মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন,
اِنَّكُمۡ وَ مَا تَعۡبُدُوۡنَ مِنۡ دُوۡنِ اللّٰهِ حَصَبُ جَهَنَّمَ ؕ اَنۡتُمۡ لَهَا وٰرِدُوۡنَ
সরল অনুবাদ :
‘নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের উপাসনা কর, সেগুলো তো জাহান্নামের জ্বালানী। তোমরা সেখানে প্রবেশ করবে।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৯৮)
সংক্ষিপ্ত ব্যাখ্যা :
এই আয়াত মক্কার মুশরিকদের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। যারা লাত, মানাত, উজ্যা ও হুবালের উপাসনা করত। তবে এই সব মূর্তি ছিল পাথরের তৈরী, যা ছিল জড়, অচেতন ও জ্ঞানহীন। সেই কারণে আয়াতে مَا تَعبُدُون’ শব্দ ব্যবহার হয়েছে। আর আরবি ভাষায় ‘ مَا’ শব্দটি জ্ঞানহীনদের জন্যই ব্যবহার হয়। অর্থাৎ বলা হচ্ছে যে, তোমরা ও তোমরা যেসব মূর্তির উপাসনা কর, সকলেই জাহান্নামের ইন্ধন হবে। পাথরের গড়া মূর্তিগুলোর যদিও কোন দোষ নেই; কারণ তারা প্রাণহীন জড়পদার্থ, এমনকি এগুলোর কোনো সাধানণ জ্ঞান বা অনুভূতি কিছুই নেই । তবুও তাদেরও উপাসনাকারিদের সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। শুধু মুশরিকদের এটা বুঝানোর জন্য যে, তোমরা যাদেরকে নিজেদের ভরসাস্থল মনে করতে, তারাও তোমাদের সাথে জাহান্নামের ইন্ধনে পরিণত হয়েছে। (তাফসিরে আহসানুল বায়ান, তাফসিরে জাকারিয়া)
মুশরিকরা পাথরে গড়া যে সব দেব-দেবীর উপাসনা করত তাদেরও জাহান্নামে নিক্ষেপ করা হবে। অবশ্য সেটা তাদের শাস্তি হিসেবে নয়; বরং তাদের মুশরিক পূজারীদের সরাসরি দেখিয়ে দেওয়ার জন্য যে, তারা যাদের ক্ষমতাবান মনে করে পূজা-অর্চনা করত, বাস্তবে তারা কতটা অক্ষম ও অসহায়। (তাফসিরে তাওজিহুল কোরআন, মুফতি তাকি উসমানী)
শিক্ষা ও বিধান
১. আল্লাহ তাআলাই একমাত্র ইবাদতের উপযুক্ত সত্তা। তাঁর সঙ্গে কাউকে শরিক করা বা অন্য কারো উপাসনা করা মহাপাপ।
২. যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর উপাসনা করে, তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা রয়েছে। আর শিরক মানুষের সব নেক আমল ধ্বংস করে দেয়।
৩. কাফের-মুশরিকরা যাদের উপাসনা করে, তারা নিজেদেরই কোনো উপকার বা ক্ষতি করতে পারে না।
৪. মানুষকে এমন সব বিশ্বাস ও কর্মকাণ্ড থেকে দূরে থাকতে হবে, যা তাকে আল্লাহর একত্ববাদ থেকে বিচ্যুত করে।
৫. ইবাদতে একনিষ্ঠতা অপরিহার্য। তাই সব দোয়া, আশা, ভয়, ভালোবাসা ও ইবাদত একমাত্র আল্লাহর জন্য নিবেদিত হওয়া উচিত।
অতএব, আমাদের সকলের উচিত, আল্লাহর একত্ববাদে দৃঢ় থাকা, শিরক ও সকল প্রকার বাতিল থেকে সতর্ক থাকা এবং আখিরাতের জবাবদিহিতার প্রস্তুতি গ্রহণ করা। কেননা যে ব্যক্তি একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তাঁর নির্দেশনা অনুসরণ করবে, সে-ই প্রকৃত মুক্তি ও সফলতা লাভ করবে।




