নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং তা ঘিরে দেশজুড়ে চলমান শিক্ষার্থী আন্দোলনের প্রেক্ষাপটে নতুন ওয়েব সিরিজের ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জি৫। ‘দ্য স্ক্যাম : লিকড’ শিরোনামের এই সিরিজটি পরীক্ষা-ব্যবস্থার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। খবর হিন্দুস্থান টাইমস
প্রায় এক মিনিটের টিজারে দেখা যায়, কঠোর নিরাপত্তার মধ্যে পরীক্ষার প্রশ্নপত্র ছাপানো, গোপনীয়তার সিল লাগিয়ে কার্টনে প্যাক করা এবং পরিবহনের প্রস্তুতি চলছে। কিন্তু গাড়িতে তোলার আগেই একটি প্রশ্নপত্র অসাধু ব্যক্তির হাতে পৌঁছে যায়। তিনি প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁস করে দেন, এরপরই শুরু হয় দেশজুড়ে তীব্র বিতর্ক। এরপর টিজারে সংবাদমাধ্যমের অনুসন্ধান, শিক্ষার্থীদের ক্ষোভ, খালি শ্রেণিকক্ষ এবং শেষদিকে এক শিক্ষার্থীর আত্মহত্যার মর্মান্তিক দৃশ্য দেখানো হয়েছে। পুরো টিজারেই প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে শিক্ষার্থীদের স্বপ্নভঙ্গ ও সামাজিক অস্থিরতার চিত্র তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, নিট প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষা-ব্যবস্থার অনিয়মের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে শুরু হওয়া আন্দোলন এখন জাতীয় আলোচনার কেন্দ্রে। ককরোজ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা পরীক্ষা-ব্যবস্থার সংস্কার, অনিয়মের জবাবদিহি এবং সরকারের সরাসরি পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন।
আন্দোলনে সংহতি জানিয়ে অনশন শুরু করেন শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, যা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর সংসদ অভিমুখে মিছিল ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, লাঠিচার্জ ও আটক করার অভিযোগও ওঠে। সেই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউডের অনেক তারকারা, এ তালিকায় আছেন সাহাবানা আজমি, অনুপম খের নাসিরুদ্দিন শাহ, রাজকুমার রাও, স্বরা ভাস্কর, সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, ঋচা চাড্ডা ও আলি ফজল। এছাড়াও খ্যাতিমান সংগীতশিল্পী অরিজিৎ সিং ও কৌশিকী চক্রবর্তীও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন।






