ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বৃত্তি ও গবেষণা সহায়তা প্রদানের লক্ষ্যে ২০ লাখ টাকার দুটি নতুন ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ট্রাস্ট ফান্ডের জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়।
নতুন প্রতিষ্ঠিত ট্রাস্ট ফান্ড দুটি হলো—‘ড. মাজিদ বৃত্তি ট্রাস্ট ফান্ড’ এবং ‘রোজি আনোয়ারা মাজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড’। অনুষ্ঠানে ট্রাস্ট ফান্ডের দাতা ড. মোহাম্মদ আব্দুল মজিদ ও আফরোজা চৌধুরী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে দুটি ফান্ডের জন্য মোট ২০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ‘ড. মাজিদ বৃত্তি ট্রাস্ট ফান্ড’ প্রতিষ্ঠায় ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ তহবিলের আয় থেকে প্রতিবছর পদার্থবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী দুই শিক্ষার্থীকে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত অবস্থায় এককালীন ৪০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
অন্যদিকে, ‘রোজি আনোয়ারা মাজিদ ট্রাস্ট অ্যাওয়ার্ড’-এর জন্যও ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ তহবিলের আয় থেকে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগে স্নাতক (সম্মান) পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল দুই শিক্ষার্থীকে এক বছরের জন্য মাসিক ৩ হাজার টাকা হারে গবেষণা বৃত্তি দেওয়া হবে। ফলে প্রত্যেক শিক্ষার্থী বছরে মোট ৩৬ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য দাতাদের ধন্যবাদ জানান উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশে প্রতিষ্ঠিত হয়ে নিজ নিজ বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে এগিয়ে আসছেন, যা অত্যন্ত উৎসাহব্যঞ্জক।
উপাচার্য আরো বলেন, বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর অগ্রযাত্রায় প্রাক্তন শিক্ষার্থীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা, উদ্ভাবন ও শিক্ষার মানোন্নয়নে প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতা আরো জোরদার করা প্রয়োজন। বিশেষ করে গবেষণা অবকাঠামো রক্ষণাবেক্ষণ, আধুনিক যন্ত্রপাতির সংরক্ষণ এবং গবেষণা তহবিল বৃদ্ধিতে তাদের সহযোগিতা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম তালুকদার, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শফিউল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মুনশী শামস উদ্দিন আহম্মদ উপস্থিত ছিলেন।








