• ই-পেপার

খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা পানির নিচে, সেনাবাহিনীর সহযোগিতায় ফিরছেন পর্যটকরা

নবীগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাগনগর থেকে সোয়েব আহমদ (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সোয়েব আহমদ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরাগনগর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

নিহতের রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি
শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিম আক্তার (১৮) মশিপুর গ্রামের আব্দুল আলিমের মেয়ে। গ্রেপ্তার মো. রাসেল (২০) একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘মিম আক্তার ও রাসেলের মধ্যে প্রেমের সর্ম্পক ছিল। দেড় বছর আগে পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। কিছুদিন থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ-বিবাদ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাসেল তার স্ত্রীকে নিজঘরে শ্বাসরোধ করে হত্যা করেন।’

তিনি আরো বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়েছে মামলা দায়ের করেছেন।’

বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের চালক নিহত

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

বগুড়ায় একটি মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৩৫) রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’-এর একটি কাভার্ডভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানে থাকা বিভিন্ন কুরিয়ার পণ্য মহাসড়কে ছড়িয়ে পড়ে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহজাদপুর

খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি, রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি, রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর সবুজ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামে একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার রহিম সরকারের ছেলে।

নিহতের স্ত্রী মিতু জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পৌছে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চোরচক্রের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৬টি মামলা রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মহদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’