• ই-পেপার

হত্যাকাণ্ডের পর প্রতিপক্ষের বাড়িতে ধ্বংসযজ্ঞ, লুটপাট আতঙ্কে জনশূন্য গ্রাম

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘গত ১৭ বছরে দুর্নীতির মাধ্যমে যে যার পকেট ভরেছে, সেই রাস্তাগুলো আমরা বন্ধ করতে চাই। কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না।’

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের একটি ভিডিও আমার কাছে পৌঁছেছে। ভিডিওটি দেখার পরই সংশ্লিষ্ট প্রকল্পের ওয়ার্ক অর্ডার দুর্নীতির কারণে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা পাথরের বদলে ইট এবং সিমেন্টের বদলে বালু ব্যবহার করছিল।’

তিনি বলেন, ‘জনগণের অর্থে নির্মিত কোনো অবকাঠামো দুর্নীতির কারণে নষ্ট হতে দেওয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং সরকারকে জানাতে হবে।’

আমিনুল হক আরো বলেন, ‘নতুন জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতারসহ আটটি ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে এসব বিষয়ে পাঠদান শুরু করার পরিকল্পনা রয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হয়।’

তিনি বলেন, ‘যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতোমধ্যে দেশের ৩০০ জন সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেন প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার উপযোগী মাঠ গড়ে তোলা যায়। আগামী পাঁচ বছরে দেশের সব ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’

নারায়ণগঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সেই তালিকায় প্রথম সারিতে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত থাকবে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে।

তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে আধুনিক সুইমিং পুল নির্মাণ করা হবে। পাশাপাশি জরাজীর্ণ সুইমিং পুলগুলো সংস্কার করা হবে, যেন সাঁতার শেখার সুযোগ বাড়ে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমানো যায়।

ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, সেটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকল ইসলাম রাজীবসহ প্রমুখ।

গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা
ছবি: কালের কণ্ঠ

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ রায় দিয়েছে, ওই একই দিনের ভোটে আপনারা সরকার গঠন করেছেন। ওই গণভোট না থাকলে এই সরকার মানা হবে না। গণভোট মানতে আপনাদের জনগণ বাধ্য করবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। 

বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা হাজার চেষ্টা করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। তবে আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এদেশের মানুষ পাত্তা দেয়নি। ডামি ফ্যাসিবাদ আবার কিসের। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। যেই অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে, এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনারা ৯১ সালে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই, তবে বিলম্ব হয়ে গেছে।  

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার বলেছে অধিকাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণভোটে এদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। নির্বাচনের সময় আমরাও বলেছি গণভোটে হ্যাঁ বলুন তারাও বলেছে গণভোটে হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো এবং তারা যখন মেকানিজম করে ক্ষমতায় চলে গেল, তখন হ্যাঁ টা তারা ভুলে গেলেন। এখন তারা বলছেন আমরা কখনো সংস্কারের কথা বলিনি। আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফা দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলছেন সংস্কার কি আপনারা তা বুঝছেন না।

শফিকুর রহমান বলেন, আমাদের সংসদের মধ্যে একজন অবৈতনিক শিক্ষক মাঝেমধ্যে আমাদের সংবিধান নিয়ে ছবক দেন। সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে আমাদের বুঝান। এইটা সংবিধানে আছে, ওইটা সংবিধানে আছে, এইটা সংবিধানের ওই ধারায়। সংবিধানে সংবিধান সংশোধন কমিটি বলতে কোনো কমিটি নেই। এটা সম্পূর্ণ অবৈধ। আমরা যখন এটার প্রতিবাদ করেছি তারা নাম পরিবর্তন করে এখন দিয়েছে বিশেষ কমিটি। সংবিধান সংশোধন কমিটিতে আলাপ-আলোচনা করে তাদের মতো করে স্বৈরশাসককে পাকাপোক্ত করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। তারা দুই তৃতীয়াংশ ভোটে তা পাস করে নিবেন, তবে তার ফলাফল ভালো হবে না।

জামায়াত আমির বলেন, ২৪-এর যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান করতে হবে। সে শহীদ হোক আর গাজী। ২৪ নিয়ে কোনো অবহেলা এই জাতি বরদাস্ত করবে না। ২৪-এর ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে জুলাই স্মৃতি জাদুকর। এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনাদের দাবি এবং সংসদে বিরোধীদলের দাবির কারণে ওয়াদা করা হয়েছে আগামী ৫ তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। যেখানে আমি ছিলাম, নাহিদ ইসলাম ছিল ও সংসদে আমাদের ওই অবৈতনিক শিক্ষক ছিলেন। এরপরও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে টালবাহানা করা হলে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভালো ভালো কথা বললেও তার মুখে মধু অন্তরে ছলনা। দেশের ৭০ভাগ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিলেও সেই রায় তিনি বাস্তবায়ন করছেন না। 

নাহিদ বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। গণতন্ত্রের পক্ষে তারা লড়াইও করেনি। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। বিএনপি ঘোষিত ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার করা। কিন্তু তারা তা করছে না। তবে বিএনপি একটি কাজ করেছে তা হলো দেশে চাঁদাবাজি নিশ্চিত করা। বিএনপি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার নিশ্চয়তা দিলেও সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চাঁদাবাজ ছাত্রদল ও যুবদলের। আমরা যারা ২৪-এর গণ-অভ্যুত্থান করেছিলাম, তাদের সকলকে এক হতে হবে। কারণ এবারের লড়াই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ড. কর্নেল(অব)অলি আহমদ বলেন, আমরা যারা বিরোধীদলে আছি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের মিত্র। আমরা দেশকে স্বাধীন করেছি, এখন দেশে সংস্কার প্রয়োজন। দেশটাকে সংস্কার করুন, দেশটা সুন্দরভাবে চলুক।
 

মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার

বাগেরহাট প্রতিনিধি
মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে : ডেপুটি স্পিকার
ছবি : কালের কণ্ঠ

যুবকদের শুধু মাদক থেকে বিরত থাকার আহ্বান জানালেই হবে না, তাদের জন্য কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করতে হবে। দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে পারলেই সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। 

শনিবার (১৮ জুলাই) সকালে বাগেরহাট শহরের সোনাতলায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির (স্কিল-আইটি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার আরো বলেন, ‘আমরা যদি শুধু বলি মাদক নেওয়া যাবে না, তাহলেই হবে না। যুবকদের জন্য বিকল্প ব্যবস্থা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। স্কিল-আইটির মতো আরো প্রতিষ্ঠান গড়ে উঠলে দেশ সমৃদ্ধ হবে।’

স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান ও সাবেক সচিব মো. ফরিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম এবং লতিফ মাস্টার ফাউন্ডেশনের চেয়ারপারসন রফিকুল ইসলাম জগলু প্রমুখ।

অনুষ্ঠান শেষে ডেপুটি স্পিকার কৃষকদের মাঝে দুই হাজার ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতি, সদর উপজেলার বেশরগাতি গ্রামে লতিফ মাস্টার ফাউন্ডেশন পরিচালিত মসজিদ কমপ্লেক্স, এতিমখানা ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনসহ জেলার আরো কয়েকটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন।

রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী
সংগৃহীত ছবি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে এই ভিলেজের উদ্বোধন করেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন রাজশাহীর ইতিহাস গবেষক মাহবুব সিদ্দিকী।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা ও গান নতুন প্রজন্মের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের কেন্দ্রবিন্দু হিসেবে নির্মিত হচ্ছে ‘নজরুল মঞ্চ’ এবং ‘নজরুল কর্নার’। সম্পূর্ণ উন্মুক্ত পরিবেশে এবং বৃক্ষশোভিত ছায়ায় সাধারণ মানুষের জন্য এই প্রাঙ্গণটি তৈরি করা হচ্ছে, যেখানে বছরব্যাপী চলবে নজরুল সাহিত্য ও শিল্পের চর্চা।