• ই-পেপার

হারমানপ্রীতের ‘কঠোর শাস্তি’ চান ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার

আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিশর

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা ম্যাচে ‘পক্ষপাতদুষ্ট’ রেফারিং নিয়ে ফিফার দ্বারস্থ মিশর
ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউটের মঞ্চে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলের মহানাটকীয় হারের ক্ষত এখনো দগদগে। তবে মাঠের সেই হারকে সহজে মেনে নিতে পারছে না মিশর। শেষ ষোলোর সেই রুদ্ধশ্বাস ম্যাচে অন্যায্য এবং চরম পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের শিকার হতে হয়েছে এমনটাই দাবি মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের (ইএফএ)। গত বুধবার এক কড়া বিবৃতিতে ইএফএ সাফ জানিয়ে দিয়েছে, বিশ্বমঞ্চে এমন অবিচারের পর তারা কোনোভাবেই ‘চুপ করে বসে থাকতে পারে না’।

আটলান্টার মঙ্গলবারের সেই ম্যাচে একপর্যায়ে রূপকথা লিখছিল ফারাওদের দেশ। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালের সুবাস পাচ্ছিল আফ্রিকার দলটি। কিন্তু এরপর মাত্র ১৪ মিনিটের ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মিশরের রক্ষণ। অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৩ গোল করে ম্যাচ ছিনিয়ে নেয় আর্জেন্টিনা। এই হৃদয়ভাঙা হারের পরই রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরের ম্যাচ পরিচালনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েন মিশরের হেড কোচ হোসাম হাসান ও দলের ফুটবলাররা।

মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের বিবৃতিতে তীব্র প্রতিবাদ জানিয়ে বলা হয়, ‘মিশর জাতীয় দলের অধিকার ও স্বার্থ রক্ষা এমন কোনো বিষয় নয়, যাকে উপেক্ষা করা যায় বা হালকাভাবে দেখার সুযোগ আছে। এটা এমন এক পবিত্র দায়িত্ব, যা আমরা পূর্ণ বিশ্বাস ও দৃঢ়তার সঙ্গে বহন করছি।’

ম্যাচের গতিপথ পাল্টে দেওয়া আসল বিতর্কটি দানা বাঁধে ৫৮ মিনিটে। তখন মিশরের করা একটি গোল বাতিল করে দেয় ভিএআর। দীর্ঘ রিভিউ শেষে জানানো হয়, গোলের ঠিক আগ মুহূর্তে আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করেছিলেন মিশরীয় মিডফিল্ডার মারওয়ান আত্তিয়া। ইএফএ-এর দাবি, রেফারি ও ভিএআর প্রযুক্তির এমন ভুল ও পক্ষপাতদুষ্ট ব্যবহারের খেসারত দিয়েই টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের।

বিবৃতিতে আরও বলা হয়, ‘ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গুরুতর উদ্বেগ তৈরি করেছে। মাঠের সেই প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো ম্যাচের গতিপথ সরাসরি বদলে দিয়েছে, যা ফুটবলের নিরপেক্ষতা নিয়েই বড় ধরনের প্রশ্ন তোলে।’

অথচ ম্যাচের ১৫ মিনিটে ইয়াসের ইব্রাহিম ও ৬৭ মিনিটে মোস্তফা জিকোর গোলে অভাবনীয় জয়ের স্বপ্ন দেখছিল মিশর। কিন্তু ৭৯ মিনিটে ক্রিস্টিয়ান রোমেরো এবং ৮৩ মিনিটে কাপ্তান লিওনেল মেসির গোলে সমতায় ফেরে আলবিসেলেস্তেরা। এরপর যোগ করা সময়ে (৯০+২ মিনিট) এনজো ফার্নান্দেজের করা গোলে উল্লাসে মাতে বিশ্বচ্যাম্পিয়নরা।

এনজোর সেই জয়সূচক গোলের পরই মাঠের ডাগআউটে দুই হাত আড়াআড়ি করে ইংরেজি ‘এক্স’ চিহ্নের মতো বানিয়ে প্রতিবাদ জানান মিশরের কোচ হোসাম হাসান। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মেসি ও আর্জেন্টিনার প্রতি রেফারির প্রকাশ্য পক্ষপাতের অভিযোগ তুলে তিনি ক্ষোভ উগরে দেন, ‘হয়তো তারা চেয়েছিল বিশ্বচ্যাম্পিয়নরা টুর্নামেন্টে টিকে থাকুক। হয়তো তারা চেয়েছিল মেসি যেন প্রতিযোগিতা থেকে ছিটকে না যান!’

ইএফএ তাদের বিবৃতিতে জানিয়েছে, শুধু তারাই নয়, বিশ্বের বেশ কয়েকজন নামী ফুটবল বিশেষজ্ঞ ও বিশ্লেষকও মিশরের এই দাবির পাশে দাঁড়িয়েছেন। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে ম্যাচ পরিচালনায় সততা, নিয়মানুবর্তিতা ও স্বচ্ছতা বজায় রাখার জোর দাবি জানিয়েছেন তারা।

সবশেষে কোটি মিশরীয়র বুকভাঙা কান্নার প্রতিধ্বনি ফুটিয়ে তুলে বিবৃতিতে বলা হয়, ‘মিশরের জার্সি পরা প্রতিটি খেলোয়াড় এবং দলের পেছনে থাকা কোটি সমর্থক মাঠে ন্যায্য বিচার, সম্মান এবং খেলার নিয়মের সমান প্রয়োগ পাওয়ার অধিকার রাখেন।’ 
 

ফোনালাপের পর মেসির কাছ থেকে উপহার পাচ্ছেন ক্লোসা

ক্রীড়া ডেস্ক
ফোনালাপের পর মেসির কাছ থেকে উপহার পাচ্ছেন ক্লোসা
ফাইল ছবি : রয়টার্স

রেকর্ড তো গড়াই হয় ভেঙে চুরমার করার জন্য। কিন্তু সেই কীর্তি যখন নিজের ঘরছাড়া হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী কোনো দেশের মহাতারকার পকেটে ঢোকে, তখন কিছুটা মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তবে ফুটবল দুনিয়ার ‘ভদ্রলোক’ খ্যাত মিরোস্লাভ ক্লোসা যেন অন্য ধাতুতে গড়া। চলমান বিশ্বকাপেই জার্মানির এই কিংবদন্তি স্ট্রাইকারের ১৬ গোলের মহাকীর্তি টপকে গেছেন লিওনেল মেসি। এলএমটেনের নামের পাশে এখন জ্বলজ্বল করছে ২১টি বিশ্বকাপ গোল।

রেকর্ড হারিয়েও বিন্দুমাত্র আফসোস নেই ক্লোসার। উল্টো মেতেছেন আর্জেন্টাইন জাদুকরের বন্দনায়। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় ক্লোসা বলেন, ‘মেসি অবিশ্বাস্য এক বিস্ময়কর প্রতিভা!’ শুধু প্রশংসাই নয়, রেকর্ড ভাঙার পর নাকি খোদ খুদে জাদুকরের সঙ্গে দীর্ঘ ফোনালাপও হয়েছে তার।

জার্মান গোলমেশিনের সঙ্গে আর্জেন্টাইন অধিনায়কের এই যোগাযোগের সেতু বন্ধনটি তৈরি করে দিয়েছেন অন্য কেউ নন খোদ আলবিসেলেস্তেদের মাস্টারমাইন্ড লিওনেল স্কালোনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে স্কালোনির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছিলেন ক্লোসা। মাঠের সেই বন্ধুত্ব আজও অমলিন। আর সেই সুবাদেই মেসির সঙ্গে ভার্চুয়াল সাক্ষাৎ ক্লোসার।

পুরো ঘটনার বর্ণনা দিয়ে ক্লোসা বলেন, ‘স্কালোনি আমার সাবেক সতীর্থ। আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়। মেসি যখন বিশ্বকাপে আমার গোলসংখ্যা স্পর্শ করল, তখন স্কালোনিই আমাদের মধ্যে এই ফোনালাপের ব্যবস্থা করে দেয়। সত্যি বলতে, ওটা ভীষণ আবেগঘন একটা মুহূর্ত ছিল।’

গল্পের শেষ এখানেই নয়। প্রথমবার মন খুলে কথা বলার পাশাপাশি ক্লোসাকে নাকি একটি বিশেষ উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। হাসিমুখে ক্লোসা জানান, ‘মেসি আমাকে বলেছে, সে নিজের সই করা একটি জার্সি উপহার হিসেবে আমার কাছে পাঠাবে।’

২০১৪ সালে ব্রাজিলের মাটিতে জার্মানির হয়ে যখন বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন ক্লোসা, ফাইনালে তার প্রতিপক্ষ ছিলেন এই মেসিই। এ ছাড়া ক্যারিয়ারে বহুবার মুখোমুখি লড়াইয়ে নেমেছেন দুজন। বর্তমানে জার্মানির দ্বিতীয় বিভাগের ক্লাব এফসি নুরেমবার্গের ডাগআউট সামলানো ক্লোসা অকপটে স্বীকার করলেন, মাঠের বাইরে মেসির সঙ্গে এমন আলাপ এবারই প্রথম, ‘মেসির সঙ্গে মাঝেমধ্যে দেখা হয়েছে, যা সব সময়ই খুব আনন্দদায়ক ও সৌহার্দ্যপূর্ণ ছিল। কিন্তু ফুটবলের বাইরে এবারই প্রথম আমরা এতটা দীর্ঘ সময় ধরে কথা বললাম।’

অবশ্য মেসির প্রতি ক্লোসার এই মুগ্ধতা নতুন কিছু নয়। চলমান আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নিজের ১৮তম গোলটি করে যখন ক্লোসাকে ছাড়িয়ে যান মেসি, তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢালি উপুড় করে দিয়েছিলেন জার্মানির সাবেক এই গোলমেশিন। মেসিকে কুর্নিশ জানিয়ে তখন বলেছিলেন, ‘আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার। অভিনন্দন, চ্যাম্পিয়ন!’ 

মেক্সিকোর ডাগআউটে নতুন কোচ

ক্রীড়া ডেস্ক
মেক্সিকোর ডাগআউটে নতুন কোচ
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে ইংল্যান্ডের কাছে ৩-২ গোলের শ্বাসরুদ্ধকর হারে স্তব্ধ হয়েছিল মেক্সিকো। ঘরের মাঠে এমন বিদায়ের পর আর দায়িত্বে থাকেননি মেক্সিকান কোচ হাভিয়ের আগুয়েরে। তার আকস্মিক পদত্যাগের পর শূন্য হওয়া ডাগআউটের ব্যাটন এবার তুলে দেওয়া হলো দেশটির ইতিহাসের অন্যতম সেরা ফুটবল কিংবদন্তির হাতে। মেক্সিকোর নতুন কোচের চেয়ারে বসছেন কিংবদন্তি ডিফেন্ডার রাফায়েল মার্কুইজ।

ফুটবল দুনিয়ায় ‘এল কাইজার’ নামে সমধিক পরিচিত ৪৭ বছর বয়সী মার্কুইজকে মেক্সিকোর ইতিহাসের সর্বকালের সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচনা করেন অনেকে। এবার জাতীয় দলের ক্রান্তিকালে সেই চেনা কাপ্তানের কাঁধেই গুরুদায়িত্ব সঁপে দিল মেক্সিকান ফুটবল ফেডারেশন।

খেলোয়াড়ি জীবনে বার্সেলোনার সোনালী অধ্যায়ের অন্যতম সারথী ছিলেন মার্কুইজ। কাতালান ক্লাবটির জার্সিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও লা লিগাসহ জিতেছেন অসংখ্য ট্রফি। 

রেফারি বিতর্কে ফ্রান্স কোচের বিস্ফোরক মন্তব্য

ক্রীড়া ডেস্ক
রেফারি বিতর্কে ফ্রান্স কোচের বিস্ফোরক মন্তব্য
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ার পর থেকেই রেফারিং আর ভিএআর বিতর্ক যেন পিছু ছাড়ছে না। গতকালের আর্জেন্টিনা-মিসর ম্যাচের পর সেই আগুনে ঘি পড়েছে আরো। খোদ সাবেক তারকা রেফারিরাই দুই ভাগে বিভক্ত হয়ে মেতেছেন পক্ষে-বিপক্ষে তর্কে। এমন এক উত্তপ্ত আবহে কোয়ার্টার ফাইনালের মহারণের আগে সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই কাঠগড়ায় দাঁড়াতে হলো সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের হেড মাস্টার দিদিয়ের দেশমকে। 

তবে মাঠের মতো মাঠের বাইরেও ঠাণ্ডা মাথার চাণক্য দেশম। চলমান বিশ্বকাপের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিয়ে ফরাসি সেনাপতি দেখালেন চেনা পরিপক্বতা। কোনো রকম চাঞ্চল্যকর মন্তব্য না করে সটান জানালেন, ‘রেফারিদের প্রতি আমার শতভাগ সম্মান রয়েছে।’

বিতর্কের মেঘ অবশ্য এখানেই কাটেনি। এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার আর্জেন্টিনা। কাকতালীয়ভাবে ফ্রান্স-মরক্কো ম্যাচের রেফারি, সহকারী রেফারি থেকে শুরু করে পুরো অফিশিয়াল সেটআপই আর্জেন্টিনার। বিষয়টি নিয়ে জলঘোলা হতেই সংবাদ সম্মেলনে ধেয়ে যায় প্রশ্ন। দেশম অবশ্য বাঁকা প্রশ্নে দিলেন সোজা উত্তর, ‘আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।’

কাতার বিশ্বকাপের সেই সেমিফাইনালের স্মৃতি এখনো টাটকা। সেবার মরক্কোকে কাঁদিয়ে ফাইনালে উঠেছিল ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে ফরাসিদের হারিয়ে সেই ক্ষতে প্রলেপ দেওয়ার সুযোগ মরক্কোর সামনে। ফুটবল পাড়ায় ‘প্রতিশোধের’ সুবাস পাওয়া গেলেও দেশম হাঁটলেন উল্টো পথে। তার সাফ কথা, ‘ফুটবলে প্রতিশোধ বলে কিছু নেই। ম্যাচের দিন যারা মাঠে সেরাটা দেবে, তারাই জিতবে।’

গত বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কো এবারও ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। তাই হাকিমি-জিয়েচদের নিয়ে বেশ সতর্ক ফরাসি মাস্টারমাইন্ড, ‘ওরা দারুণ ফুটবল খেলছে। ওদের হারাতে হলে আমাদের নিজেদের চেনা ছন্দের চেয়েও ভালো খেলতে হবে।’

কিলিয়ান এমবাপ্পে, ওলিসে, ব্র্যাডলি বারকোলা আর উসমান দেম্বেলেকে নিয়ে গড়া ফরাসি আক্রমণভাগ যেকোনো রক্ষণভাগের জন্যই আতঙ্কের নাম। এবারের আসরে গোলের বন্যা বইয়ে দিয়ে শীর্ষেই আছে ফ্রান্স। তবুও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন দেশম। হুঙ্কার ছেড়ে মনে করিয়ে দিলেন, ‘মরক্কো কিন্তু প্যারাগুয়ে নয়। নেদারল্যান্ডসকে বিদায় করেই ওরা এই শেষ আটে এসেছে।’

খেলোয়াড় হিসেবে ১৯৯৮ আর কোচ হিসেবে ২০১৮ দুইবারই ফ্রান্সকে সোনার ট্রফি এনে দিয়েছেন দেশম। ২০২২ সালেও দলকে তুলেছিলেন ফাইনালে। এই বিশ্বকাপের পরই ফরাসি ডাগআউটকে বিদায় জানাবেন তিনি। 

নিজের শেষ ম্যাচ নিয়ে প্রশ্ন উঠতেই স্মিত হেসে দেশমের জবাব, ‘আমি এই মুহূর্তে কেবল মরক্কো ম্যাচ নিয়েই ভাবছি। আগামীকালই আমার শেষ দিন কি না, তা নিয়ে ভাবার সময় এখন নয়।’ 

হারমানপ্রীতের ‘কঠোর শাস্তি’ চান ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার | কালের কণ্ঠ