• ই-পেপার

বাসযাত্রীর ব্যাগ থেকে দেড় কোটি টাকার হেরোইন উদ্ধার, তরুণ গ্রেপ্তার

সপ্তাহের ব্যবধানে ১৩০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

দিনাজপুর প্রতিনিধি
সপ্তাহের ব্যবধানে ১৩০ টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম

সপ্তাহের ব্যবধানে দিনাজপুরে বিভিন্ন হাটবাজারে কাঁচামরিচের দাম কেজিতে ১৩০ টাকা বেড়েছে। প্রতি কেজি কাঁচামরিচ বর্তমানে বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি দরে। 

দিনাজপুরের সবচেয়ে বড় কাঁচা বাজার বাহাদুর বাজারসহ জেলা উপজেলার ব্যবসায়ীরা বলছেন, প্রায় এক সপ্তাহ ধরে দিনাজপুরসহ আশেপাশের জেলা গুলোতে টানা বৃষ্টিতে মরিচ ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার কারণে বাজারে আমদানি কমে গেছে। সে কারণে মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে দিনাজপুর শহরের বাহাদুর বাজার, সুইহারী বাজার, রামনগর বাজার, উপশহর বাজার, পুলহাট বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

জানা গেছে, ভারত থেকে কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলা হলেও দেশে মরিচ এসে পৌঁছাবে আগামী শনিবার। আবার আমদানি হলেও এর প্রভাব দিনাজপুরে মরিচের দামের ওপর প্রভাব পড়ছে না। কারণ আমদানি হওয়া কাঁচা মরিচ দিনাজপুরের বাজারে পাওয়া যায় না। সব চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন আড়তে। চাহিদার তুলনায় কাঁচামরিচ আমদানি কম হওয়ায় এবং বৃষ্টির কারণে দেশে উৎপাদন কমে যাওয়ায় দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে নিত্য প্রয়োজনীয় মশলা ও সবজি জাতীয় পণ্যেরও দাম বাড়ছে। পটল বিক্রি হচ্ছে ৫০ টাকা ও শসা ১০০ টাকা ও ঢ্যাঁড়স ৫০ টাকা কেজি।

বাহাদুর বাজারে বাজার করতে আসা আতাউর রহমান বলেন, ‘সবজির দাম ঊর্ধ্বমুখী। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। আগে এক পোয়া নিলেও আজকে ২৫ টাকা দিয়ে নিলাম ১০০ গ্রাম। এভাবে দাম বাড়লে আমাদের মতো সাধারণ মানুষের চলা কঠিন হয়ে যাবে।’

এছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, বিরল, বীরগঞ্জ, বিরামপুর, হাকিমপুর, ফুলবাড়ী ও নবাবগঞ্জ উপজেলার বাজার গুলোতেও খবর নিয়ে একই খবর পাওয়া গেছে।

বিরামপুর বাজারের ব্যবসায়ী কুদ্দুস আলী বলেন, ‘কয়েকদিনের বৃষ্টির পানিতে মরিচ নষ্ট হয়েছে। চাহিদা অনুযায়ী বাজারে কাঁচামরিচ আমদানি হচ্ছে না। সে কারণে বাহির থেকে বেশি দামে কাঁচামরিচ কিনে আনতে হচ্ছে।’

বাহাদুর বাজারের সহরাফ আলী নামে এক ব্যবসায়ী বলেন, ‘আমদানি কম তাই দাম বেড়েছে। আমরা বেশি দামে কিনছি তাই বেশি দামে বিক্রি করছি। শুনেছি হিলি স্থলবন্দ দিয়ে কাঁচামরিচ আমদানির জন্য এলসি খোলা হয়েছে। তবে সেই এলসির মচির আগামী শনিবারের আগে স্থলবন্দরে এসে পৌঁছাবে না।’

ফুলবাড়ী উপজেলার মাদিরাহাট গ্রামের কৃষক জনাব আলী বলেন, ‘বৃষ্টির এবং অতিরিক্ত গরমের কারণে মরিচ গাছের পাতা নষ্ট হয়ে গেছে। গাছ মরে যাচ্ছে। ফলে মরিচের উৎপাদন কম হচ্ছে। ১০ কাঠা জমিতে মরিচ লাগিয়েছিলাম। ১৫ দিন পর মাত্র ২০ কেজি মরিচ তুলতে পেরেছি। এতে লোকসান গুনতে হচ্ছে।’

সদর উপজেলার উলিপুর গ্রামের কৃষক জুয়েল ইসলাম বলেন, ৫০ শতক জমিতে এবার মরিচ আবাদ করেছি। খরচ হয়েছে ১ লাখ টাকা। মরিচের গাছ বৃষ্টির কারণে মরে যাচ্ছে। আজ ১ হাজার গাছ থেকে মরিচ তুলেছি মাত্র ৪৪ কেজি। পাইকারি ২১০ টাকা কেজিতে বিক্রি করেছি। মরিচের গাছ নষ্টের কারণে ফলন কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে।

দিনাজপুর কৃষি সম্প্রারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক বলেন, মো. আনিছুজ্জামান বলেন, ‘এ বছর দিনাজপুরে খরিব-১ মৌসুমে মরিচ আবাদ হয়েছে ৬৬৮ হেক্টর জমিতে। উৎপাদন ধরা হয়েছে ১ হাজার ৭৩২ টন। যা এখনও চলমান রয়েছে। এছাড়াও খরিব-২ মৌসুমের মরিচ চাষ শুরু হয়েছে। এ মৌসুমে জেলায় ১০৩ হেক্টর জমিতে মরিচ চাষ হবে।’

এ বিষয়ে দিনাজপুর কৃষি বিপণন সিনিয়র কর্মকর্তা রবিউল হাসান বলেন, ‘লাগাতার বৃষ্টির কারণে মরিচ চাষিদের ক্ষেত নষ্ট হওয়ায় ফলন কম হচ্ছে। ফলে মরিচের দাম দিন দিন বাড়ছে।’

লালপুরে ইয়াবার চালানসহ আটক ১

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে ইয়াবার চালানসহ আটক ১
সংগৃহীত ছবি

নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ৩৫ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মো. হাসান আলী (৩৬) নামে একজনকে আটক করেছে লালপুর থানা পুলিশ। বুধবার (২২ জুলাই) দুপুরে আসামিকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে লালপুর থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (২১ জুলাই) রাত ৯টা ৫ মিনিটের দিকে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোহরকয়া হাটপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করেন। এসময় ওই বাড়ির দক্ষিণ দুয়ারী ঘরের ভেতর থেকে হাসানকে আটক করা হয়। তিনি মোহরকয়া হাটপাড়া গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে।

লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম জানান, অভিযানকালে তার কাছ থেকে ৩৫ (পয়ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩.৫ গ্রাম। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় গোপনে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।’

সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
সিলেটে হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। এতে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। তবে একই সময়ে নতুন করে কোনো হাম রোগী শনাক্ত হয়নি। মারা যাওয়া দুই শিশুই ৫ মাস বয়সী। তারা সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

বুধবার (২২ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন কোনো হাম রোগী শনাক্ত না হলেও হামের উপসর্গ নিয়ে ৭১ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া ২ শিশুর ১ জন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এবং অপরজন হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাসিন্দা। 

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে হাম ও রুবেলায় আক্রান্ত ৫৬৮ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৩ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে হামের উপসর্গে ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে ৪ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জন।

শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

ঝিনাইদহ প্রতিনিধি
শৈলকুপায় ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর
প্রতীকী ছবি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চন্ডিপুর এলাকার মহাসড়কে ট্রাকচাপায় তারিফ উদ্দিন মন্ডল (৭৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (২২ জুলাই) সকালে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের পাশে আশা এনজিও অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মন্ডল চন্ডিপুর গ্রামের মৃত ইন্তাজ মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বুধবার ভোরেও ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দিন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যায় তারিফ মন্ডল। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে থানার ওসি জাহানুর হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো আছে। এই ঘটনায় একটি মামলা হয়েছে।’