• ই-পেপার

রেলস্টেশনে বাক্প্রতিবন্ধী বৃদ্ধা হত্যার ঘটনায় গ্রেপ্তার ৬

মাওয়ায় ইলিশ খেয়ে ফেরা হলো না কবিরের

নিজস্ব প্রতিবেদক
মাওয়ায় ইলিশ খেয়ে ফেরা হলো না কবিরের
প্রতীকী ছবি

মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে বেশ কয়েকজন বন্ধু ঘুরতে গিয়েছিলেন মাওয়ায়। সেখানে ইলিশ খেয়ে আড্ডা-গল্প ও আনন্দ-উল্লাস শেষে ফিরছিলেন বাড়ি। পোস্তগোলা ব্রিজের  উপর উঠতেই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন দুই বন্ধু। মুর্হূতেই আনন্দ রূপ নিল বিষাদে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন করিব (২৩) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাওয়াল গ্রামের মিজানুর রহমান পাটোয়ারীর ছেলে। রাজধানীর কলাবাগান এলাকায় থাকতেন কবির। তিনি মুদি দোকানের কর্মচারী ছিলেন। আহতের নাম সোহেল। 

নিহতের বন্ধু মানিক হাওলাদার জানান, একটি মাইক্রোবাস ও দুটি মোটরসাইকেল নিয়ে তারা কয়েকজন বন্ধু গতকাল রাতে মাওয়ায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে ইলিশ খেয়ে ঢাকায় ফেরার পথে আজ ভোরের দিকে পোস্তগোলা ব্রিজের উপর একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন কবির ও সোহেল। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে সকাল ৬টার দিকে চিকিৎসক কবিরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল প্রাথমিক চিকিৎসা নেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

ঢাকায় মুষলধারে বৃষ্টি, থাকবে কতক্ষণ?

অনলাইন ডেস্ক
ঢাকায় মুষলধারে বৃষ্টি, থাকবে কতক্ষণ?

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে গত কয়েকদিন ধরে বৃষ্টি ঝরছে। ঢাকায়ও গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। তবে আজ শুক্রবার ভোর থেকে ঢাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত এমন বৃষ্টি ঝরতে পারে। পাশাপাশি ঢাকায় ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে।

এদিকে বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। ছুটির দিন হওয়ায় বাইরে লোকজনের তেমন আনাগোনা না থাকলেও জরুরি কাজে যারা বের হয়েছেন, বৃষ্টির কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। 

সকালে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায়, বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা মাথায়, কেউ পলিথিনে মুড়িয়ে রেখেছেন নিজেকে। কেউ কেউ রেইনকোট পরে গন্তব্যে ছুটেছেন।

গত মঙ্গলবার থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। কোথাও কোথাও সড়ক ডুবে গিয়ে যাতায়াতে বিঘ্ন ঘটেছে। 

আজ শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। এ ছাড়া গত ৬ ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টি ঝরেছে। 

অন্যদিকে সংস্থাটি জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব শপিং সেন্টার 
আজিমপুর সুপার মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া সুপার মার্কেট, ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার, ধূপখোলা মাঠ বাজার, চক বাজার, বাবু বাজার, নয়া বাজার, কাপ্তান বাজার, রাজধানী সুপার মার্কেট, দয়াগঞ্জ সিটি করপোরেশন মার্কেট, ইসলামপুর কাপড়ের দোকান, ছোট কাটরা, বড় কাটরা হোলসেল মার্কেট, শারিফ ম্যানসন, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট।

যেসব দর্শনীয় স্থান বন্ধ
সামরিক জাদুঘর : এটি বিজয় সরণিতে অবস্থিত। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক বন্ধ।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁও : বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটির জন্য বন্ধ থাকে। শনি থেকে বুধবার প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশমূল্য জনপ্রতি ৫ টাকা।

এ ছাড়া শনি ও রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ করা যায়।
শিশু একাডেমি জাদুঘর : শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে।

তমার চুক্তি বাতিল, নতুন উদ্যোগে সচল হচ্ছে ২০ তলা ঢাকা জেলা পরিষদ

নিজস্ব প্রতিবেদক
তমার চুক্তি বাতিল, নতুন উদ্যোগে সচল হচ্ছে ২০ তলা ঢাকা জেলা পরিষদ

রাজধানীর জনসন রোডে ঢাকা জেলা পরিষদের ২০ তলা বাণিজ্যিক টাওয়ার নির্মাণকাজের দীর্ঘ ১৪ বছরের অচলাবস্থার অবসান ঘটতে যাচ্ছে। 

বৃহস্পতিবার (৯ জুলাই) ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ে কাজ শেষ করতে না পারায় এবং দীর্ঘমেয়াদি স্থবিরতার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘তমা কনস্ট্রাকশন অ্যান্ড কোং লিমিটেড’-এর সঙ্গে সম্পাদিত চুক্তি বাতিল করেছে ঢাকা জেলা পরিষদ। জনস্বার্থ এবং সরকারি সম্পদের সুরক্ষা বিবেচনায় প্রচলিত আইন ও সরকারি ক্রয়বিধি অনুসরণ করে এই চুক্তি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আধুনিক ও কার্যকর বাস্তবায়ন পদ্ধতিতে প্রকল্পের অবশিষ্ট কাজ দ্রুত শেষ করতে নতুন ঠিকাদার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।

​ঢাকা জেলা পরিষদ সূত্রে জানা গেছে, পরিষদের স্থায়ী রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজধানীতে একটি আধুনিক সরকারি বাণিজ্যিক কমপ্লেক্স প্রতিষ্ঠার লক্ষ্যে এই টাওয়ার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।

প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১২ সালে প্রায় ১৬০ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে তমা কনস্ট্রাকশনের সঙ্গে নির্মাণ চুক্তি সম্পাদিত হয়। চুক্তি অনুযায়ী ২০১৫ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সময় বাড়িয়ে ২০১৬ সালের শেষ নাগাদ করা হয়। তবে বর্ধিত সময়েও প্রকল্পটির মাত্র ৩৫ শতাংশ কাজ সম্পন্ন হয় এবং ২০১৭ সাল থেকে নির্মাণকাজ কার্যত বন্ধ হয়ে থাকে। ফলে দীর্ঘ বছর ধরে এই সরকারি সম্পদটি অসমাপ্ত অবস্থায় পড়ে থাকায় জেলা পরিষদ বিপুল পরিমাণ সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হয়।

​সম্প্রতি ঢাকা জেলা পরিষদের বর্তমান প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ দায়িত্ব গ্রহণের পর প্রকল্পটির সার্বিক অবস্থা পর্যালোচনা করেন। ভবনের কাঠামোগত নিরাপত্তা ও নির্মাণমান নির্ধারণে বুয়েটের বিশেষজ্ঞদের মতামত এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের পর তমা কনস্ট্রাকশনের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

​এ বিষয়ে ঢাকা জেলা পরিষদের প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ বলেন, “ঢাকা জেলা পরিষদ টাওয়ার শুধু একটি ভবন নয়; এটা ঢাকা জেলা পরিষদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, আধুনিক নগর উন্নয়ন এবং সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহারের প্রতীক। দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই প্রকল্পকে আমরা আর বালুচরে হারিয়ে যেতে দেব না। জনগণের স্বার্থে এবং সরকারি সম্পদের সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

​ঢাকা জেলা পরিষদ জানিয়েছে, ভবনটি দ্রুত ব্যবহার উপযোগী করতে আন্তর্জাতিক মানের অগ্নি-নিরাপত্তা, বৈদ্যুতিক ও যান্ত্রিক ব্যবস্থা সংযোজন করা হবে। অবশিষ্ট কাজ সম্পন্ন করতে আধুনিক প্রকৌশল পদ্ধতি এবং সরকারি ক্রয়বিধি অনুসরণ করে নতুন বাস্তবায়ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে ঢাকা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, স্থানীয় সরকার ব্যবস্থার আর্থিক সক্ষমতা আরো সুদৃঢ় হবে, শত শত মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং রাজধানীতে একটি আধুনিক সরকারি বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠবে।

​প্রশাসক ইয়াছিন ফেরদৌস মোরাদ আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করে দ্রুত নির্মাণকাজ সম্পন্ন করা হবে, যা ঢাকা জেলা পরিষদের আর্থিক স্বনির্ভরতার নতুন অধ্যায় রচনা করবে। এই বহু প্রতীক্ষিত প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে তিনি সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিশেষজ্ঞ প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন।