• ই-পেপার

বাংলাদেশ হবে বিশ্বের এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নিয়াজ, সম্পাদক কামাল
সংগৃহীত ছবি

চরফ্যাশন প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) রাতে সংগঠনটির হলরুমে দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি আগামী ২৮ জুন ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে। 

কমিটিতে সভাপতি হিসেবে জুলফিকার মাহমুদ নিয়াজ এবং সাধারণ সম্পাদক হিসেবে কামাল গোলদার নির্বাচিত হয়েছেন। 

প্রেস ক্লাব সূত্রে জানা যায়, দ্বিবার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্রের ২৬ নম্বর ধারা অনুযায়ী নতুন কার্যকরী কমিটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। নবনির্বাচিত নেতারা চরফ্যাশন সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, ঐক্য, অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। 

এর আগে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের জাতীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন সাংবাদিকদের আয়োজিত সাধারণ সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
মহানন্দায় গোসলে নেমে নিখোঁজ, ২৫ ঘণ্টা পর মিলল কিশোরের মরদেহ
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া হাসিব (১৩) নামের এক কিশোরের মরদেহ প্রায় ২৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর পিরানটুলি ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা সেটি শনাক্ত করেন।

নিহত হাসিব সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ফিল্ডেরহাট চকটোলা গ্রামের আব্দুল বাশিরের ছেলে। সে মহারাজপুর আনন্দময় পাঠশালার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার মহারাজাপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া মহানন্দা নদীর মিশনতলা ঘাটে বন্ধুদের সঙ্গে গোসল করতে নামে হাসিব। একপর্যায়ে সে নদীর স্রোতে নিখোঁজ হয়ে যায়।

খবর পেয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবুরি দলও অভিযানে অংশ নেয়। তবে নদীর তীব্র স্রোতের কারণে শুক্রবার মরদেহ উদ্ধার সম্ভব হয়নি।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, শুক্রবার বিকাল থেকে ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও প্রবল স্রোতের কারণে তারা মরদেহ উদ্ধার করতে পারেননি।

চাঁপাইনবাবগঞ্জে দায়িত্বরত নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জীবন চন্দ্র রায় বলেন, শনিবার নদীতে মরদেহ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

ফ্যাসিস্টদের পকেট ভরার সব রাস্তা বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, ‘গত ১৭ বছরে দুর্নীতির মাধ্যমে যে যার পকেট ভরেছে, সেই রাস্তাগুলো আমরা বন্ধ করতে চাই। কোনো ধরনের দুর্নীতিকে আমরা প্রশ্রয় দেব না।’

শনিবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের ওসমানী স্টেডিয়ামে মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘সম্প্রতি রংপুরের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের একটি ভিডিও আমার কাছে পৌঁছেছে। ভিডিওটি দেখার পরই সংশ্লিষ্ট প্রকল্পের ওয়ার্ক অর্ডার দুর্নীতির কারণে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। তারা পাথরের বদলে ইট এবং সিমেন্টের বদলে বালু ব্যবহার করছিল।’

তিনি বলেন, ‘জনগণের অর্থে নির্মিত কোনো অবকাঠামো দুর্নীতির কারণে নষ্ট হতে দেওয়া হবে না। কোথাও কোনো অনিয়ম হলে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে এবং সরকারকে জানাতে হবে।’

আমিনুল হক আরো বলেন, ‘নতুন জাতীয় শিক্ষাক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, সাঁতারসহ আটটি ক্রীড়া বিষয় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকে চতুর্থ শ্রেণি থেকে এসব বিষয়ে পাঠদান শুরু করার পরিকল্পনা রয়েছে। মূল্যায়নের ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে অংশগ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলায় সম্পৃক্ত হয়।’

তিনি বলেন, ‘যেখানে খালি জায়গা থাকবে সেখানে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশনা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের। ইতোমধ্যে দেশের ৩০০ জন সংসদ সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যেন প্রতিটি ইউনিয়নে অন্তত আট বিঘা জমিতে একটি করে খেলার উপযোগী মাঠ গড়ে তোলা যায়। আগামী পাঁচ বছরে দেশের সব ইউনিয়নে খেলাধুলার উপযোগী মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।’

নারায়ণগঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, প্রথম ধাপে দেশের ১০টি অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এবং সেই তালিকায় প্রথম সারিতে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত থাকবে। এসব স্পোর্টস ভিলেজে ইনডোর গেমস, আর্চারি, শুটিং, সুইমিংসহ আন্তর্জাতিক মানের ক্রীড়া সুবিধা থাকবে।

তিনি আরো বলেন, আগামী পাঁচ বছরে প্রতিটি জেলায় একটি করে আধুনিক সুইমিং পুল নির্মাণ করা হবে। পাশাপাশি জরাজীর্ণ সুইমিং পুলগুলো সংস্কার করা হবে, যেন সাঁতার শেখার সুযোগ বাড়ে এবং পানিতে ডুবে মৃত্যুর ঘটনা কমানো যায়।

ফতুল্লা স্টেডিয়ামের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক মানের যে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা হয়েছিল, সেটির অবস্থা এখন অত্যন্ত নাজুক। ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকল ইসলাম রাজীবসহ প্রমুখ।

গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বিরোধীদলীয় নেতা
ছবি: কালের কণ্ঠ

গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, যে গণভোটে দেশের ৭০ ভাগ মানুষ রায় দিয়েছে, ওই একই দিনের ভোটে আপনারা সরকার গঠন করেছেন। ওই গণভোট না থাকলে এই সরকার মানা হবে না। গণভোট মানতে আপনাদের জনগণ বাধ্য করবে।

শনিবার (১৮ জুলাই) দুপুরে বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। 

বিএনপিকে উদ্দেশ করে ডা. শফিকুর রহমান বলেন, আপনারা হাজার চেষ্টা করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ হতে পারবেন না। তবে আপনারা ডামি ফ্যাসিবাদ হতে পারবেন। আসল ফ্যাসিবাদকে এদেশের মানুষ পাত্তা দেয়নি। ডামি ফ্যাসিবাদ আবার কিসের। ফ্যাসিবাদ যে পথে হেঁটেছে, আপনারা সেই পথে হাঁটছেন। যেই অর্ডিন্যান্সগুলো ফ্যাসিবাদের জন্ম দিয়েছে তার সবগুলো বিএনপি রেখে দিয়েছে, এটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা। আপনারা ৯১ সালে ক্ষমতায় এসে বুঝেন নাই কাকে কেয়ারটেকার সরকার বলে। শেষ পর্যন্ত বুঝেছেন ঠিকই, তবে বিলম্ব হয়ে গেছে।  

জামায়াত আমির বলেন, বর্তমান সরকার বলেছে অধিকাংশ মানুষ গণভোটে হ্যাঁ-এর পক্ষে রায় দেয়, তাহলে আমরা গণভোটের প্রত্যেকটি দাবি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। গণভোটে এদেশের ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। নির্বাচনের সময় আমরাও বলেছি গণভোটে হ্যাঁ বলুন তারাও বলেছে গণভোটে হ্যাঁ বলুন। কিন্তু হ্যাঁ যখন বিজয়ী হলো এবং তারা যখন মেকানিজম করে ক্ষমতায় চলে গেল, তখন হ্যাঁ টা তারা ভুলে গেলেন। এখন তারা বলছেন আমরা কখনো সংস্কারের কথা বলিনি। আপনারা মিথ্যা বলছেন। কারণ আপনাদের ৩১ দফা দাবির প্রথম দফাই হচ্ছে সংস্কার। এখন বলছেন সংস্কার কি আপনারা তা বুঝছেন না।

শফিকুর রহমান বলেন, আমাদের সংসদের মধ্যে একজন অবৈতনিক শিক্ষক মাঝেমধ্যে আমাদের সংবিধান নিয়ে ছবক দেন। সংবিধানের বিভিন্ন ধারা সম্পর্কে আমাদের বুঝান। এইটা সংবিধানে আছে, ওইটা সংবিধানে আছে, এইটা সংবিধানের ওই ধারায়। সংবিধানে সংবিধান সংশোধন কমিটি বলতে কোনো কমিটি নেই। এটা সম্পূর্ণ অবৈধ। আমরা যখন এটার প্রতিবাদ করেছি তারা নাম পরিবর্তন করে এখন দিয়েছে বিশেষ কমিটি। সংবিধান সংশোধন কমিটিতে আলাপ-আলোচনা করে তাদের মতো করে স্বৈরশাসককে পাকাপোক্ত করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হবে। তারা দুই তৃতীয়াংশ ভোটে তা পাস করে নেবেন, তবে তার ফলাফল ভালো হবে না।

জামায়াত আমির বলেন, ২৪-এর যোদ্ধাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান করতে হবে। সে শহীদ হোক আর গাজী। ২৪ নিয়ে কোনো অবহেলা এই জাতি বরদাশত করবে না। ২৪-এর ঐতিহ্য নিয়ে গড়ে উঠেছে জুলাই স্মৃতি জাদুকর। এইটাও ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনাদের দাবি এবং সংসদে বিরোধী দলের দাবির কারণে ওয়াদা করা হয়েছে আগামী ৫ তারিখ খুলে দেওয়া হবে। আমরা কিন্তু এটা আগেই ভিজিট করে এসেছি। যেখানে আমি ছিলাম, নাহিদ ইসলাম ছিল ও সংসদে আমাদের ওই অবৈতনিক শিক্ষক ছিলেন। এরপরও জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে টালবাহানা করা হলে ছাড় দেওয়া হবে না।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তাহলে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। কারণ প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক ভালো ভালো কথা বললেও তার মুখে মধু অন্তরে ছলনা। দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিলেও সেই রায় তিনি বাস্তবায়ন করছেন না। 

নাহিদ বলেন, বিএনপি কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না। গণতন্ত্রের পক্ষে তারা লড়াইও করেনি। তারা লড়াই করেছিল ক্ষমতার জন্য। বিএনপি ঘোষিত ৩১ দফার প্রথম দফা ছিল সংবিধান সংস্কার করা। কিন্তু তারা তা করছে না। তবে বিএনপি একটি কাজ করেছে তা হলো দেশে চাঁদাবাজি নিশ্চিত করা। বিএনপি দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার নিশ্চয়তা দিলেও সাধারণ মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হয়নি। কর্মসংস্থান সৃষ্টি হয়েছে চাঁদাবাজ ছাত্রদল ও যুবদলের। আমরা যারা ২৪-এর গণ-অভ্যুত্থান করেছিলাম, তাদের সবাইকে এক হতে হবে। কারণ এবারের লড়াই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান ড. কর্নেল (অব) অলি আহমদ বলেন, আমরা যারা বিরোধী দলে আছি, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের মিত্র। আমরা দেশকে স্বাধীন করেছি, এখন দেশে সংস্কার প্রয়োজন। দেশটাকে সংস্কার করুন, দেশটা সুন্দরভাবে চলুক।