শিক্ষা দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে অনশনের ২২তম দিনে হাসপাতাল থেকেই নিজের হাতে চিঠি লিখলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকে সোমবার (২০ জুলাই) দিল্লির সংসদ ভবন অভিযানের যে কর্মসূচি রয়েছে, তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন তিনি। এই আন্দোলনকে তিনি ভারতের ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন’ বলে উল্লেখ করেছেন।
শনিবার (১৮ জুলাই) যন্তর মন্তরের বিক্ষোভস্থল থেকে পুলিশ সোনম ওয়াংচুককে তুলে নিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। সেখান থেকেই রবিবার (১৯ জুলাই) স্ত্রী গীতাঞ্জলির হাত দিয়ে নিজের লেখা আট লাইনের একটি চিঠি বাইরে পাঠান তিনি। চিঠিতে সোনম লিখেছেন, ‘২০শে জুলাই, দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। ভয়মুক্ত ভারত, অন্যায়মুক্ত ভারত।’ প্রশ্নপত্র ফাঁসের মতো অবিচার এবং তাকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখার প্রতিবাদ জানিয়ে দেশবাসীর উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘পার্লামেন্টে চলুন। এই কর্মসূচিকে সফল করে তুলুন।’ পরে তার সমাজমাধ্যমেও এই চিঠিটি প্রকাশ করা হয়।
গত ২৮ জুন থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করছেন সোনম। তার স্ত্রী গীতাঞ্জলি জানিয়েছেন, পুলিশ জোর করে হাসপাতালে নিয়ে আসলেও সোনমের অনশন ভাঙানো যায়নি। তিনি কোনো খাবার বা ওষুধ নিচ্ছেন না, কেবল লবণ-পানি পান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ অনশনের কারণে তার শরীর দুর্বল হলেও মানসিক জোর শক্ত রয়েছে।
পরিবারের অভিযোগ, দিল্লি হাইকোর্টের নির্দেশ অমান্য করে সোনমকে বেআইনিভাবে হাসপাতালে আটকে রাখা হয়েছে এবং সেখানে তার কোনো চিকিৎসা হচ্ছে না। অন্যদিকে, যন্তর মন্তরে সোনমের জায়গায় নতুন করে অনশন শুরু করেছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। সোমবারের সংসদ ভবন অভিযানের প্রস্তুতি চললেও দিল্লি পুলিশ এখনও এর অনুমতি দেয়নি।







