ষোলোকলা আগেই পূর্ণ করেছেন নাহিদ রানা। তবে টেস্ট ও ওয়ানডে একাদশের নিয়মিত সদস্য হলেও টি-টোয়েন্টিতে থিতু হওয়ার সুযোগ মিলছিল না বাংলাদেশি পেসারের। এবার সংক্ষিপ্ত সংস্করণেও সেই সুযোগ পাচ্ছেন।
নাহিদকে স্কোয়াডে রেখেই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে অভিষেক টি-টোয়েন্টি খেলেছেন ২০২৫ সালের ১৯ মে আরব আমিরাতের বিপক্ষে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকলেও জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে নেই তিনি। না থাকার কারণ ২৩ বছর বয়সী পেসারকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।
অন্যদিকে টি-টোয়েন্টিতে জায়গা ধরে রেখেছেন আব্দুল গাফফার সাকলাইন। নিউজিল্যান্ডের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে প্রথমবার ডাক পেলেও বাংলাদেশের জার্সিতে এখনো মাঠে নামা হয়নি এই পেসারের।
তাওহিদ হৃদয়ের ক্যারিয়ারের ষোলোকলা অবশ্য পূর্ণ হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে জায়গা পেয়েছেন অন্য দুই সংস্করণের নিয়মিত সদস্য। হৃদয়ের সঙ্গে প্রথমবার দীর্ঘ সংস্করণে ডাক পেয়েছেন পেসার রবিউল হক।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড :
লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, তাওহিদ হৃদয় (সহঅধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও আব্দুল গাফফার।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, খালেদ আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয়, অমিত হাসান, রবিউল হক।




