কুমিল্লার মুরাদনগরে সড়ক দুর্ঘটনায় কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক সুফিয়া বেগম গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের গুঞ্জর এলাকায় কামাল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেবীদ্বার পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন ভুলু পাঠান জানান, দুর্ঘটনায় সুফিয়া বেগম মাথায় গুরুতর আঘাত পেয়েছেন এবং হাসপাতালে নেওয়ার সময় তিনি অচেতন ছিলেন। সিটি স্ক্যানের প্রতিবেদন পাওয়ার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
বিএনপি নেতা এআর আহমেদ জানান, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার উপস্থিতিতে চান্দিনায় অনুষ্ঠিত বিএনপির একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন সুফিয়া বেগম। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের গুঞ্জর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন।
প্রসঙ্গত, সুফিয়া বেগম সম্প্রতি ঘোষিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক। এছাড়া তিনি কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সভাপতি, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য এবং দেবীদ্বার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।





