• ই-পেপার

নোয়াখালীতে মোটরসাইকেলযোগে ইয়াবাপাচার, গ্রেপ্তার ২

তেল সংকটের গুজবে রাজশাহীতে পাম্পে ভিড়

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
তেল সংকটের গুজবে রাজশাহীতে পাম্পে ভিড়

রাজশাহীতে জ্বালানি তেলের সংকটের গুজব ছড়িয়ে পড়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে ভিড় করেন চালকরা। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টার পর থেকে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত পাম্পগুলোতে তেল নিতে দীর্ঘ সারি দেখা যায়।

স্থানীয় সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যম ও মুখে মুখে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে রাতে চালকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এরপর একের পর এক গাড়ি বিভিন্ন পাম্পে গিয়ে ভিড় জমাতে শুরু করে। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি চাপ পড়ে ফিলিং স্টেশনগুলোতে। নগরীর শালবাগান, আলুপট্টি, ভদ্রাসহ বিভিন্ন এলাকার পাম্পগুলোতে এসব ভিড় দেখা যায়।

তেল নিতে আসা মোটরসাইকেলচালক সোহেল রানা বলেন, ‘শুনেছি আজকের পর হয়ত তেল পাওয়া যাবে না বা সরবরাহ কমে যাবে। তাই ঝুঁকি না নিয়ে ট্যাংকি ভর্তি করে নিলাম।’

আরেকটি প্রাইভেটকারের চালক আব্দুল মজিদ বলেন, ‘গুজব সত্য কি না জানি না। কিন্তু সবাই যখন তেল নিচ্ছে, তখন আমিও এসে ট্যাংক ভরে নিচ্ছি। পরে সমস্যায় পড়তে চাই না।’

এনবি ফিলিং স্টেশনের ব্যবস্থাপক আসলাম উদ্দিন বলেন, ‘আমাদের কাছে তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। সংকটের কোনো তথ্য আমাদের কাছে নেই। গুজবের কারণে মানুষ একসঙ্গে বেশি পরিমাণে তেল নিতে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, জ্বালানি তেলের কোনো সংকট নেই। সরবরাহ স্বাভাবিক রয়েছে। গুজবে বিভ্রান্ত হয়ে কেউ যেন অপ্রয়োজনীয়ভাবে তেল কেনা বা মজুত না করেন। পরিস্থিতি জেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফেনীতে ডাকাতি-অপহরণসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
ফেনীতে ডাকাতি-অপহরণসহ ১৫ মামলার আসামি গ্রেফতার

ফেনীর ছাগলনাইয়া থেকে অপহরণ, ডাকাতিসহ ১৫টি মামলার আসামি এনামুল হক রুবেলকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় শহরের ট্রাংক রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

এনামুল হক রুবেল ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের পশ্চিম দেবপুর গ্রামের মো. ওবায়দুল হক মেম্বারের ছেলে।

পুলিশ জানায়, রুবেল ছাগলনাইয়া থানায় একাধিক মামলার এজাহারনামীয় পলাতক আসামি। গোপন সংবাদের ভিত্তিতে এক মামলার তদন্ত কর্মকর্তা শাহিনুর ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। রুবেলের বিরুদ্ধে ২০০৯ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত ছাগলনাইয়া ও পরশুরাম থানায় ১৫টি মামলা রয়েছে।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জানান, ‘রুবেলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ করে আদালতে সোপর্দ করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও চোরাই মালামাল উদ্ধারের স্বার্থে তার বিরুদ্ধে আদালতের কাছে ব্যাপক জিজ্ঞাসাবাদের নিমিত্তে রিমান্ডের আবেদন করা হবে।’

ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

লক্ষ্মীপুর প্রতিনিধি
ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ আটক ৪

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন মো. মোক্তারুজ্জামান, সাদেক হোসেন মাল, মানিক ব্যাপারী ও মাসুদ আলম।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে চন্দ্রগঞ্জের সিয়াম ফিলিং স্টেশন এলাকায় সড়কে অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি করে ডাকাতির প্রস্তুতিতে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, স্ক্র ড্রাইভার, একটি রেঞ্চ, দুইটি চাকু, একটি চাপাতি, একটি রাম দা, একটি কিরিচ, দুইটি কোরাবাড়ি, তিনটি মোবাইল, দুইটি নি ক্যাপ, বেডশিটের অংশবিশেষ, একটি ছেঁড়া লুঙ্গি জব্দ করা হয়।

গ্রেপ্তার মোক্তারুজ্জামান রায়পুর উপজেলার উত্তর চরআবাবিল গ্রামের মো. শহিদুল্লাহর ছেলে, মাসুদ একই উপজেলার চর কাছিয়া গ্রামের শামু মাঝির ছেলে, সাদেক চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের আলী আহমদ মালের ছেলে ও মানিক একই উপজেলার গন্ডামারা গ্রামের আব্দুল লতিফ ব্যাপারীর ছেলে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

বাসযাত্রীর ব্যাগ থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
বাসযাত্রীর ব্যাগ থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, তরুণ গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে দেড় কেজি হেরোইনসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে। তবে আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

তারা জানায়, উদ্ধারকৃত এই হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। এ সময় মো. ইকবাল হাসান (২৪) নামের এক তরুণকে গ্রেপ্তার করা হয়। সে জেলার পুঠিয়া উপজেলা সদর এলাকার রামজীবনপুর গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।

জানা গেছে, গোদাগাড়ী মডেল থানাধীন দেওপাড়া ইউনিয়নের সারইল এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অভিযান পরিচারনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর রাজশাহী জেলা শাখার একটি দল। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী ‘কর্ণফুলি (মহানন্দা স্পেশাল)’ নামের একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। বাসের পেছনের সারির পাঁচ সিটের মাঝের সিটে বসে থাকা যাত্রী ইকবাল হাসানের সঙ্গে থাকা একটি কলেজ ব্যাগ তল্লাশি করে কাপড়ে মোড়ানো ১৫টি প্যাকেট জব্দ করা হয়। প্রতিটি প্যাকেটে ১০০ গ্রাম করে মোট ১ কেজি ৫০০ হেরোইন পাওয়া যায়। এ সময় ইকবালের কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক ৮(গ) ও ৪১ ধারায় গোদাগাড়ী মডেল থানায় মঙ্গলবার দিবাগত রাতে একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, ইকবাল হোসেন একজন বহনকারী। হেরোইনগুলো একটি চক্রের। ইকবালের ব্যবহৃত মোবাইল ফোন ট্র্যাকিং এবং তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই চালানের নেপথ্যে কারা জড়িত তাদের শনাক্ত করার কাজ চলছে।