• ই-পেপার

প্রবীণ ভরসা করে সবলের, সেবা পায় দুর্বলের

ক্ষমতার দিবাস্বপ্নে বিভোর জামায়াত

মন্‌জুরুল ইসলাম
ক্ষমতার দিবাস্বপ্নে বিভোর জামায়াত

ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী সব সময়ই উল্টো স্রোতে চলা সংগঠন। নীতি-আদর্শ, ইনসাফ, আল্লাহর আইন ও সৎলোকের শাসনের কথা মুখে বললেও রাষ্ট্রক্ষমতাই মূলত দলটির লক্ষ্য। সে কারণেই বারবার দলটির বিরুদ্ধে আদর্শচ্যুতির অভিযোগ উঠেছে। দলটির নেতা-কর্মীদের বাহ্যিক আচার-আচরণে আদব-কায়দার প্রকাশ থাকলেও অনুকূল পরিবেশ পেলেই তাঁরা চোখ উল্টে ফেলেন। অনেক ক্ষেত্রে নিষ্ঠুর ও অসহিষ্ণু আচরণও করেন। পেশাগত জীবনে অনেকবারই ব্যক্তিগতভাবে এর শিকার হয়েছি। ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত আমার একটি লেখা ‘ড. ইউনূসের নতুন স্বপ্ন, নতুন দল, জামায়াতের রাজনীতি’। এর প্রতিক্রিয়া জানিয়েছিলেন জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের একজন নেতা। তিনি ফোন করে আমাকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছিলেন। সে সময় সংগঠনটির নেতারা এমন এক মেজাজে ছিলেন যে তাঁরা মনে করতেন নির্বাচন হলেই নিশ্চিত ক্ষমতায়। হুমকির মেজাজও সে রকমই ছিল। কিন্তু ছাব্বিশের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দেশবাসীর ভোটে সবকিছু পাল্টে গেলে বড্ড আশাহত হয় দলটি। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের বয়স মাত্র পাঁচ মাস পূরণ হতে যাচ্ছে। সব সেক্টরে বিধ্বস্ত দেশকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সমস্যার পাহাড় ডিঙিয়ে তিনি এগিয়ে চলছেন। কিন্তু জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসা অসন্তুষ্ট দলটির এখনকার টার্গেট হলো সংবিধান সংস্কারের নামে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে স্থানীয় সরকার নির্বাচনের ফল ঘরে তোলা। আর আশানুরূপ ফল পেলেই শুরু হবে সরকারবিরোধী নতুন খেলা। ক্ষমতার এমনই এক দিবাস্বপ্নে বিভোর হয়ে কাজ করছে তারা। অন্যদিকে বিএনপির মধ্যে দিনদিন হাইব্রিড নেতার জন্ম হচ্ছে। তাঁদের কারণে দলের অনেক ত্যাগী নেতা-কর্মী, সমর্থক, পেশাজীবী আস্তে আস্তে দূরে সরে যাচ্ছেন।

বাংলাদেশের রাজনীতিতে আদর্শ, গণতন্ত্র ও জনগণের রায়ের প্রশ্নটি সব সময়ই গুরুত্বপূর্ণ। যেকোনো রাজনৈতিক দলের ক্ষমতায় যাওয়ার আকাক্সক্ষা থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই আকাক্সক্ষা যদি অস্থিরতা সৃষ্টি, নির্বাচিত বা বিদ্যমান রাজনৈতিক প্রক্রিয়াকে অকার্যকর প্রমাণের চেষ্টা, কিংবা ক্রমাগত সংঘাতমুখী রাজনীতির মাধ্যমে বাস্তবায়নের দিকে ধাবিত হয়, তাহলে তা গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ইতিবাচক নয়। জামায়াত রাজনীতির একটি বহুলবিতর্কিত দল। ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পাকিস্তান সৃষ্টির সময় দলটি ছিল পাকিস্তানের বিপক্ষে। ১৯৭১ সালে বাংলাদেশ সৃষ্টির মহান মুক্তিযুদ্ধে দলটির অবস্থান ছিল বাংলাদেশের বিরুদ্ধে। স্বাধীন বাংলাদেশে দলটি কখনো বিএনপির সঙ্গে, কখনো আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে ক্ষমতার সঙ্গেই থেকেছে। সর্বশেষ তাদের সঙ্গী হয়েছে ড. ইউনূসের আশীর্বাদপুষ্ট দল এনসিপি। একক শক্তিতে দাঁড়িয়ে থাকার সামর্থ্য না থাকায় দলটি এনপিসির সঙ্গে জোটবদ্ধ হয়ে জাতীয় সংসদে বিরোধী দলের আসনে বসেছে। কিন্তু এর পরেও কোনোভাবেই শোকর করতে পারছে না। গণভোটের রায় কার্যকরের দাবিতে তারা নতুন করে মাঠ গরমের চেষ্টা করছে। অথচ প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে দাঁড়িয়ে এবং ৪ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জুলাই জাতীয় সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। সেদিন প্রধানমন্ত্রী আরও বলেছিলেন, ‘জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব। জুলাই শহীদদের আত্মত্যাগ এবং আহতদের অবদান স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের পরিবার ও যোদ্ধাদের সর্বোচ্চ সম্মান, স্বীকৃতি ও জীবনমান নিশ্চিতকরণ, পূর্ণাঙ্গ পুনর্বাসন ও সহায়তা প্রদানে সরকার কাজ করছে।’ তিনি আরও বলেন, ‘সবার উদ্দেশে বলতে চাই, আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশে শুধু আমার দলেরই নয়, অন্য আরও রাজনৈতিক দল এবং একই সঙ্গে যেসব অরাজনৈতিক ব্যক্তি, যারা ৫ আগস্ট (ফ্যাসিস্ট সরকারের পতন আন্দোলন) সফল করেছিলেন, তাদের সবার কাছে বলতে চাই, আসুন আমাদের প্রতি, বাংলাদেশের লাখো-কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল তার বিচারের নামে কারও প্রতি যেন অবিচার না হয়, সে বিষয়টিতেও সচেতন থাকতে হবে।’ নিজের ব্যক্তিগত আবেগ প্রকাশ করে তিনি সেদিন আরও বলেছিলেন, ‘এই অনুষ্ঠান চলাকালে বারবার ভাবছিলাম এ মুহূর্তে যদি আমি আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম, আপনার ওপর যে অবিচার ও অন্যায় হয়েছে, আপনি কি চান আমি এসবের প্রতিশোধ নিই? আমার বিশ্বাস মা বলতেন, এ মুহূর্তে তোমার কাজ সবাইকে ঐক্যবদ্ধ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি জানি, আমার ভাইকে জিজ্ঞেস করলে তিনিও আমাকে একই উত্তর দিতেন।’ মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের কাছ থেকে দেশবাসী এমন উদারতাই প্রত্যাশা করে। কারণ সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীর এমন স্পষ্ট বক্তব্যের তিন দিনের মাথায় জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোট  মঙ্গলবার রাজধানীতে একটি মানববন্ধন করে। সেখান থেকে জাতীয় সংসদের স্পিকারের কাছে গণভোটের রায় বাস্তবায়নের জন্য স্মারকলিপি প্রদান করা হয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের ন্যাম ভবনের সামনে ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশের রাজনীতির এখন প্রধান সংকট গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া। এটি বাস্তবায়ন না হলে দেশের রাজনীতি সংঘাতের দিকে যেতে পারে।’ ইতঃপূর্বে প্রধানমন্ত্রী যখন সবাইকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার, জুলাইয়ের মর্যাদা অক্ষুণ্ন রাখা ও ফ্যাসিস্টের বিচার করার প্রতিশ্রুতি দিয়েছেন। এর পরও রাজনীতিতে সংঘাতের ইঙ্গিত সুখকর বিষয় নয়।

স্বাধীনতার পর বিভিন্ন সময় জামায়াত রাজনৈতিক বাস্তবতা সামনে রেখে ক্ষমতা লাভের স্বার্থে নিজেদের অবস্থান বারবার পরিবর্তন করেছে। কিন্তু অতীতের বিতর্ক থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি। এ কারণে বাংলাদেশের রাজনীতিতে দলটির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েই গেছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে তাদের রাজনৈতিক বক্তব্য ও কর্মসূচিও নতুন আলোচনার জন্ম দিয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের প্রধান দলগুলোর মধ্যে ক্ষমতার প্রতিযোগিতা তীব্র। এ প্রেক্ষাপটে জামায়াতও নিজেদের অবস্থান শক্তিশালী করার চেষ্টা চালাচ্ছে। তবে দলটির বক্তব্যে এমন একটি প্রবণতা লক্ষ করা যায়, যেখানে সরকারকে চাপে রাখা এবং দ্রুত ক্ষমতার পরিবর্তনের দাবি বেশি গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের আগে দেশে নতুন করে নিজেদের অবস্থান শক্ত করার পথে হাঁটছে দলটি।

বাংলাদেশের মানুষ দীর্ঘ রাজনৈতিক সংঘাতের অভিজ্ঞতা অর্জন করেছে। তারা এখন এমন রাজনীতি দেখতে চায়, যেখানে ক্ষমতার লড়াইয়ের চেয়ে রাষ্ট্র পরিচালনার দক্ষতা, অর্থনৈতিক উন্নয়ন, দুর্নীতি দমন, আইনের শাসন ও জনকল্যাণ বেশি গুরুত্ব পাবে। গণতন্ত্রের শক্তি নিহিত আছে জনগণের রায়ে। সে রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়েই সব দলকে নিজেদের পথ নির্ধারণ করতে হবে। বিগত নির্বাচনে একই সঙ্গে দুটি ভোট হয়েছে। একটি গণভোট, অন্যটি জাতীয় সংসদ নির্বাচন। গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। অন্যদিকে সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে বিএনপি বিজয়ী হয়েছে। তারা যাতে জনগণের পক্ষে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে সেজন্যই এ ম্যান্ডেট। এখন বিএনপি জনগণের স্বার্থে, জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে কাজ করবে এটাই স্বাভাবিক। কোনো চাপের কাছে মাথা নত না করে, কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে বিএনপি যদি কাজ করতে পারে তাহলেই রাজনীতির সংঘাত মোকাবিলা করা সম্ভব হবে।

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতা অর্জনের আকাক্সক্ষা নতুন নয়। প্রতিটি দলই জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে চায়। কিন্তু সেই আকাক্সক্ষা যখন রাজনৈতিক ধৈর্য, গণতান্ত্রিক শিষ্টাচার ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি অনীহায় রূপ নেয়, তখন তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সাম্প্রতিক সময়ে জামায়াতের বক্তব্য ও তৎপরতা দেখে এমন প্রশ্ন উঠছে যে দলটি কি বাস্তব রাজনৈতিক শক্তির চেয়ে ক্ষমতার স্বপ্নেই বেশি বিভোর হয়ে পড়েছে?

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে জামায়াতের ভূমিকা আজও বিতর্কের কেন্দ্রে। ভবিষ্যতেও হয়তো থাকবে। অতীত থেকে শিক্ষা নিয়ে আত্মসমালোচনার পরিবর্তে দলটি বরাবরই নিজেদের রাজনৈতিক অবস্থান নতুন বাস্তবতায় প্রতিষ্ঠার চেষ্টা করেছে। কিন্তু ইতিহাস পাশ কাটিয়ে ভবিষ্যৎ নির্মাণ করা যায় না। জামায়াতের সামনে তাই সবচেয়ে বড় প্রশ্ন ক্ষমতায় যাওয়ার আকাক্সক্ষা নয়; বরং তারা কতটা গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের ইতিহাসের প্রতি দায়বদ্ধতা এবং আধুনিক রাষ্ট্রচিন্তার সঙ্গে নিজেদের সামঞ্জস্যপূর্ণ করতে পারে সেটাই। ক্ষমতার দিবাস্বপ্ন দেখার চেয়ে জনগণের আস্থা অর্জনের পথ অনেক কঠিন, কিন্তু গণতন্ত্রে সেটিই একমাত্র টেকসই পথ। সরকারি দল বিএনপির উচিত হবে জামায়াত যে ব্লুপ্রিন্টে এগোচ্ছে তা মোকাবিলা করা। প্রধানমন্ত্রী বারবার দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছেন। অনেক নেতা-কর্মীই সে আহ্বান অনুধাবন করতে পারছেন না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন কেন্দ্র করে দলের তৃণমূলে অন্তঃকোন্দল দিনদিন তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।  ইদানীং দলের মধ্যে দ্রুতবর্ধনশীল অনেক হাইব্রিড নেতার জন্ম হচ্ছে। তাঁদের কারণে আস্তে আস্তে ত্যাগী নেতাদের অন্তর্দাহ বাড়ছে। সুতরাং সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা করে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে তৃণমূলকে শক্তিশালী করতে হলে সরকারদলীয় নেতা-কর্মীদের অটুট ও ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

লেখক : নির্বাহী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন

[email protected] 

গ্রীষ্মকালীন সেনা মহড়ায় প্রধানমন্ত্রীর নতুন দৃষ্টান্ত

মোস্তফা কামাল
গ্রীষ্মকালীন সেনা মহড়ায় প্রধানমন্ত্রীর নতুন দৃষ্টান্ত
সংগৃহীত ছবি

নিরাপদ, স্থিতিশীল, সার্বভৌম দেশ গড়তে দক্ষ, শৃঙ্খলাবদ্ধ, প্রশিক্ষিত আধুনিক সশস্ত্র বাহিনীর বিকল্প নেই—বার্তাটি প্রধানমন্ত্রী শুরু থেকেই দিয়ে আসছেন। কেবল মুখে নয়, তার সেই চেষ্টা ও অভিপ্রায়ের ঝলক দেখা গেল এবারের বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে। প্রথাগতভাবে প্রধানমন্ত্রীরা শীতকালীন মহড়ায় যান। পরিবর্তিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথা ভেঙে চলে গেলেন গ্রীষ্মকালীন মহড়ায় মানিকগঞ্জের সিংগাইরে। সেখানে তার আকস্মিক ও চমকিত উপস্থিতি ছড়াল ভিন্ন এক মুগ্ধতা। তৈরি হলো ইতিহাস। দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিতির রেকর্ড। কোনো প্রধানমন্ত্রীর এভাবে সরাসরি মাঠ পর্যায়ে সদস্যদের মাঝে উপস্থিতি এবং তাদের সঙ্গে সাধারণ খাবার ও চা গ্রহণ সেনাবাহিনীর মনোবল চাঙ্গাই করেনি, তা সচেতন-চিন্তাশীলদের দিয়েছে বিশেষ বার্তা।  

মানিকগঞ্জের সিংগাইর, জায়গাটি ঢাকা থেকে খানিকটা দূরেই। সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীন ৮ বীর-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকা। সেখানে আকস্মিক তার উপস্থিতি। তাও বিস্তীর্ণ অংশ হেঁটে গিয়ে। মহড়ার মাঝেই ‘ফার্ম বেস’-এর বিভিন্ন অংশ ঘুরে দেখা। দায়িত্বপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও ইউনিটের কমান্ডিং অফিসারের (সিও) কাছে গিয়ে  প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত প্রস্তুতি দেখা। দেখলেন যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক। নেমে পড়লেন সেনা বাংকারেও। গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনা সদস্যদের কাছেও চলে গেলেন। তাদের খোঁজখবর নেন, দায়িত্ব পালনে উৎসাহও দেন। তাদের সঙ্গে খাবার ভাগাভাগি খেলেনও। দূরদর্শী ও জনবান্ধব নেতৃত্বের এ এক অনন্য দৃষ্টান্ত। 

নেতা শুধু উপাধি নয়, দায়িত্ব-কর্তব্য এবং সাহসিকতার সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া। কোনো কিছুকে পরিবর্তন করতে হলে আগে নিজেকে পরিবর্তনের টাটকা উদাহরণ। দেশের ইতিহাসের এক অনন্য দৃষ্টান্ত। এ ধরনের মহড়া শুধু সামরিক সক্ষমতা বাড়ায় না, দুর্যোগ মোকাবেলা, জাতীয় সংকট ব্যবস্থাপনা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর প্রস্তুতি আরো সুদৃঢ় করে। প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করে পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতনরা। সেনা সদস্যদের সঙ্গে রণকৌশল বিষয়ে মতবিনিময়ের সময় তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক কিছু বক্তব্যও রাখেন। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী ও কার্যকর বাহিনী হিসেবে গড়ে তোলার আবশ্যকতা প্রধানমন্ত্রী গত কিছুদিন ধরে প্রায়ই বলছেন। এর একটা মাজেজা বা ফের অবশ্যই রয়েছে। আর গ্রীস্মকালীন মহড়ায় এভাবে আকস্মিক চলে যাওয়াও নিশ্চয়ই এমনি এমনি নয়।  

মাঠ পর্যায়ে উপস্থিত থেকে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং সদস্যদের সঙ্গে সময় কাটানো উভয়ের পারস্পরিক আস্থা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক হতে বাধ্য। দেশের নিরাপত্তা, সেনাবাহিনীর পেশাদারি এবং বাংলাদেশের সার্বিক অগ্রগতির কিছু বিষয় সেখানে অবশ্যই রয়েছে। একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় পরিচয় দেশ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সেই প্রত্যাশার প্রতিফলন তাঁর নেতৃত্বে এরই মধ্যে স্পষ্ট। ব্যতিক্রমী ও অনুপ্রেরণার ছাপ বিদ্যমান। তার বাংলাদেশের আপামর জনগণ, সামরিক বাহিনী এবং রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একটি আধুনিক, সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় খেয়াল করছেন অনেকেই। তার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে তা সাধারণ মানুষও উপলব্ধি করছে। সামরিক পরিবারে জন্ম, সেনাবাহিনীর শৃঙ্খলাবদ্ধ পরিবেশে বেড়ে ওঠা এবং সাবেক সেনাপ্রধানের সন্তান হওয়ায় তারেক রহমানের মধ্যে সামরিক বাহিনীর প্রতি স্বাভাবিকভাবেই একটি আলাদা আগ্রহ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। যেকোনো রাষ্ট্রে রাজনৈতিক শীর্ষ নেতা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে পেশাদার, আস্থাপূর্ণ ও সমন্বিত সম্পর্ক থাকলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো তুলনামূলকভাবে সহজ হয়—এ বোধও রয়েছে। 

তার বাবা জিয়াউর রহমান ১৯৭৫ সালে রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর একটি সুশৃঙ্খল ও শক্তিশালী প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনীর ইউনিট ও জনবল উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছিলেন। ১৯৭৪-৭৫ সালে যেখানে সেনাসংখ্যা ছিল ৫০ হাজারের কম, জিয়াউর রহমানের শাসনামলে (১৯৭৬-৭৭) তা প্রায় ৯০ হাজারে উন্নীত করা হয়। সৈনিক ও অফিসারদের পেশাদারি বাড়াতে তিনি দেশি-বিদেশি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করেন। একাডেমি ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ডে প্রশিক্ষণের নতুন দ্বার উন্মোচিত হয়। আধুনিক যুদ্ধের কৌশলের সঙ্গে তাল মিলিয়ে তিনি পদাতিক, গোলন্দাজ (আর্টিলারি), সিগন্যাল ও ইঞ্জিনিয়ার কোরের মতো নতুন নতুন ইউনিট, ব্যাটালিয়ন এবং ব্রিগেড তৈরি করে বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেন। অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও সামরিক অভ্যুত্থান রোধ করে, বাহিনীর মধ্যে কঠোর কমান্ড ও চেইন অব কমান্ড ফিরিয়ে আনতে নেন নানামুখী পদক্ষেপ।তাঁর শাসনামলে নবগঠিত রাষ্ট্র এবং ভূকৌশলগত নিরাপত্তার প্রয়োজনে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সম্প্রসারণসহ বেশ কিছু কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়। দেশের বিভিন্ন অঞ্চলে নতুন ব্রিগেড, পদাতিক ডিভিশন (যেমন ২৪ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশন) এবং বেশ কয়েকটি ইউনিট প্রতিষ্ঠা হয় জিয়াউর রহমানের হাতেই। সেনা সদস্যদের মনোবল বাড়াতে তিনি দ্রুত পদোন্নতি এবং ব্যাপক হারে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করেন। সেনাবাহিনীর জন্য যুগোপযোগী অস্ত্র, গোলাবারুদ, আধুনিক পরিবহন ও যোগাযোগ সরঞ্জাম সংগ্রহের ব্যবস্থা করেন। জিয়াউর রহমান সেই সময়ে আধুনিকায়নের যে ভিত্তি বা উদ্যোগ নিয়েছিলেন, তা তখন তাৎক্ষণিকভাবে পূর্ণাঙ্গ প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেনি। সেখানে মাত্রা যোগ হতে পারে তারেক রহমানের মাধ্যমে। 

প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীকে জনগণের সাহস এবং একটি দেশের গৌরবের প্রতীক উল্লেখ করেছেন গত কয়েকটি বক্তৃতায়। জানিয়েছেন, তার বিশ্বাস-সশস্ত্র বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ থেকে কঠোর নিয়মানুবর্তিতা অনুসরণ এবং পেশাদারি বজায় রাখলে দেশের সার্বভৌমত্ব আর কখনোই হুমকির মুখে পড়বে না। নিরাপত্তা কৌশল যাতে তাকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকেও গুরুত্ব দিচ্ছেন তিনি। এর মাঝেই তার ছুটে চলা। অন্যদিকে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশেল অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার ধারাবাহিকতায় দেশ ও জনতার শেষ আশ্রয়স্থল হিসেবে ক্রমেই আগোয়ান বাংলাদেশ সেনাবাহিনী। যথাসময়ে যথা কাজটিই তারা করছে। যার উদাহরণ চব্বিশের গণ-আন্দোলনের বিজয়ে সারথি হওয়া। এ সেনাবাহিনীর রয়েছে সম্মুখ সমরের অভিজ্ঞতা, সাফল্যের সঙ্গে বিচ্ছিন্নতাবাদ দমনের অদম্যতা। সমর-সরঞ্জাম ও অস্ত্রশস্ত্রে তারা এখনো আধুনিকতার শীর্ষ পর্যায়কে স্পর্শ করতে পারেনি, তবে তাদের ‘ইটস দ্য ম্যান বিহাইন্ড গান হুইচ ম্যাটারস’ বড় প্রাসঙ্গিক। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্মই যুদ্ধ ও জয় দিয়ে। জয়ী হতে হতেই এতদূর এসেছে।

লেখক : সাংবাদিক-কলামিস্ট; ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন

অভিমত

জামায়াতের বাছাই করা নীতি ও বিপজ্জনক রাজনীতি

রাজনৈতিক বিশ্লেষক
জামায়াতের বাছাই করা নীতি ও বিপজ্জনক রাজনীতি

সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রতিনিধি ব্যারিস্টার শাহরিয়ার ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। তার কথিত মন্তব্য “ভারতের ‘সেভেন সিস্টার্স’ রাজ্যগুলো ‘দখলকৃত দেশ’ এবং সেখানকার খ্রিস্টানদের স্বাধীনতার আন্দোলনে যোগ দেওয়া উচিত” শুধু উসকানিমূলকই নয়, এটি রাজনৈতিকভাবেও চরম দায়িত্বজ্ঞানহীন বক্তব্য।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে দীর্ঘদিন ধরে বিদ্রোহ ও জাতিগত সংঘাতের ঘটনা ঘটেছে। কিন্তু আন্তর্জাতিকভাবে এসব রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত। এগুলোকে ‘দখলকৃত স্বাধীন দেশ’ হিসেবে উপস্থাপন করা একটি বিপজ্জনক রাজনৈতিক দাবি, যা বাংলাদেশের স্বার্থ ও আঞ্চলিক অখণ্ডতার জন্যও ঝুঁকিপূর্ণ। একই ভাবে, নির্বিচারে নিপীড়নের মতো গুরুতর অভিযোগ করতে হলে সাধারণ বক্তব্য দিয়ে নয়, বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করার প্রয়োজন হয়।

আরো উদ্বেগজনক বিষয় হলো, একটি ধর্মীয় সম্প্রদায়কে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানানো। এ ধরনের বক্তব্য রাজনৈতিক বিরোধকে ধর্মীয় রূপ দেওয়ার ঝুঁকি তৈরি করে যা সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ায় এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে দুর্বল করে।

জামায়াতে ইসলামীর নিজস্ব ইতিহাসের প্রেক্ষাপটে এ ধরনের মন্তব্য আরো তাৎপর্যপূর্ণ। ১৯৭১ সালে দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সামরিক শাসনকে সমর্থন করেছিল ও বাঙালি জাতির বিরুদ্ধে সংঘটিত গণহত্যায় অংশ নিয়েছিল। পরবর্তীতে দলটির কয়েকজন শীর্ষ নেতা মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়। ওই বিচার নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক থাকলেও বাংলাদেশের জন্মের বিরোধিতা করা জামায়াতের ইতিহাসের একটি অস্বীকারযোগ্য অধ্যায়।

এখানে আরেকটি বৈপরীত্য রয়েছে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সহিংসতার বিরোধিতা করে আসছে এবং সবসময়ই নিজের ভৌগোলিক অখণ্ডতার পক্ষে অবস্থান নিয়েছে। সেই নীতির সঙ্গে প্রতিবেশী একটি দেশে বিচ্ছিন্নতাবাদী মনোভাবকে উৎসাহিত করার আহ্বান কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। সার্বভৌমত্বের প্রশ্নে বেছে বেছে নীতি গ্রহণ করা চলে না।

সরকার গঠনের স্বপ্ন লালনকারী প্রতিটি রাজনৈতিক দলের উপলব্ধি করা উচিত যে জনগণের সামনে উচ্চারিত প্রতিটি বক্তব্যের রাজনৈতিক ও কূটনৈতিক পরিণতি রয়েছে। প্রতিবেশী দেশের বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করে এমন বক্তব্য বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনের দিকে নিয়ে যায় না; বরং তা দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক পরিবর্তন হতে দেয় না । তা অপ্রয়োজনীয় কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং বাংলাদেশকে আঞ্চলিক অস্থিতিশীলতার উৎস হিসেবে উপস্থাপনের সুযোগ করে দেয়।

বিরোধী রাজনীতি কখনোই কল্যাণমূলক রাষ্ট্রপরিচালনার সন্নিকটে উসকানিমূলক হতে পারে না। বাংলাদেশের দরকার এমন রাজনৈতিক দল ও নেতৃত্ব, যারা কূটনীতি, তথ্যভিত্তিক অবস্থান এবং আন্তর্জাতিক রীতি-নীতির প্রতি শ্রদ্ধা রেখে আঞ্চলিক বাস্তবতার মোকাবেলা করবেন। আর এটি কোনো বাগাড়ম্বরের মাধ্যমে হয় না, যা দেশের সীমানার বাইরে বিভেদ ও অস্থিরতাকে উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করে।

জামায়াত যদি নিজেকে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক বিকল্প শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, তবে তাকে নীতিগত ধারাবাহিকতা, বিচক্ষণতা এবং জনপরিসরে দায়িত্বশীল আচরণের প্রমাণ দিতে হবে। যে দলটি এক সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাদের জন্য অন্য দেশের বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকে উৎসাহিত করার মতো অবস্থান গ্রহণের আগে বিশেষ সতর্কতা ও সংযম প্রদর্শন করা খুবই প্রয়োজন।

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

অদিতি করিম
ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

বিশ্বের ফুটবলভক্তদের জন্য মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম দ্বিতীয় রাউন্ডের নকআউট পর্বের ম্যাচটি আগ্রহের কেন্দ্রে ছিল না। কিন্তু হঠাৎ করেই এই ম্যাচ বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ক্রীড়ামোদীরা তো বটেই গোটা বিশ্বের রাজনীতিক, কূটনৈতিক এবং নীতিনির্ধারকদের কাছে এই খেলাটি ‘মাস্ট ওয়াচ’ গেম হিসেবে স্বীকৃতি পায়। সবাই দেখতে চেয়েছিলেন, শেষ পর্যন্ত কে জেতে, ফুটবল না ক্ষমতা?

এই বিতর্কের শুরু, যুক্তরাষ্ট্র বনাম বসনিয়ার নকআউট পর্বের ম্যাচ ঘিরে। বসনিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নিজের তৃতীয় বিশ্বকাপে গোল করেন বালোগান। তবে দ্বিতীয়ার্ধে তারিক মুহারেমোভিচের গোড়ালিতে বুট দিয়ে আঘাত করার দায়ে ভিএআর পর্যালোচনার পর তাঁকে লাল কার্ড দেখানো হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের খেলোয়াড় বলে কথা। এই লাল কার্ডের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান খোদ মার্কিন প্রেসিডেন্ট। গুঞ্জন ছড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে এই নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার অনুরোধ করেন। পরে ফিফা সভাপতি নিজেই জানান যে মার্কিন প্রেসিডেন্টের ফোনকল পেয়েছিলেন তিনি।

পরে ট্রাম্প নিজেই বালুগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন বলে জানান। ফিফাকে লাল কার্ডের বিষয়টি নিয়ে আবারও ভাবতে বলেন তিনি।

ট্রাম্প ফিফা সভাপতিকে অনুরোধ করেছিলেন না ধমক দিয়েছিলেন তা আমরা জানি না, তবে এই টেলিফোন পেয়ে এবারের বিশ্বকাপে সবচেয়ে বিতর্কিত কাজটি করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি ফিফার নিরপেক্ষতা, রেফারির স্বাধীনতায় হস্তক্ষেপ না করার নীতি বিসর্জন দিয়ে, এক নজিরবিহীন সিদ্ধান্তে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করে দেন। এই অনাকাক্সিক্ষত ঘটনার পর ফিফার নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে। ফিফা তাদের বিবৃতিতে জানায়, শৃঙ্খলাবিধির ২৭ অনুচ্ছেদ অনুযায়ী এক বছরের অবেক্ষাধীন মেয়াদে বালোগানের নিষেধাজ্ঞা কার্যকর করা স্থগিত রাখা হয়েছে। একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে স্থগিত নিষেধাজ্ঞা তখন কার্যকর হবে। তবে কী কারণে এই সিদ্ধান্ত স্থগিত হয়েছে, সেই ব্যাখ্যা ফিফা দেয়নি।

বেলজিয়াম এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করে। শুধু বেলজিয়াম নয়, এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় গোটা বিশ্ব। এবারের বিশ্বকাপে এটাই প্রথম এবং একমাত্র বিতর্ক নয়। শুরু থেকেই বিশ্বকাপ নিয়ে নানা সমালোচনায় জর্জরিত ফিফা। ফুটবল বোদ্ধাদের অভিযোগ, রাজনীতি এবারের বিশ্বকাপের আবহ মলিন করেছে। অনেকেই বলছেন, নজিরবিহীন পক্ষপাত এবং ফিফার মাত্রাতিরিক্ত বাণিজ্যিক মানসিকতা এবার ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে। এই বিতর্কের সূত্রপাত হয়েছিল, গত বছর। ডিসেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের ড্র অনুষ্ঠানে ফুটবলের ‘একত্রীকরণ শক্তি’ তুলে ধরার কথা বলে ফিফা প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার সেখানে তুলে দেওয়া হয়। বিষয়টি ছিল সম্পূর্ণ অভূতপূর্ব-পুরস্কারটির কোনো পূর্বঘোষণা, নিয়ম, প্রক্রিয়া বা পরিষ্কার মানদণ্ড আগে কখনোই ছিল না। এমনকি ফিফা কাউন্সিলের কয়েকজন সদস্যও দাবি করেন, তাঁরা এ পুরস্কার সৃষ্টির বিষয়টি অনুষ্ঠান শুরুর আগপর্যন্ত জানতেনই না। ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়া ও আন্তর্জাতিক মহলে সমালোচনার ঝড় ওঠে। অনেকে পুরস্কারটিকে ‘রাজনৈতিক নাটক’, ‘শান্তির ধারণার প্রতি অপমান’ এবং ‘শ্বেত ধোলাইয়ের চেষ্টা’ হিসেবে বর্ণনা করেন। অনেক মন্তব্যে বলা হয়, ট্রাম্পকে খুশি রাখতে এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সুবিধা নিশ্চিত করতে ফিফা ‘নিজের মতো করে একটি পুরস্কার বানিয়ে নিয়েছে।’ ফিফা আগেও দুর্নীতি, প্রভাব খাটানো এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে সমালোচিত হয়েছে। এবার একটি আগাম ঘোষণা ছাড়া ‘শান্তি পুরস্কার’ তৈরি করে ট্রাম্পকে দেওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির বিশ্বাসযোগ্যতা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষকদের মত।

অনেকেই বলছেন, ফিফার ‘রাজনীতি থেকে দূরে থাকার’ দাবি এখন শুধুই প্রচারমূলক সেøাগান।

বিশ্বকাপ ফুটবলের খেলা শুরুর আগেই দেখা যায়, কিছু দলের সঙ্গে চরম অন্যায় আচরণ করা হয়েছে। যাদের মধ্যে সবার আগে ইরানের কথা বলতে হয়। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হেরেও ফুটবল বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ইরানকে। তবে মাঠের খেলার চেয়ে মাঠের বাইরে চরম বৈষম্য, ভিসা জটিলতা আর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার গল্প এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।

সিয়াটলে নিজেদের শেষ ম্যাচের পর ইরানের অধিনায়ক মেহদি তারেমি তো কোনো রাখঢাকই রাখেননি। পরিষ্কার বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না ইরান নকআউট পর্বে উঠুক। তিনি বলেছেন, ‘এখানে আমাদের সবকিছুর বিরুদ্ধে লড়তে হচ্ছে। আমি জানি না অন্যরা একমত হবে কি না, কিন্তু আপনি যদি আমাদের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন তাহলে আমি বলব-হ্যাঁ, এটাই হয়েছে আমাদের সঙ্গে।’ ইরান যেন নকআউট পর্বে না জেতে সেজন্য বিশ্বকাপে পাতানো খেলা হয়েছে বলেও আলোচনা আছে। ফিফা এই অভিযোগ অস্বীকার করলেও বিশ্বের বেশির ভাগ মানুষই বিশ্বাস করে, ইরানকে ঠেকাতে অস্ট্রিয়া, আলজেরিয়ার ম্যাচটি পাতানো ছিল।

ইরান বিশ্বকাপ থেকে বিদায় নিলেও সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন জয় করেছে। সমালোচিত হয়েছে ফিফা। পুরো বিশ্বকাপজুড়ে আছে পক্ষপাতিত্বের অনেক অভিযোগ। বিশেষ খেলোয়াড়দের প্রতি রেফারিদের নমনীয় আচরণ দৃষ্টি এড়ায়নি ফুটবলভক্তদের। অবশ্য কমবেশি সব বিশ্বকাপেই এ ধরনের অভিযোগ ওঠে। কিন্তু যুক্তরাষ্ট্রের ফুটবলার ফোলারিন বালোগানের লাল কার্ড বিতর্ক এবারের বিশ্বকাপকে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ করেছে।

এই ঘটনার পর অনেকেই ইতিহাস ঘেঁটে ১৯৩৪ সালের বিশ্বকাপের সঙ্গে এই ঘটনার তুলনা করেছেন। সেবার বিশ্বকাপের প্রথম আসর লাতিন আমেরিকায় হওয়ায় দ্বিতীয় আসর ইউরোপে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। আর স্বাগতিক হিসেবে বেছে নেওয়া হয় ইতালি।

এটি শুধু ফুটবলের লড়াই ছিল না; এটি ছিল ইতালির শাসক বেনিতো মুসোলিনির জন্য নিজের ফ্যাসিস্ট শক্তি বিশ্বকে দেখানোর এক সুবর্ণ মঞ্চ।

জাতীয় দলকে শক্তিশালী করতে রাতারাতি বিদেশি খেলোয়াড়দের নাগরিকত্ব দেওয়ার চল শুরু করেছিলেন মুসোলিনি নিজেই। অভিযোগ ছিল, ইতালি নিয়ম ভেঙে লুইস মন্তি, এনরিকে গুয়াইতা ও আনফিলগিনো গুয়ারিসিকে খেলিয়েছে। তারা আগে আর্জেন্টিনা ও ব্রাজিলের হয়ে খেললেও ইতালির হয়ে খেলার জন্য প্রয়োজনীয় সময় দেশটিতে বসবাস করেননি। অথচ ফিফা রহস্যজনকভাবে সবকিছু এড়িয়ে যায়।

১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের রেফারি ছিলেন এক তরুণ সুইডিশ নাগরিক। টুর্নামেন্টের ঠিক আগের রাতে ইতালির স্বৈরশাসক বেনিতো মুসোলিনির সঙ্গে তিনি গোপনে নৈশভোজ করেছিলেন বলে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে। অভিযোগ রয়েছে, স্বাগতিক ইতালিকে জেতাতেই সেই রেফারিকে প্রভাবিত করা হয়েছিল। এমনকি প্রথমার্ধ শেষে ড্রেসিংরুমে ঢুকে মুসোলিনি নাকি খেলোয়াড়দের বলেছিলেন, রেফারি ‘সহযোগিতা’ করলেও অতিরিক্ত ফাউল না করতে।

শেষ পর্যন্ত ২-১ জয়ে প্রথমবারের মতো জুলে রিমে ট্রফি (বর্তমানে বিশ্বকাপ) জেতে ইতালি। সেই সঙ্গে মুসোলিনির বিশেষ আদেশে বানানো বিশাল ‘কোপা দেল দুচে’ ট্রফিও তুলে দেওয়া হয় দলটির হাতে। ব্যাপারটা এমন যে বিশ্বজয়ের সঙ্গে ফ্যাসিবাদেরও জয় ঘোষণা করা হয়েছিল।

এবার যখন ট্রাম্পের এক টেলিফোনে ফিফা রেফারির সিদ্ধান্ত পাল্টে দিল, তখন অনেকেই ১৯৩৪ সালের কথা স্মরণ করছিলেন। এবার কি তাহলে যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হবে, অথবা তাদের চ্যাম্পিয়ন বানানো হবে? ফুটবলের উত্তেজনা ছাপিয়ে এসব আলোচনা প্রাধান্য পেয়েছিল। কিন্তু আশার কথা, শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। জয় হয়েছে ফুটবলের। বেলজিয়ামের সোনালি প্রজন্মের কাছে উড়ে গেছে ফিফার স্পেশাল টিম যুক্তরাষ্ট্র। প্রমাণ হয়েছে, এখন ফুটবল রাজনীতির চেয়ে অনেক শক্তিশালী।

তবে এবারের বিশ্বকাপ ক্রীড়াঙ্গনে সংশয়ের কালো ছায়া ফেলেছে। অতি রাজনীতিকরণ কী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় খেলাটিকেও কুলষিত করবে? এই প্রশ্নটি এবার সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে।

ফুটবল এবং খেলাধুলা পৃথিবীর মানুষকে কেবল বিনোদন দেয় না, মানুষকে ঐক্যবদ্ধ করে। একসুতোয় গাঁথে। খেলাধুলা মানুষের মেলবন্ধন তৈরি করে। ভৌগোলিক দূরত্ব ঘুচিয়ে সৌহার্দের এক অসাধারণ বন্ধন তৈরি করে। ধনী-গরিব, সাদা-কালোর ভেদাভেদ উপডে ফেলে ক্রীড়া। আমাদের একাত্ম করে। নেইমারের অশ্রুসিক্ত চোখ আমাদের কাঁদায়। মেসির সাফল্যে আমরা উচ্ছ্বসিত হই। রোনালদোর বিদায় আমাদের আবেগতাড়িত করে। ফুটবল বা যেকোনো পছন্দের খেলা আমাদের শুধু আনন্দ দেয় না, শুধু বেদনায় সিক্ত করে না, আমাদের ভালোবাসা শেখায়। খেলা আমাদের মানবিক, সংবেদনশীল করে। একজন খেলোয়াড় যখন আত্মমানবতার জন্য কাজ করে তখন আমরা অনুপ্রাণিত হই। খেলা তাই কেবল জয়ী হওয়ার প্রতিযোগিতা নয়, মানবিক মূল্যবোধের বিশ্ব গড়ে তোলার একটি প্ল্যাটফর্ম। অন্ধ উন্মাদনা যেন ক্রীড়াঙ্গনের সেই স্পিরিটকে নষ্ট না করে সেটা নিশ্চিত করা ফিফার মতো নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রধান কাজ। এবারের বিশ্বকাপে ফিফা সেই লক্ষ্য থেকে কিছুটা হলেও দূরে সরে গেছে।

কিন্তু শেষ পর্যন্ত ফুটবলের জয় হয়েছে। এটাই ফুটবলের শক্তি। এই বিশ্বকাপে কে বিজয়ী হবে সেটা পরের বিষয়। কিন্তু শেষ পর্যন্ত যেন খেলার আসল লক্ষ্য জয়ী হয়। ফুটবল এবং সব খেলাধুলা যেন বিশ্ব রাজনীতির হাতিয়ার না হয় সেটাই সবার প্রত্যাশা।

লেখক : নাট্যকার ও কলাম লেখক

ইমেইল : [email protected]