গণ-অভ্যুত্থানের ১৮ জুলাইয়ের ঘটনাবলী স্মরণ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আজকের এই সময়ে আমাদের প্রিয় মাতৃভূমি এক রক্তাক্ত অধ্যায়ের মুখোমুখি হয়েছিল। ন্যায্য অধিকার আদায়ে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী শক্তি গুলি করে হত্যার পথ বেছে নিয়েছিল।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্য সদস্যরা।
মাহদী আমিন বলেন, রংপুরে আবু সাঈদ, চট্টগ্রামে ওয়াসিম আকরাম এবং ঢাকায় ফারহান ফাইয়াজসহ অসংখ্য নিরপরাধ শিক্ষার্থী ও সাধারণ মানুষের আত্মত্যাগে এই আন্দোলন পরিণত হয়েছিল সব শ্রেণির, সব পেশার ও সব রাজনৈতিক কর্মীর এক গণ-অভ্যুত্থানে। যার প্রবল জনরোষে ফ্যাসিবাদী শক্তির পতন ঘটে। সেই পথপরিক্রমায় গণ-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবী দল (বিএনপি) নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকার।
সব শহীদের জন্য মাগফিরাত কামনা করে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৫০ দিন অর্থাৎ পাঁচ মাস পূর্ণ হয়েছে। সময়ের পরিমাণে তা দীর্ঘ সময় নয়। কিন্তু একটি গণতান্ত্রিক সরকারের জন্য প্রতিটি দিনই জনগণকে অঙ্গীকারের বাস্তবায়নের দিন। প্রতিটি মুহূর্তই দায়িত্ব ও জবাবদিহি পালনের পরীক্ষা। আর প্রতিটি পদক্ষেপই মানুষের আস্থা অর্জনের নতুন সুযোগ।
তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, জনগণের আস্থা ও বিশ্বাসই একটি সরকারের সবচেয়ে বড় শক্তি।





