কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌরসভার ১৭২নং শ্রীরামদী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৭ জন। অথচ তার বিপরীতে পাঠদানের জন্য শিক্ষক রয়েছেন ৬ জন। আজ রবিবার সকালে সরেজমিন পরিদর্শনে গিয়ে বিদ্যালয়টিতে এমন চিত্র দেখতে পান কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন। এ সময় বিদ্যালয়ের এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
রবিবার (১৯ জুলাই) সকাল ১১টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কক্ষগুলো ঘুরে দেখেন। পঞ্চম শ্রেণির কক্ষে মাত্র ৭ জন শিক্ষার্থীর উপস্থিতি পেলেও তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কক্ষ পুরোটাই ফাঁকা দেখতে পান। এদিন মোট ৬ জন শিক্ষকের মধ্যে ৪ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
এদিকে প্রতিষ্ঠানে কাগজে-কলমে শিক্ষার্থীর সংখ্যা দেখানো হয়েছে ৭১ জন। অপরদিকে নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা দেখানো হয়েছে ৬ জন। এ বিষয়ে প্রশ্ন করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঠিক উত্তর দিতে পারেননি।
পরিদর্শনকালে এমপির সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবেদ হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম।
এ বিষয়ে সংসদ সদস্য জালাল উদ্দীন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিদ্যালয়টির দুরবস্থার খবর পেয়ে আকস্মিক পরিদর্শনে যাই। পরিদর্শনে গিয়ে ছাত্র-শিক্ষকের যে উপস্থিতি দেখতে পেলাম তা অত্যন্ত হতাশাজনক। বিদ্যালয়টিতে ৬ জন শিক্ষকের বিপরীতে মাত্র ৭ জন শিক্ষার্থী উপস্থিত। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখন থেকে নিয়মিত বিদ্যালয়গুলো পরিদর্শন করা হবে এবং অবহেলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’





