চিকিৎসা নিতে এসে সুস্থ হওয়ার পরিবর্তে লাশ হয়ে বাড়ি ফিরলেন জাহানারা (৬৫) নামের এক বৃদ্ধা। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের (খুমেক) বহির্বিভাগের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, বুকের ব্যথা নিয়ে চিকিৎসা নিতে বহির্বিভাগে আসেন জাহানারা। তিনি নিচতলার কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তৃতীয় তলার ৩০২ নম্বর কক্ষে যাওয়ার সময় সিঁড়ি দিয়ে ওঠার পরপরই তিনি অচেতন হয়ে পড়ে যান।
বহির্বিভাগের চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তাকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে জরুরি বিভাগে পাঠান। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাকে দুপুর ১২টা ৫৫ মিনিটে মৃত ঘোষণা করেন।
নিহত জাহানারা বেগম যশোর জেলার অভয়নগর থানার প্রফেসরপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিক মোল্লার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। প্রায় ৮-১০ দিন আগে তিনি তার ছোট ভাই জাফরের খুলনার সোনাডাঙ্গা এলাকার করিমনগর বাসায় বেড়াতে আসেন। সেখান থেকেই বৃহস্পতিবার দুপুরে খুমেক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে তার মৃত্যু হয়।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।





