আমাদের সমাজে একটি বহুল প্রচলিত ধারণা হলো—রাতে গাছ কাটা, গাছের ডাল ভাঙা বা পাতা ছেঁড়া নাকি অশুভ, এতে জিনের ক্ষতি হয়, অমঙ্গল নেমে আসে বা বিপদ ঘটে। কেউ কেউ আবার মনে করেন, ইসলামও নাকি রাতে গাছপালা স্পর্শ করতে নিষেধ করেছে। ফলে অনেক মানুষ শরিয়তের প্রকৃত শিক্ষা না জেনে লোকমুখে প্রচলিত এসব বিশ্বাসকেই ধর্মীয় বিধান মনে করেন। ইসলামে কোনো কাজকে হারাম বা নিষিদ্ধ বলার জন্য কোরআন, সহিহ হাদিস বা শরিয়তের গ্রহণযোগ্য দলিল থাকা আবশ্যক। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা এমন কথা বলো না যে, ‘এটি হালাল এবং এটি হারাম’, নিজেদের মুখের মিথ্যা বর্ণনার ভিত্তিতে আল্লাহর নামে মিথ্যা আরোপ করার জন্য।’ (সুরা : নাহল, আয়াত : ১১৬)
অতএব, কোরআন-হাদিসে নিষেধাজ্ঞা না থাকলে শুধুমাত্র লোকবিশ্বাসের কারণে কোনো কাজকে হারাম বলা বৈধ নয়।
অযথা গাছ ধ্বংস করা ইসলামে নিন্দনীয়
ইসলাম পরিবেশ সংরক্ষণে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। বিনা প্রয়োজনে গাছ কেটে ফেলা বা বৃক্ষ ধ্বংস করা ইসলামের শিক্ষার পরিপন্থী। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি অন্যায়ভাবে একটি বরই (সিদর) গাছ কাটবে, আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৫২৩৯)
হাদিসের ব্যাখ্যায় আলেমগণ বলেছেন, এটি মানুষের উপকারে আসে এমন গাছ অন্যায়ভাবে ধ্বংস করার ব্যাপারে কঠোর সতর্কতা। তাই এ হাদিসের উদ্দেশ্য হলো অন্যায়ভাবে পরিবেশ ও মানুষের উপকারী সম্পদ ধ্বংস করা থেকে বিরত থাকা, রাত বা দিনের সময় নির্ধারণ করা নয়।
গাছ লাগানোকে সওয়াবের কাজ
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলিম যদি একটি গাছ রোপণ করে, এরপর তা থেকে মানুষ, পাখি বা কোনো প্রাণী খায়, তবে তা তার জন্য সদকাহ হিসেবে গণ্য হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২৩২০; সহিহ মুসলিম, হাদিস: ১৫৫২)
রাতে গাছ কাটলে ক্ষতি হয়—এ ধারণার ভিত্তি কী?
অনেকের ধারণা, রাতে গাছ কাটলে জিনের আবাসস্থল নষ্ট হয় বা জিন ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এ দাবির পক্ষে কোরআন বা সহিহ হাদিসে কোনো প্রমাণ নেই। জিনের অস্তিত্ব সত্য, কারণ কোরআনে তা উল্লেখ রয়েছে। কিন্তু পৃথিবীর প্রতিটি গাছে জিন বাস করে বা রাতে গাছ কাটলে জিনের ক্ষতি হয়—এমন বিশ্বাস শরিয়তসম্মত নয়। কোনো বিষয়কে আকিদার অংশ বা ধর্মীয় বিধান হিসেবে মানতে হলে তার নির্ভরযোগ্য দলিল থাকা অপরিহার্য।
যেসব কারণে সাধারণত নিষেধ করা হয়
১. অন্ধকারে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
২. সাপ, বিচ্ছু বা বিষাক্ত প্রাণীর আক্রমণের ঝুঁকি থাকতে পারে।
৩. আলো কম থাকায় গাছের ক্ষতি বা নিজের আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে।
এসব কারণে রাতে গাছ না কাটার পরামর্শ দেওয়া হলে তা নিরাপত্তার স্বার্থে, ধর্মীয় নিষেধাজ্ঞা হিসেবে নয়।
কুসংস্কার থেকে সতর্ক থাকা জরুরি
ইসলাম কুসংস্কার ও অমূলক বিশ্বাস পরিত্যাগ করতে শিক্ষা দেয়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সংক্রামক রোগ (স্বয়ংক্রিয়ভাবে ছড়ায়—এমন স্বাধীন ক্ষমতা), অশুভ লক্ষণ (তিয়ারাহ) ইত্যাদির কোনো বাস্তব প্রভাব নেই (আল্লাহর ইচ্ছার বাইরে)।’ (সহিহ বুখারি, হাদিস: ৫৭৫৭; সহিহ মুসলিম, হাদিস: ২২২০)
অর্থাৎ, অমূলক অশুভ ধারণা বা কুসংস্কারের ওপর বিশ্বাস করা একজন মুসলিমের জন্য সমীচীন নয়।
রাতে গাছ কাটা বা পাতা ছেঁড়া ইসলামে হারাম বা নিষিদ্ধ—এমন কোনো সহিহ দলিল নেই। তাই এটিকে ধর্মীয় বিধান হিসেবে প্রচার করা সঠিক নয়। তবে অযথা গাছ ধ্বংস করা, পরিবেশের ক্ষতি করা বা মানুষের উপকারী বৃক্ষ নষ্ট করা ইসলামে নিন্দনীয়। আবার নিরাপত্তার স্বার্থে রাতে গাছ না কাটার পরামর্শ যুক্তিসংগত হতে পারে, কিন্তু সেটিকে শরিয়তের বিধান বলা যাবে না।




