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্থান পেয়েছে। ঋণের ইতিহাস যত পুরনো, সুদকে ঘিরে বিতর্কের ইতিহাসও প্রায় ততটাই দীর্ঘ।

প্রাচীন সভ্যতাগুলোর আইনসংহিতা, গ্রিক দর্শন, ইহুদি ও খ্রিস্টীয় ধর্মতত্ত্ব, এমনকি মধ্যযুগীয় ইউরোপের অর্থনৈতিক আলোচনাতেও সুদ ছিল অতীব গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। ইতিহাসের বিভিন্ন সময়ে এর পক্ষে যেমন যুক্তি দেওয়া হয়েছে, তেমনি এর বিরুদ্ধে নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক আপত্তিও উত্থাপিত হয়েছে। ফলে সুদকে শুধু একটি ধর্মীয় আলোচনার বিষয় মনে করলে ইতিহাসের একটি বড় অংশই আড়ালে থেকে যাবে।

ইসলামের আবির্ভাবের সময় আরব সমাজেও সুদ ছিল পরিচিত একটি অর্থনৈতিক বাস্তবতা। সে সময় ঋণগ্রহীতা নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারলে তাকে অতিরিক্ত সময় দেওয়া হতো, তবে সেই সময়ের বিনিময়ে মূল ঋণের ওপর আরো অর্থ যোগ করা হতো। ঋণ পরিশোধে বিলম্ব যত বাড়ত, দেনার পরিমাণও তত বৃদ্ধি পেত। অনেক ক্ষেত্রে একটি সামান্য ঋণই বছরের পর বছর ধরে পরিবার ও গোত্রের ওপর বোঝা হয়ে থাকত। আর্থিক দুর্বলতা তখন ধীরে ধীরে সামাজিক দুর্বলতায় রূপ নিত।

এই বাস্তবতার মধ্যেই কোরআন সুদ সম্পর্কে তার অবস্থান স্পষ্ট করেছে। লক্ষণীয় বিষয় হলো, কোরআন প্রথমেই সুদের কারিগরি সংজ্ঞা নিয়ে আলোচনা করেনি; বরং মানুষের অর্থনৈতিক সম্পর্ককে ন্যায়, সহমর্মিতা এবং পারস্পরিক দায়িত্ববোধের ভিত্তিতে পুনর্গঠনের আহবান জানিয়েছে। সেই ধারাবাহিকতায় সুদকে এমন একটি লেনদেন হিসেবে চিহ্নিত করা হয়েছে, যা সম্পদের স্বাভাবিক প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে এবং দুর্বলকে আরো দুর্বল করে তুলতে পারে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকাকে বৃদ্ধি দান করেন।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৬)

আয়াতটির ভাষা গভীর তাৎপর্য বহন করে। এখানে বাহ্যিক হিসাবের পরিবর্তে সম্পদের প্রকৃত কল্যাণ ও স্থায়িত্বের কথা বলা হয়েছে। মানুষের দৃষ্টিতে কোনো সম্পদ বাড়তে পারে, কিন্তু সেই বৃদ্ধি যদি সমাজে বৈষম্য, শোষণ কিংবা মানুষের প্রতি মানুষের নির্ভরশীলতাকে আরো কঠিন করে তোলে, তবে কোরআনের দৃষ্টিতে তাকে প্রকৃত সমৃদ্ধি বলা যায় না। বিপরীতে, মানুষের কল্যাণে ব্যয় করা সম্পদ বাহ্যিক হিসাবে কমে গেলেও তার সামাজিক ও নৈতিক প্রভাব বহুগুণে বৃদ্ধি পায়। কোরআনের এই দৃষ্টিভঙ্গি ইসলামী অর্থনীতির একটি মৌলিক বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসে। এখানে অর্থের মূল্য শুধু তার পরিমাণে নির্ধারিত হয় না; বরং সে অর্থ কিভাবে অর্জিত হলো, কিভাবে ব্যবহার করা হলো এবং সমাজে তার প্রভাব কী—এসব বিষয়ও সমান গুরুত্ব পায়। অর্থনৈতিক ন্যায়বিচারের আলোচনা তাই ইসলামে সম্পদের পরিমাণ দিয়ে নয়, সম্পদের চরিত্র দিয়ে শুরু হয়।

ইসলামী অর্থনীতির আলোচনায় সুদকে বিচ্ছিন্ন কোনো বিধান হিসেবে দেখা হয় না। এটি এমন একটি বৃহত্তর অর্থনৈতিক দর্শনের অংশ, যেখানে সম্পদের প্রবৃদ্ধির পাশাপাশি ন্যায়বিচার, মানবিক মর্যাদা এবং সামাজিক ভারসাম্যও সমান গুরুত্ব পায়। এ কারণেই ইসলাম সুদের বিকল্প হিসেবে কেবল নিষেধাজ্ঞা দেয়নি; বরং অংশীদারত্বভিত্তিক বিনিয়োগ, ব্যবসা, জাকাত, সদকা, করজে হাসানা এবং সম্পদের সুষম সঞ্চালনের একটি সমন্বিত অর্থনৈতিক কাঠামো উপস্থাপন করেছে।

সমসাময়িক ইসলামী অর্থনীতির অন্যতম পথিকৃৎ ড. মুহাম্মদ ওমর চাপরা তাঁর Islam and the Economic Challenge গ্রন্থে লিখেছেন, একটি অর্থনৈতিক ব্যবস্থার সাফল্য শুধু জাতীয় আয় বা উৎপাদনের পরিমাণ দিয়ে বিচার করা যায় না; বরং সেই ব্যবস্থা কতটা ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে, মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করেছে এবং বৈষম্য হ্রাসে ভূমিকা রেখেছে—এসবও তার মূল্যায়নের অপরিহার্য মানদণ্ড। ইসলামী অর্থনীতির মৌলিক দর্শনের সঙ্গে এই দৃষ্টিভঙ্গির গভীর সামঞ্জস্য আছে।

একইভাবে বিচারপতি মুহাম্মদ তাকি উসমানী An Introduction to Islamic Finance গ্রন্থে উল্লেখ করেছেন, ইসলামে লাভের নৈতিক বৈধতা নির্ভর করে ঝুঁকি গ্রহণ ও দায়িত্ব বহনের ওপর। যে আয়ে ঝুঁকির অংশীদারত্ব নেই, অথচ লাভ পূর্বনির্ধারিত ও নিশ্চিত—ইসলাম সেই কাঠামোকে সমর্থন করে না। এখানেই সুদভিত্তিক ঋণ এবং ইসলামী অংশীদারত্বভিত্তিক অর্থায়নের মৌলিক পার্থক্য।

এ কারণেই কোরআন সুদের বিষয়ে শুধু নৈতিক উপদেশেই সীমাবদ্ধ থাকেনি; বরং একে দ্ব্যর্থহীন ভাষায় নিষিদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। অতঃপর যদি তা না করো, তবে আল্লাহ ও তাঁর রাসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা গ্রহণ করো। আর যদি তাওবা করো, তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপরও জুলুম করা হবে না।’ (সুরা : বাকারা, আয়াত : ২৭৮-২৭৯)

আয়াতটির শেষাংশ—‘তোমরা জুলুম করবে না এবং তোমাদের ওপরও জুলুম করা হবে না’—এটি ইসলামী অর্থনীতির একটি চিরন্তন নীতিকে সংক্ষিপ্ত ভাষায় ধারণ করেছে। অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি হবে ন্যায়, পারস্পরিক দায়িত্ববোধ এবং মানবিক মর্যাদা; কোনো পক্ষের দুর্বলতা অন্য পক্ষের স্থায়ী মুনাফার উপায়ে পরিণত হবে না।