• ই-পেপার

বরিশালে জেড আই খান পান্নার মেয়ের ওপর হামলা, গ্রেপ্তার ১

নিখোঁজের ২ দিন পর মেঘনা নদী থেকে স্কুলছাত্র দীপুর মরদেহ উদ্ধার

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নিখোঁজের ২ দিন পর মেঘনা নদী থেকে স্কুলছাত্র দীপুর মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নরসিংদীর রায়পুরায় মামাবাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুদিন পর দীপু সরকার (১৬) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২০ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের দাইরেরপাড় এলাকার হান্নান সরকারের ছেলে। সে  উপজেলার জ্ঞানগৃহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীপু তার মামাবাড়ি উপজেলার হাইরমারা ইউনিয়নের মামুদপুর গ্রামে বেড়াতে এসেছিল। শনিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে তিন জন সমবয়সী কিশোরের সঙ্গে মনিপুরা ঘাটে মেঘনা নদীতে গোসল ও সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদীর প্রবল স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় সে। পরে সঙ্গে থাকা অন্য কিশোররা বিষয়টি স্থানীয়দের জানালে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কিশোরগঞ্জের ভৈরব ফায়ার সার্ভিসের ডুবুরি দল বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও দীপুর সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত ঘোষণা করে তারা ফিরে যায়।

এরপর সোমবার সকালে স্থানীয় জেলেরা মনিপুরা ঘাট সংলগ্ন একটি ইটভাটার পাশে একটি মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি দীপু সরকারের বলে শনাক্ত করেন।

নিহত দীপু সরকারের বাবা হান্নান সরকার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘এভাবে আমাদের ছেড়ে দীপু চলে যাবে, কখনো ভাবিনি। ছেলেকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। কিন্তু একটি দুর্ঘটনায় আজ সব স্বপ্ন শেষ হয়ে গেল।’

রায়পুরা থানার ওসি মজিবুর রহমান জানান, দীপু সরকার নামে ওই শিক্ষার্থী তার মামার বাড়িতে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার দুদিন পর সোমবার সকালে নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পরে মরদেহটি বাড়িতে নিয়ে যান।

কাপ্তাই হ্রদে ভাসছিল বিএনপি নেতার মরদেহ

রাঙামাটি সংবাদদাতা
কাপ্তাই হ্রদে ভাসছিল বিএনপি নেতার মরদেহ
সংগৃহীত ছবি

নিখোঁজের দুই দিন পর রাঙামাটির কাপ্তাই হ্রদ থেকে বিএনপি নেতা মাসুদের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই হ্রদের গর্জনটিলা এলাকায় ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মাসুদ উপজেলার কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও পেশায় একজন ফল ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত শনিবার সকালে বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজারে ব্যবসায়িক কাজ শেষে ওই বিএনপি নেতা ইঞ্জিনচালিত নৌকায় কাপ্তাইয়ে ফেরার পথে গর্জনটিলা এলাকা থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর শনিবার সন্ধ্যা থেকেই বাংলাদেশ নৌবাহিনীর শহীদ মোয়াজ্জম ঘাঁটির লেফটেন্যান্ট কমান্ডার শাহ আব্দুল্লাহ নাছেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে লাশ পাওয়া যায়। এরপর আজ সোমবার মালামালসহ ইঞ্জিনচালিত নৌকাটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
 

চট্টগ্রামে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি বাসা থেকে রিপন ত্রিপুরা (২৪) নামে এক চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

সোমবার (২০ জুলাই) দুপুরে উপজেলার ধলই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাহবুব মাস্টারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রিপন ত্রিপুরা খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার উত্তর গাড়িটানা গ্রামের প্রভা ত্রিপুরার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিপনের বাড়ি মানিকছড়ি উপজেলায় হলেও তিনি ধলই ইউনিয়নের মনিয়াপুকুরপাড় এলাকার একটি চা দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। চাকরির সুবাদে তিনি দীর্ঘদিন ধরে মাহবুব মাস্টারের বাড়িতে হাবিবুর রশিদের ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

প্রতিদিনের মতো রবিবার রাতে কাজ শেষে বাসায় ফেরেন রিপন। সোমবার সকালে বাড়ির মালিক ভাড়া নেওয়ার জন্য তাকে ডাকতে গেলে ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতকারী হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য শফিউল আজম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ছাতক

সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুরমা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত
ছবি : কালের কণ্ঠ

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমবার (২০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, সোমবার (২০ জুলাই) সকাল ৯টার পরিমাপ অনুযায়ী ছাতক পয়েন্টে নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮.৮৬ মিটার, যা নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.১৬ মিটার (১৬ সেন্টিমিটার) বেশি। 

পাউবোর তথ্য অনুযায়ী, রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৬টায় ছাতক পয়েন্টে পানির উচ্চতা ছিল ৮.৬০ মিটার। সোমবার সকাল ৯টায় তা বেড়ে ৮.৮৬ মিটার এবং দুপুর ১২টায় আরো বৃদ্ধি পেয়ে ৮.৯০ মিটারে পৌঁছায়। নির্ধারিত বিপৎসীমা ৮.৭০ মিটার থেকে ০.২০ মিটার (২০ সেন্টিমিটার) বেশি, একই সময়ে ছাতক এলাকায় গত ২৪ ঘণ্টায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি এবং নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।