• ই-পেপার

এআই যুদ্ধের সূচনা, কতটা সফল হবে ডিপসিক?

রাজধানীর আকাশে এক সারিতে ৪ গ্রহ

অনলাইন ডেস্ক
রাজধানীর আকাশে এক সারিতে ৪ গ্রহ
সংগৃহীত ছবি

এ বছর পৃথিবীর আকাশে একসঙ্গে চার গ্রহ দেখার ঘটনা ঘটেছে। গ্রহগুলো হচ্ছে- শুক্র, শনি, মঙ্গল আর বৃহস্পতি। এর আগ্রহীদের এটি দেখার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন।

সন্ধ্যার আকাশে দেখা দিচ্ছে সন্ধ্যা তারা। এর মূল নাম শুক্র গ্রহ। সূর্যের আলো মিলিয়ে যাওয়ার মুহূর্তেই আকাশের পশ্চিম দিগন্তের উপরে শুক্র গ্রহকে দেখতে পাওয়া যায়। তারপর ক্রমে দেখা দেয় বৃহস্পতি। বৃহস্পতির অবস্থান থাকে আমাদের মাথার ওপরেই। আর শনি গ্রহ দৃশ্যমান হয়, শুক্র গ্রহের সামান্য নিচে। আর মঙ্গল গ্রহের দেখা মেলে আরো কিছু পরে আকাশের পূর্ব-উত্তর প্রান্তে।

পৃথিবীর অবস্থানের কারণে আমরা এই গ্রহগুলোকে আকাশের বুকে সারিবদ্ধভাবে অবস্থান করছে বলে দেখি। এই আপাত দৃশ্যমানতার কারণে জ্যোতির্বিজ্ঞানীরা মজা করে এর নাম দিয়েছেন, ‘প্ল্যানেট প্যারেড’। বলতে গেলে, আগামী ফেব্রুয়ারির প্রায় পুরোটা সময়জুড়েই তাদের দেখা মিলবে।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার কলাবাগানে এই ‘প্ল্যানেট প্যারেড’র আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে যা চলে রাত ১০টা পর্যন্ত। এর সার্বিক সহযোগিতা করে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর।

এ আয়োজক সংস্থার সভাপতি মশহুরুল আমিন বলেন, ‘আকাশের খুবই সাধারণ ঘটনা এটি। সূর্যকে যেহেতু প্রতিটি গ্রহই আবর্তন করে, তাই এরা নিয়মিতই কক্ষপথের কোথাও না কোথাও সারিবদ্ধ হয়।’

শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে কেন?

অনলাইন ডেস্ক
শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ কম থাকে কেন?
ছবি : কালের কণ্ঠ

শীতকালে বাতাসের আর্দ্রতা অনেক কম থাকে। আর এ কারণে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ফেটে যায়। বাতাসের এই আর্দ্রতা নির্ভর করে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে তার ওপর। বাতাস কতটুকু ভেজা বা শুষ্ক তা বোঝা যায় আর্দ্রতার পরিমাপ দিয়ে।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে আর্দ্রতাও বেশি হয়, কম হলে আর্দ্রতাও কম হয়। অনেকে ভেবে থাকেন, বাতাস নিজেই বুঝি জলীয় বাষ্প রাখতে চায় না। কিংবা ঠাণ্ডা বাতাস কম আর গরম বাতাস বেশি জলীয় বাষ্প ধারণ করে। আসলে বিষয়টি এমন নয়।

আর্দ্রতা ধরে রাখার ক্ষেত্রে বাতাসের খুব একটা ভূমিকা নেই। বাতাস হলো গ্যাসের মিশ্রণ। নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড বা জলীয় বাষ্পসহ বিভিন্ন যৌগের অণুগুলো এতে মুক্তভাবে ভেসে বেড়ায়। ভূ-পৃষ্ঠের কাছাকাছি স্থানে এসব গ্যাসীয় অণু ঘণ্টায় প্রায় ১ হাজার মাইল বেগে ছুটতে থাকে।

আরো পড়ুন
ঠাণ্ডা পানি ব্যবহারে হাত খসখসে, ঘরোয়া উপায়েই সমাধান

ঠাণ্ডা পানি ব্যবহারে হাত খসখসে, ঘরোয়া উপায়েই সমাধান

 

আর বাতাসে জলীয় বাষ্প ধারণ করার একটা নির্দিষ্ট সীমা থাকে। একে বাতাসের সম্পৃক্ত অবস্থা বলে। বাতাস সম্পৃক্ত অবস্থায় পৌঁছে গেলে আর জলীয় বাষ্প শোষণ করতে পারে না। বাতাসের আর্দ্রতা সম্পৃক্ত অবস্থার খুব কাছাকাছি হলে অন্যবস্তু থেকে জলীয় বাষ্প শুষে নেওয়ার ক্ষমতা কমে যায়। অর্থাৎ বাতাস বেশি ভেজা হলে তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা কম হয়। অন্যদিকে বাতাসের আর্দ্রতা যত কম হয় তার জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতা তত বেশি হয়।

শীতকালে বাতাসের আর্দ্রতা গরমকালের তুলনায় অনেক কম। এ কারণে শীতের বাতাস বেশি শুষ্ক। তাই শীতের বাতাসের জলীয় বাষ্প শোষণ করার ক্ষমতাও অনেক বেশি। ফলে ভেজা কাপড় বা যেকোনো ভেজা বস্তু থেকে শীতের বাতাস খুব সহজেই পানি শোষণ করে নিতে পারে। এ কারণে শীতকালে কাপড় তাড়াতাড়ি শুকায়।

আরো পড়ুন
শীতে ত্বকের জন্য তেঁতুল, যেভাবে ব্যবহার করবেন

শীতে ত্বকের জন্য তেঁতুল, যেভাবে ব্যবহার করবেন

 

বাতাসে কোনো একটি উপাদানের হ্রাস পাওয়া বা বেড়ে যাওয়া নির্ভর করে ওই উপাদান কতটা তৈরি হচ্ছে আর কতটুকু বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে, তার ওপর। জলীয় বাষ্প বা আর্দ্রতার বিষয়টিও সেরকম। আর এর কারণ হচ্ছে তাপমাত্রা।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কেমন হবে, তা মূলত তাপমাত্রার ওপর নির্ভর করে। তাপমাত্রা বেশি থাকলে বাতাসে গ্যাসীয় অণুগুলোর বেগ অনেক বেশি হয়। এই বেগের বিষয়টা হিসাব করা যায় একটা কঠিন নামের সূত্র থেকে। এর নাম ‘মূল গড় বর্গ বেগ’ বা ‘রুট মিন স্কয়ার ভেলোসিটি’।

আরো পড়ুন
শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে কাঁচা দুধ

শীতে ত্বকের উজ্জ্বলতা বাড়াবে কাঁচা দুধ

 

এই গ্যাসীয় অণুগুলোর উচ্চ গতির কারণে জলীয় বাষ্পের অণুগুলো বাষ্পীভবনের মাধ্যমে সহজেই তরল থেকে গ্যাসে রূপান্তরিত হয়। শীতকালে তাপমাত্রা কমে গেলে এই গতিশীলতা অনেক হ্রাস পায়। জলীয় বাষ্পের অণুগুলো ধীরে চলতে শুরু করে। ফলে বাষ্পীভবনের হার কমে যায়, বেড়ে যায় ঘনীভবনের হার। এর ফলস্বরূপ বাতাসে জলীয় বাষ্পের অণুগুলোর সংখ্যা কমে আসে।

বাষ্পীভবন প্রক্রিয়ায় তরল বাষ্পে রূপ নেয়, আর ঘনীভবন প্রক্রিয়ায় বাষ্প তরলে রূপান্তরিত হয়। বাতাসের তাপমাত্রা স্থির থাকলে পানি বা যেকোনো তরলের বাষ্পীভবন ও ঘনীভবন প্রক্রিয়া একটি ভারসাম্য বজায় রাখে। যতটি অণু বাষ্পীভূত হয়, ততটিই ঘনীভূত হয়ে আবার তরলে পরিণত হয়। তবে শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় এই ভারসাম্য ভেঙে পড়ে। কারণটা আগেই বলেছি। ঠাণ্ডা বাতাসে জলীয় বাষ্পের অণুগুলো ধীরে চলার ফলে ঘনীভবনের হার বেড়ে যায়। তাই জলীয় বাষ্প বেশি তরলে পরিণত হয় বা ঘন হয়ে আসে।

আরো পড়ুন
এইচএমপিভি থেকে বাঁচবেন যেভাবে

এইচএমপিভি থেকে বাঁচবেন যেভাবে

 

একই কারণে বাষ্পীভবনের হার কমে যায়। ফলাফল হিসেবে শীতকালে বাতাসের জলীয় বাষ্প কমে যায় এবং শিশির, কুয়াশা বা তুষার তৈরি হয়। যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, তাই বলা হয় বাতাসের আর্দ্রতা কমে গিয়েছে। শীতকালে এই আর্দ্রতা কম থাকার কারণেই বাতাসে মেঘ বা বৃষ্টির জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পও কম পাওয়া যায়। ফলে শীতকাল অপেক্ষাকৃত শুষ্ক থাকে। সে কারণেই শীতকালে বৃষ্টিপাত তেমন একটা হয় না।

সূত্র : ইন্টারনেট

কীর্তির ডিজিটাল সৃষ্টিতে মুগ্ধ দর্শনার্থীরা

বিজ্ঞান ও প্রযুক্তি
কীর্তির ডিজিটাল সৃষ্টিতে মুগ্ধ দর্শনার্থীরা
ভিআর হেডসেটের মাধ্যমে কনটেন্ট দেখছেন একজন দর্শক। ছবি : সংগৃহীত

ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করছে বাংলাদেশি প্রতিষ্ঠান কীর্তি ক্রিয়েশনস। তাদের তৈরি ভার্চুয়াল আর্ট গ্যালারি, ৩৬০ ডিগ্রি ভার্চুয়াল ট্যুর এবং অগমেন্টেড রিয়ালিটি প্রদর্শনী দেখে রীতিমতো মুগ্ধ দর্শনার্থীরা। কীর্তি ক্রিয়েশনসের বিভিন্ন কর্মকাণ্ডের খবর জানাচ্ছেন এস এম তাহমিদ।

গুগলের তৈরি ‘আর্ট অ্যান্ড কালচার’ প্রজেক্টের মাধ্যমে সারা বিশ্বের বিখ্যাত সব জাদুঘর ঘুরে দেখা যায় ফোন বা পিসি থেকেই। ভিআর হেডসেট থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করলে ওয়েবসাইটের পাতায় পাওয়া যাবে কিছু শিল্পকর্মের ছবি। এগুলো শুধু ছবি নয়, বরং ব্যবহারকারীর মনে হবে যেন নিজেই গ্যালারি ঘুরে দেখছেন। তেমনই আরেকটি প্রজেক্টের নাম সাইআর্ক, বিখ্যাত বিভিন্ন পুরাকীর্তির ভার্চুয়াল ট্যুর তৈরি করেছে তারা। বাংলাদেশের শিল্পীদের শিল্পকর্ম এবং পুরাকীর্তি ঠিক এভাবেই সংরক্ষণ ও তুলে ধরার কাজ করছে কীর্তি ক্রিয়েশনস।

শুরুর কথা

যাত্রা শুরু ২০২৩ সালে। কীর্তি ক্রিয়েশনসের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্থনি রোজারিও, সৌরভ হাসান, আশিক এ এলাহী অনি, ধীমান সাহা এবং ওমর শরিফ—পাঁচজন মিলে শুরু করেন থ্রিডি স্ক্যানিং, এআর-ভিআর কনটেন্ট তৈরি এবং প্রডাক্ট ভিজুয়ালাইজেশনের কাজ। শশীলজের ভেনাস ভাস্কর্যের থ্রিডি মডেল তৈরি করে প্রথম লাইমলাইটে আসেন তাঁরা। বর্তমানে থ্রিডি স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে কীর্তি ক্রিয়েশনস। পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য থ্রিডি মডেল, ভার্চুয়াল ট্যুর এবং প্রডাক্ট ভিজুয়ালাইজেশনের মতো কাজও করছে তাঁরা।

আরো পড়ুন
সড়ক দুর্ঘটনার শিকার শাওন

সড়ক দুর্ঘটনার শিকার শাওন

 

যেভাবে তৈরি হয় থ্রিডি স্ক্যান ও ভার্চুয়াল ট্যুর

ভাস্কর্য থেকে পুরাকীর্তি—থ্রিডি স্ক্যানের মাধ্যমে সব কিছুরই ভার্চুয়াল কপি তৈরি করা সম্ভব। তার জন্য আছে বেশ কিছু হার্ডওয়্যার। কী ধরনের প্রযুক্তি ব্যবহৃত হবে তা নির্ভর করে কোন বস্তুটি স্ক্যান করে ডিজিটাইজ করা হবে। টমোগ্রাফি স্ক্যানিং, স্ট্রাকচারড লাইট থ্রিডি স্ক্যানিং, লাইডার অথবা টাইম অব ফ্লাইট প্রযুক্তি কাজে লাগিয়ে তৈরি করা হয় থ্রিডি মডেল, যা পরে ব্লেন্ডার অথবা অটোডেস্ক মায়ার মতো সফটওয়্যারের মাধ্যমে পরিমার্জন করা হয়। এসব থ্রিডি মডেল ব্যবহৃত হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স তৈরিতে। পাশাপাশি মডেলগুলোকে পরে অন্যান্য কাজেও ব্যবহার করা যায়। অনেক নির্মাতা তাঁদের তৈরি বিভিন্ন পণ্যের অনলাইন শোকেস তৈরির দিকে ঝুঁকছেন।

ই-কমার্স প্ল্যাটফরমে ক্রেতাদের ৩৬০ ডিগ্রিতে পণ্য দেখানোর প্রতি তাদের আগ্রহ বাড়ছে। এ কাজটি সবচেয়ে সহজ উপায়ে করছে কীর্তি ক্রিয়েশনস। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ক্যামেরায় ছবি তুলে, সেগুলো সম্পাদনা সফটওয়্যারে বসিয়ে স্টিচ করে তৈরি করা হয় প্রাথমিক মডেলটি। ছবি থেকে থ্রিডি মডেল তৈরির জন্য স্ট্রাকচারড লাইট ব্যবহার অত্যন্ত জরুরি। আর স্ক্যানের জন্য ছবি তোলা হয় পুরো ৩৬০ ডিগ্রি দৃষ্টিকোণ থেকে সমান দূরত্বে ক্যামেরা রেখে।

ভার্চুয়াল ট্যুরের জন্য ব্যবহৃত হয় ৩৬০ ডিগ্রি চিত্রধারণ প্রযুক্তি। বিশেষায়িত ৩৬০ ক্যামেরা ব্যবহার করেও কাজটি করা সম্ভব। তবে মানসম্মত ট্যুর তৈরির জন্য প্রয়োজন উচ্চমানের স্ক্যান, যা এখনো ৩৬০ ক্যামেরায় পাওয়া যায় না। ফলে একাধিক শক্তিশালী ক্যামেরা একটি রিগের মধ্যে বসিয়ে, প্রতিটি ক্যামেরায় আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে ছবি তোলা হয়। একই কায়দায় ৩৬০ ট্যুরের জন্য চিত্র গ্রহণ করেছে কীর্তি ক্রিয়েশনস। পরে সেসব ছবি সম্পাদনা সফটওয়্যারের মাধ্যমে স্টিচিং করে তৈরি করা হয় ৩৬০ ভিউ। ওয়েব ব্রাউজার ও ভিআর হেডসেট—দুটি ডিভাইসের মাধ্যমেই সেটি নেড়েচেড়ে দেখতে পারেন দর্শক। অনেকটা গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারের মতোই।

অগমেন্টেড ও মিক্সড রিয়ালিটি

থ্রিডি মডেলিং ও ৩৬০ ডিগ্রি ট্যুরের পাশাপাশি ভিআর এক্সপেরিয়েন্স এবং মিক্সড বা অগমেন্টেড রিয়ালিটি নিয়েও কাজ করছে কীর্তি ক্রিয়েশনস। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ শেষ হচ্ছে (৮—১৯ জানুয়ারি) জুলাই অভ্যুত্থানের শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী—পোস্টারে জুলাই অভ্যুত্থান। সেটির এআর ও ভিআর ইন্টারঅ্যাকটিভ অংশটি তৈরি করেছে কীর্তি ক্রিয়েশনস। প্রদর্শনীতে থাকা প্রতিটি পোস্টার ও চিত্রকর্মের পাশে ছোট স্টিকারে আছে কিউআর কোড। ছোট একটি অ্যাপ ডাউনলোড করার পর কোডটি স্ক্যান করে দর্শনার্থীরা নিজের ফোন থেকেই মিক্সড রিয়ালিটিতে প্রদর্শনীটি দেখার সুযোগ পাচ্ছেন। ক্যামেরার মাধ্যমে অ্যাপটি চারপাশের দৃশ্য ধারণ করে, এর মধ্যে থাকা প্রতিটি পোস্টারের পাশে তার পেছনের ঘটনাবলি, সম্পর্কিত সংবাদ, ভিডিও রিপোর্ট এবং সোশ্যাল মিডিয়া পোস্ট তুলে ধরছে। ভবিষ্যতে অন্যান্য  প্রদর্শনীতেও এরূপ মিক্সড রিয়ালিটি এক্সপেরিয়েন্স যোগ করে দর্শনার্থীদের শিল্পকর্মের বিস্তারিত জানানো যাবে। এতে শিল্পকর্মের তাৎপর্য সহজেই বুঝতে পারবেন দর্শনার্থীরা।

আরো পড়ুন
জীবন একটাই, এটাকে হেলাফেলা করবেন না

জীবন একটাই, এটাকে হেলাফেলা করবেন না

 

ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গে মিলিতভাবে ভিআর গ্যালারি তৈরির কাজও করছে কীর্তি ক্রিয়েশনস। চলমান ষষ্ঠ জাতীয় ভাস্কর্য প্রদর্শনীতে ১৫৯ জন ভাস্করের ১৭৮টি শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে, যার প্রতিটি থ্রিডি স্ক্যানের মাধ্যমে ডিজিটাইজ করা হয়েছে। তৈরি করা হয়েছে ভিআর গ্যালারি, যা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেটের মাধ্যমে দেখা যাবে। ধীরে ধীরে গ্যালারিতে নতুন সব ভাস্কর্য যুক্ত করারও পরিকল্পনা আছে। সারা বছরই বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এসে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন ‘ভিআর এক্সিবিট’।

পুরাকীর্তির ভার্চুয়াল ট্যুর

বাংলাদেশের দুটি পুরাকীর্তি ও দর্শনীয় স্থানের ভার্চুয়াল ট্যুর তৈরি করেছে কীর্তি ক্রিয়েশনস। এর মধ্যে আছে পাহাড়পুর বৌদ্ধ বিহার এবং পুরান ঢাকার আর্মেনিয়ান চার্চ। সরাসরি তাদের ওয়েবসাইট থেকেই অডিওসহ এ দুটি স্থান ঘুরে দেখা যাবে। দেশের অন্যান্য পুরাকীর্তি ও দর্শনীয় স্থানের স্ক্যান তৈরিতে কাজ করছে তারা। ভার্চুয়াল ট্যুরের পাশাপাশি ভিআর এক্সপেরিয়েন্সও তৈরি করা হবে, তবে সেটি বেশ সময়সাপেক্ষ।

নিজে করতে চাইলে -

থ্রিডি কনটেন্ট নিয়ে কাজ করার জন্য প্রয়োজন বেশ শক্তিশালী পিসি। থ্রিডি স্ক্যানিং এবং ভার্চুয়াল ট্যুর তৈরির জন্য পাশাপাশি থাকতে হবে ভালো মানের ক্যামেরা, লাইট ও ট্রাইপড। মডেল তৈরিতে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ব্লেন্ডার। ভার্চুয়াল রিয়ালিটি এক্সপেরিয়েন্স তৈরি করতে রপ্ত করতে হবে ইউনিটি ইঞ্জিন এবং ভিআর এসডিকের ব্যবহার। অগমেন্টেড রিয়ালিটি নিয়ে কাজ করার জন্য প্রয়োজন প্যানো২ভিআর অথবা টেলিপোর্টমি। তবে সবচেয়ে বেশি জোর দিতে হবে ফটোগ্রাফি এবং থ্রিডি মডেলিং স্কিল তৈরিতে।

কীর্তি ক্রিয়েশনসের বিভিন্ন ভার্চুয়াল ট্যুর এবং থ্রিডি মডেল দেখা যাবে তাদের ওয়েবসাইটে, লিংক: t.ly/JNBf4

প্রযুক্তির দুনিয়ায় নতুন বছরে নতুন চমক

বিজ্ঞান ও প্রযুক্তি
প্রযুক্তির দুনিয়ায় নতুন বছরে নতুন চমক

সারা বিশ্বে চলছে রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক মন্দাও জেঁকে বসেছে। প্রযুক্তি বাজারের ২০২৪ সালটা ছিল মন্দার বছর। প্রযুক্তিপ্রেমীদের নতুন কী চমক দেখাবে ২০২৫ সাল, জানাচ্ছেন আশিক উল বারাত।

এনভিডিয়ার নতুন জিপিইউ

বছরের শুরুতেই বাজারে আসছে এনভিডিয়ার নতুন ব্ল্যাকওয়েল আর্কিটেকচারের গ্রাফিক কার্ড। এ সপ্তাহে কনজিউমার ইলেকট্রনিকস শো বা সিইএস প্রযুক্তিমেলায় প্রতিষ্ঠানটির কর্ণধার জেনসেন হুয়াং উন্মোচন করবেন আরটিএক্স ৫০০০ সিরিজ। সাধারণত এনভিডিয়া তাদের ফ্ল্যাগশিপ ৯০ সিরিজের কার্ড শুরুতে ঘোষণা করে, এবার ৮০ সিরিজের কার্ডও প্রথমেই উন্মোচিত হবে। গেমারদের জন্য অপেক্ষা করছে বড় দুঃসংবাদ, আরটিএক্স ৫০০০ সিরিজের দাম আগের ৪০০০ সিরিজের চেয়ে অন্তত দেড় গুণ বেশি হবে।

স্ন্যাপড্রাগন ৮ এলিট

এ বছরের প্রতিটি অ্যানড্রয়েড ফ্ল্যাগশিপেই থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর। এর মধ্যেই চীনা নির্মাতারা বিভিন্ন মডেলে সেটি ব্যবহার করেছে। বছরের শুরুতে স্যামসাং এস২৫ সিরিজের মাধ্যমে মূলধারার অ্যানড্রয়েড ফোনেও প্রসেসরটির দেখা পাওয়া যাবে। বেশ কিছু প্রযুক্তি সমালোচক এর মধ্যেই ৮ এলিট প্রসেসরের ভূয়সী প্রশংসা করেছে। তাদের পরীক্ষা করা প্রতিটি ফোন আগের ৮ জেন ৩ যুক্ত মডেলের তুলনায় অন্তত ৪০ শতাংশ বেশি ব্যাটারিলাইফ দিয়েছে। গেমিং পারফরম্যান্সও বেড়েছে অন্তত ৩০ থেকে ৫০ শতাংশ। স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসরযুক্ত ফোনের মাধ্যমে মোবাইল গেমিং রে-ট্রেসিং ও আপস্কেলিং প্রযুক্তির যুগে প্রবেশ করতে যাচ্ছে।

ল্যাপটপ বাজার স্থিতিশীল

মাইক্রোসফট-কোয়ালকমের যৌথ প্রযোজনায় তৈরি কোপাইলট প্লাস ল্যাপটপ মুখ থুবড়ে পড়েছে গত বছর। নতুন বছরটি হওয়ার কথা ছিল এআইযুক্ত ল্যাপটপের, সেটি সহসা হচ্ছে না। বিশেষজ্ঞদের ধারণা, গতানুগতিক পথেই চলবে নতুন বছরের ল্যাপটপ বাজার। ওলেড ও মিনি এলইডি ডিসপ্লের ব্যবহার বৃদ্ধি পাবে এ বছর। ফলে ব্যবহারকারীরা পাবে আরো ঝকঝকে কালার এবং কনট্রাস্টসমৃদ্ধ ডিসপ্লে। এএমডির নতুন রেডিওন ৮৯০এম জিপিইউযুক্ত ল্যাপটপ প্রসেসরের দেখা এর মধ্যেই মিলেছে, যার গেমিং পারফরম্যান্স প্রায় আরটিএক্স ৪০৬০-এর সমান। ইন্টেলের লুনার লেক সিরিজের প্রসেসরে থাকা বিল্ট-ইন জিপিইউর পারফরম্যান্সও প্রায় কাছাকাছি। অর্থাৎ ব্যবহারকারীরা গেমিংয়ের জন্য বিশেষায়িত
ল্যাপটপ না কিনেও নতুন সব গেম খেলতে পারবে। ল্যাপটপের ব্যাটারি লাইফ বাড়বে এ বছর।

প্রযুক্তির বিরুদ্ধে আইনি লড়াই

গুগলের মনোপলির বিরুদ্ধে চলমান মামলাগুলোর রফাদফা হবে এ বছর। ক্রোম ব্রাউজার, অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম এবং অ্যাডসেন্স বিজ্ঞাপন প্ল্যাটফরম বিক্রি করে দিতে হতে পারে গুগলের। ক্রোম বিক্রির বিষয়ে রায় হয়েছে গত বছর। এই এপ্রিলে শেষ আপিলের পর কার্যকর হবে সেটি। যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম অব্যাহত রাখতে চাইলে মালিকানা রাখতে পারবে না বাইটডান্স। যুক্তরাষ্ট্রের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য বলেছেন, রায়টি তিনি বদল করতে চান। সোশ্যাল মিডিয়ায় আসক্তি সৃষ্টিকারী অ্যালগরিদমের বিরুদ্ধেও ক্যালিফোর্নিয়ার আদালতে মামলা করেছে রাজ্যটির সরকার। সব কটি আইন পাস হলে এ বছর প্রযুক্তি দুনিয়ায় হবে বড়সড় ওলটপালট।

আইফোনে নতুনত্ব

অবশেষে আইফোনের ডিজাইনে নতুনত্ব আসবে এ বছর। সম্ভাবনা আছে এসই সিরিজের বদলে বাজেট আইফোনের নাম হবে আইফোন এয়ার। নতুন মডেলটির সম্ভাব্য মূল্য ৫০০ ডলারের কাছাকাছি। বহুল আলোচিত আইফোন ফোল্ড এ বছর আসার সম্ভাবনা নেই। তবে তার ক্যামেরার ডিজাইন হবে অনেকটা গুগল পিক্সেল সিরিজের মতো, সেটি জানা গেছে। আইফোন ১৭ সিরিজের ডিজাইনেও বড়সড় পরিবর্তন দেখা যাবে না।

বাজার কাঁপাবে জিটিএ ৬

অবশেষে প্রায় ১২ বছর পর জিটিএ সিরিজের পরবর্তী গেম জিটিএ ৬ প্রকাশিত হওয়ার কথা রয়েছে এ বছর। সিরিজটির জনপ্রিয়তা এতটাই যে নির্মাতা রকস্টারকে বাকি সব গেম নির্মাতারা দিয়েছে আল্টিমেটাম। তারা জিটিএ ৬ প্রকাশের তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত নিজেদের গেম প্রকাশের বিষয় সিদ্ধান্ত নেবে না। কেননা জিটিএ ৬-এর কাছাকাছি সময় গেম প্রকাশ করলেই সেটি ফ্লপ। শুরুতে শুধু কনসোলেই খেলা যাবে জিটিএ ৬, পিসি গেমারদের অপেক্ষা করতে হবে অন্তত আরো একটি বছর। 

নিনটেন্ডোর নতুন কনসোল

নতুন বছরের প্রযুক্তি দুনিয়া

গতবছরও গুঞ্জন ছিল আসছে নিনটেন্ডোর সুইচ ২, অবশেষে এ বছরের প্রথম প্রান্তিকে কনসোলটি উন্মোচিত হতে পারে। বেশ কিছু ফোরামে এর মধ্যেই কনসোলটির মাদারবোর্ডের ছবির দেখা মিলেছে। এবারের কনসোলটিও হাতে বহনযোগ্য। এতে প্রসেসর থাকছে এনভিডিয়ার তৈরি। বরাবরই নিনটেন্ডো গেমপ্লে ডিজাইনের ওপর সবচেয়ে বেশি জোর দিয়ে থাকে, গ্রাফিকসে নয়। অতএব, সুইচ ২-এর হার্ডওয়্যার প্লে স্টেশন ৫ বা এক্সবক্স সিরিজ এক্সের চেয়ে পিছিয়ে থাকবে। তবু জনপ্রিয়তায় সব সময়ই বাকি দুই নির্মাতার চেয়ে এগিয়ে নিনটেন্ডো, এবারও ব্যতিক্রম হবে না।

এআইয়ের পরিধি বাড়বে

এর মধ্যেই জেমিনি ২.০ ফ্ল্যাশ পরীক্ষামূলকভাবে চালু করেছে গুগল। জিপিটি ৫ ওরিওন নিয়ে কাজ করছে ওপেনএআই, এ বছরের মধ্যভাগে সেটি বাজারে আসবে। দুটি মডেলই বর্তমানের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি তথ্য বিশ্লেষণ করে উত্তর দিতে সক্ষম। ব্যবহারকারীদের বড় প্রজেক্ট ছোট ছোট প্রম্পটে ভাগ করে এআইকে বুঝিয়ে দিতে হবে না। নতুন মডেলগুলোর পেছনে প্রাতিষ্ঠানিক ব্যয় বাড়বে, দেখার বিষয় ওপেনএআই ও গুগল তাদের সেবাগুলোর মূল্য কতটা বৃদ্ধি করে। এর মধ্যেই চ্যাটজিপিটি এনেছে নতুন ‘প্রো’ প্যাকেজ, যার মূল্য মাসে ২০০ ডলার।

একনজরে ২০২৫ সালের বড় সব টেক প্রদর্শনী

►  জানুয়ারি : কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস) ও স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড। নতুন ফোন, পিসি এবং অন্যান্য প্রযুক্তিপণ্যের দেখা মিলবে। যানবাহন ও টিভি সিইএসের বড় আকর্ষণ। স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ স্মার্টফোন এস২৫ সিরিজ গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে উন্মোচিত হবে।

►  মার্চ : মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ও গেম ডেভেলপারস কনফারেন্স (জিডিসি)। অ্যানড্রয়েড ফোন নির্মাতাদের মিলনমেলা মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস, নতুন সব ফ্ল্যাগশিপ উন্মোচিত হবে। জিডিসিতে নতুন গেমের ট্রেলার এবং সম্ভাব্য প্রকাশের তারিখ ঘোষণা করে নির্মাতারা।

►  মে : কম্পিউটেক্স তাইপেই। পিসি ও ল্যাপটপ নির্মাতাদের সবচেয়ে বড় প্রদর্শনীটিতে নির্মাতারা তাদের নতুন সব প্রযুক্তি তুলে ধরে। প্রসেসর, কেসিং ও কুলিং সিস্টেম, র‌্যাম, গ্রাফিক কার্ড ও এসএসডি প্রযুক্তির দেখা মিলবে।

►  জুন : অ্যাপল ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ও সামার গেম ফেস্ট। অ্যাপল তাদের সব অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ অনুষ্ঠানটিতে ঘোষণা করে। সামার গেম ফেস্টে ছোট স্টুডিও এবং স্বাধীন গেম নির্মাতারা তাদের নতুন গেম অথবা ট্রেলার প্রকাশ করে।

►  আগস্ট : ব্ল্যাক হ্যাট ইউএসএ কনফারেন্স ও গেমসকম। সাইবার নিরাপত্তা অনুরাগীদের সবচেয়ে বড় বার্ষিক অনুষ্ঠান ব্ল্যাক হ্যাট ইউএসএ কনফারেন্স। গেমসকমে বেশ কিছু নতুন গেমিং হার্ডওয়্যার ও গেম উন্মোচিত হয়ে থাকে।

►  সেপ্টেম্বর : প্রতিবছর সেপ্টেম্বরে অ্যাপল নতুন আইফোন উন্মোচন করে, এ বছর আইফোন ১৭ সিরিজ উন্মোচিত হতে যাচ্ছে। আইফা বার্লিনে নতুন ল্যাপটপ, ট্যাবলেট এবং বাসায় ব্যবহার্য প্রযুক্তিপণ্যের দেখা মিলবে।

►  অক্টোবর : অক্টোবর ম্যাক ইভেন্টের মাধ্যমে অ্যাপল নতুন ম্যাকবুক ও ডেস্কটপ ম্যাক উন্মোচন করে। অক্টোবরে সম্ভাবনা আছে এম৫ প্রো ও আলট্রা প্রসেসরযুক্ত ম্যাকবুক উন্মোচনের।

►  ডিসেম্বর : দ্য গেম অ্যাওয়ার্ডসকে বলা হয় ভিডিও গেমের অস্কার। বছরের সেরা ভিডিও গেম এবং এ সম্পর্কিত মিডিয়াকে দেওয়া হবে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এই পুরস্কার।