• ই-পেপার

শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী গ্রেপ্তার

নবীগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
নবীগঞ্জে সিএনজিচালকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকার বরাগনগর থেকে সোয়েব আহমদ (৩৫) নামে এক সিএনজিচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিহত সোয়েব আহমদ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। তিনি পেশায় সিএনজিচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরাগনগর এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা নবীগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

নিহতের রহস্যজনক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা পানির নিচে, সেনাবাহিনীর সহযোগিতায় ফিরছেন পর্যটকরা

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির বিস্তীর্ণ এলাকা পানির নিচে, সেনাবাহিনীর সহযোগিতায় ফিরছেন পর্যটকরা

খাগড়াছড়ির দীঘিনালায় কিছু কিছু এলাকা থেকে বন্যার পানি কমতে শুরু করেছে। তবে বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে রয়েছে। এদিকে সাজেকে আটকা থাকা পর্যটকরা সেনাবাহিনীর সহযোগিতায় ফিরছেন।

স্থানীয় সূত্র জানায়, দীঘিনালা-মেরুং সড়কের বিভিন্ন স্থান এখনো তলিয়ে থাকায় রাঙ্গামাটির লংগদুর সাথে সড়ক যোগাযোগ চালু হয়নি। অপরদিকে কবাখালি এলাকার সড়ক থেকে পানি নেমে যাওয়ায় রাঙ্গামাটির বাঘাইছড়ির সাথে সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আজ শুক্রবার (১০ জুলাই) সকালে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের তত্ত্বাবধানে সাজেকে আটকে থাকা পাঁচ শতাধিক পর্যটককে নিরাপদে ফেরানো হয়েছে। এর আগের দিনও একই ভাবে শতাধিক পর্যটককে সাজেক থেকে ফিরতে সহযোগিতা করে সেনাবাহিনী।

দীঘিনালা উপজেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় পানিবন্দি হয়েছে উপজেলার প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ। অধিকাংশই স্বজনদের বাড়িতে আশ্রয় নিলেও বন্যাকবলিত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন।

উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি এবং বিএনপির পক্ষ থেকেও আশ্রয়কারীদের খাদ্য বিতরণসহ ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার তানজিল পারভেজ জানান, বন্যাকবলিত এলাকার সার্বিক খোঁজ খবর রাখা হচ্ছে। এ ছাড়ার পাহাড় ধসের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে ক্ষয়ক্ষতি এড়াতে সতর্ক রয়েছে প্রশাসন।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন সূত্র জানায়, ৮ জুলাই সাজেকের বিভিন্ন রিসোর্টে আটকে পড়া পর্যটকদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হয়। সাজেক-বাঘাইহাট সড়কের প্লাবিত হওয়া বিভিন্ন জায়গা থেকে পানি নেমে গেলেও বাঘাইহাট বাজার এলাকায় জলাবদ্ধতা রয়েছে। এ ছাড়া অব্যাহত বৃষ্টির কারণে সড়কে পাহাড়ধসের আশঙ্কা বাড়ছে। সবকিছু বিবেচনা করে সেনাবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় পর্যটকদের নিরাপদে ফিরতে সহযোগিতা করা হয়েছে।

বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের চালক নিহত

প্রতিনিধি, বগুড়া
বগুড়ায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে কুরিয়ার সার্ভিসের চালক নিহত
ছবি: কালের কণ্ঠ

বগুড়ায় একটি মালবাহী ট্রাক ও কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের কুন্দারহাট হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম (৩৫) রংপুর সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার মৃত রুকু মিয়ার ছেলে। তিনি কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান ‘স্টেডফাস্ট’-এর একটি কাভার্ডভ্যানের চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাটোরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাভার্ডভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক আব্দুস সালামের মৃত্যু হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানে থাকা বিভিন্ন কুরিয়ার পণ্য মহাসড়কে ছড়িয়ে পড়ে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শাহজাদপুর

খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি, রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ

সিরাজগঞ্জ প্রতিনিধি
খেলা দেখতে গিয়ে আর বাড়ি ফেরেনি, রাস্তার পাশে মিলল যুবকের মরদেহ
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের দুই দিন পর সবুজ (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুলাই) ভোরে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হাসাকোলা গ্রামে একটি রাস্তার পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সবুজ উপজেলার রতনকান্দি উত্তরপাড়ার রহিম সরকারের ছেলে।

নিহতের স্ত্রী মিতু জানান, গত বুধবার রাত ১০টার দিকে ফুটবল খেলা দেখার কথা বলে বাড়ি থেকে বের হন সবুজ। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। শুক্রবার সকালে মরদেহ উদ্ধারের কথা শুনে ঘটনাস্থলে পৌছে তিনি স্বামীর লাশ শনাক্ত করেন।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘নিহত সবুজের শরীর ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। তিনি চোরচক্রের সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে চুরি ও ডাকাতির ৬টি মামলা রয়েছে। কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মহদের উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’