নেত্রকোনার বারহাট্টা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে সেলাই প্রশিক্ষণকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। এতে ২০ জন বিধবা, অসচ্ছল, দরিদ্র নারী ও শিক্ষার্থী অংশ নেন। সেলাই প্রশিক্ষণ কার্যক্রম তিন মাসব্যাপী চলবে। দক্ষ প্রশিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতেমা আক্তার।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে বারহাট্টা সদরের বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রশিক্ষণার্থী ও বসুন্ধরা শুভসংঘের সদস্যদের অংশগ্রহণে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় বসুন্ধরা শুভসংঘের সভাপতি আজিজুল হক ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান হীরার সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা ও বারহাট্টা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল, উপদেষ্টা ও বারহাট্টা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের আকন্দ টিটু, উপজেলা শুভসংঘের সহ-সভাপতি সাংবাদিক লতিবুর রহমান, কোষাধ্যক্ষ সাংবাদিক রিপন গুণসহ প্রমুখ।
প্রশিক্ষণে অংশ নেওয়া এক অসচ্ছল নারী জানান, পঙ্গু স্বামীসহ সন্তান নিয়ে খুব কষ্টে জীবনযাপন করতে করছি। বসুন্ধরা শুভসংঘের মাধ্যমে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলে কাজ করে সংসারের খরচ চালাতে পারব।
তিনি বলেন, তার জীবন অনেক কষ্টে চলছে, তবে এই সুযোগ পেয়ে তিনি নিজেকে সচ্ছলতার পথে এগিয়ে নিতে পারবেন।
প্রেসক্লাব সভাপতি শামসুদ্দিন আহমেদ বাবুল প্রশিক্ষণ উদ্বোধন করে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। এই প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র নারী ও শিক্ষার্থীদের সচ্ছলতায় ফিরিয়ে আনতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপদেষ্টা ফেরদৌস আহমদ বাবুল বলেন, বসুন্ধরা শুভসংঘ উদ্যোক্তা গড়ে তুলতে, অসচ্ছল নারীদের সচ্ছলতায় আনতে এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনার খরচ জোগাতে কাজ করে যাচ্ছে। সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান কার্যক্রম এ ক্ষেত্রে একটি বড় সহায়ক।
উপদেষ্টা আবুল খায়ের আকন্দ টিটু বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অসহায় ও অসচ্ছল নারীরা উদ্যোক্তা তৈরি হবে। বসুন্ধরা শুভসংঘ সব সময় মানুষের কল্যাণে কাজ করে আসছে।
বসুন্ধরা শুভসংঘের সভাপতি আজিজুল হক ফারুক বলেন, ‘শুভ কাজে সবার পাশে' - বসুন্ধরা শুভসংঘের এই স্লোগানই বলে দেয় সমাজের মানুষের জন্য সংগঠন কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।










