ঢাকা মহানগরীতে গণপরিবহনের যেমন করুণ দশা, তেমনি করুণ দশা রাস্তার পাশে থাকা যাত্রীছাউনিগুলোরও। প্রায় প্রতিটি যাত্রীছাউনি হয় ময়লা-নোংরা, না হয় হকারদের দখলে। কোনো কোনোটি মাদকাসক্তদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সোজা কথায়, রক্ষণাবেক্ষণের অভাবে ছাউনিগুলো যাত্রীদের ব্যবহারের একেবারে অনুপযোগী হয়ে পড়েছে। বাসচালকরাও ছাউনির কাছে নির্ধারিত স্থানে না দাঁড়িয়ে যত্রতত্র যাত্রী ওঠানামা করান। অথচ কোটি কোটি টাকা ব্যয়ে এসব ছাউনি নির্মাণ করেছিল দুই সিটি করপোরেশন। গতকাল সোমবার কালের কণ্ঠের এক প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে।
খবরে বলা হয়েছে, যাত্রীদের সুবিধার্থে মহানগরজুড়ে ২২৯টি স্থানে যাত্রীছাউনি নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৬৮টি এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (সিএসসিসি) এলাকায় ৬১টি স্থান নির্ধারণ করা হয়। এখন পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১০৪টি। কিন্তু রক্ষণাবেক্ষণের অভাবে এসবের বেশির ভাগই বেদখল হয়ে আছে। সরেজমিনে মোহাম্মদপুর, ধানমণ্ডি, গুলিস্তান, রামপুরা, যাত্রাবাড়ী, দোলাইরপাড়, মহাখালী, বিমানবন্দর সড়ক, কুড়িল, মালিবাগ ও আজিমপুর এলাকায় যাত্রীছাউনির করুণ দশার একই চিত্র পাওয়া গেছে। অনেক যাত্রীছাউনির লোহার রেলিং খুলে নেওয়া হয়েছে, ভেঙে গেছে টেম্পার্ড গ্লাস, বেঞ্চ নেই। কোথাও ফল ও চায়ের দোকান, কোথাও ময়লা-আবর্জনার স্তূপ। বসিলা এলাকায় একটি যাত্রীছাউনি প্রায় দুই বছর ধরে টেম্পোস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে।
যাত্রীছাউনিগুলো দখলমুক্ত রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সিটি করপোরেশনের, কিন্তু তাদের প্রয়োজনীয় উদ্যোগ নেই। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, মাঝেমধ্যে অভিযান পরিচালিত হয়, নিয়মিত হয় না। আবার সিটি করপোরেশন বলছে, নির্দিষ্ট স্থানে বাস থামানোর দায়িত্ব ট্রাফিক পুলিশের। তাদের অভিযোগ, এই কাজটি ঠিকঠাক হচ্ছে না বলে ছাউনিগুলো সচল করা যাচ্ছে না। এ রকম একে অপরকে দোষারোপের নজিরও প্রতিবেদনে উঠে এসেছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘যাত্রীছাউনির উদ্দেশ্য হলো যাত্রীদের রোদ-বৃষ্টি থেকে সুরক্ষা দেওয়া এবং নির্ধারিত স্টপেজ থেকে ওঠানামার ব্যবস্থা করা। কিন্তু রাজধানীর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাস নির্ধারিত স্টপেজে না থামায় পুরো ব্যবস্থাই ভেঙে পড়েছে।’
মাঝেমধ্যেই ঢাকাকে স্মার্ট ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা বলা হয়। আমরা মনে করি, এ জন্য গণপরিবহন ব্যবস্থার মতো প্রাথমিক ও জরুরি সেবার দিকে নজর দিতে হবে। যাত্রীসেবা নিশ্চিত করতে রাজধানীজুড়ে ছাউনিগুলো দখলমুক্ত করা এবং পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একান্ত প্রয়োজন। এ ছাড়া যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

