• ই-পেপার

রাশিয়ার যুদ্ধক্ষেত্রে চার বাংলাদেশি নিহত : সংসদে মন্ত্রী

ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
ফুটবল বিশ্বকাপ ঘিরে দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে এ পর্যন্ত অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন বলে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদে বেসরকারি সংসদ সদস্যদের ওপর উত্থাপিত বিলের বিষয়ে আলোচনায় অংশ নিয়ে বিশ্বকাপকে কেন্দ্র করে সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। এ সময় সিলেট-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালেকের একটি বেসরকারি প্রস্তাবের ওপর আলোচনা করেন।

প্রতিমন্ত্রী বলেন, 'পুরো বাংলাদেশ এখন ফিফা বিশ্বকাপ ফুটবল জ্বরে আক্রান্ত। আমাদের যুবসমাজ এলাকায় এলাকায় ফুটবল নিয়ে মেতে আছে। কিন্তু এর মধ্যেও এই বিশ্বকাপ ফুটবল নিয়ে বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১০ জন মানুষ মারা গেছেন।’

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, ‘দেশবাসীর কাছে বলব খেলা আনন্দের একটি বিষয়। এটা আনন্দ ছাড়া আর কিছু না। এটা নিয়ে তর্ক-বিতর্ক চলবে। বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রাজিল-আর্জেন্টিনা যে উত্তেজনা, এটা যেন আনন্দময় থাকে। কিন্তু সহিংসতা নয়।’

তিনি বলেন, ‘এটাকে কেন্দ্র করে কেউ কোনো বিশৃঙ্খলা বা সহিংস ঘটনায় কোনো প্রাণনাশ যেন না হয় তার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

মো. আমিনুল হক আরও বলেন, ‘খেলা একটা আনন্দদায়ক বিষয়, এটা নিয়ে উন্মাদনা থাকবে, উৎসাহ থাকবে। ঘরে ঘরে ব্রাজিল-আর্জেন্টিনার যুদ্ধ চলমান রয়েছে। ব্রাজিল সাপোর্টাররা হতাশ, তাদের টিম হেরে গেছে। দেশে ব্রাজিল-আর্জেন্টিনার যে পরিবেশ, তা যেন আনন্দময় থাকে। এটাকে কেন্দ্র করে দেশে যেন প্রাণনাশের ঘটনা না ঘটে।’
 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শপথ নিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

দীর্ঘ প্রায় পাঁচ মাসের আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে নির্বাচিত সরোয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শপথ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে নববির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে সই করেন।

এর আগে, সরোয়ার আলমগীরের প্রাথির্তা বৈধ এবং তাকে বিজয়ী ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে সরোয়ার আলমগীর প্রায় ৭০ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হন। তবে ঋণখেলাপির অভিযোগে তার প্রার্থিতা নিয়ে আইনি জটিলতার কারণে ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত ছিল। সম্প্রতি বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলে সব আইনি বাধা দূর হয়। এরপর আদালতের রায়ের আলোকে নির্বাচন কমিশন তাকে চূড়ান্ত বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

এর আগে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থিতা বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগ তুলে একই আসনের জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলের পর কমিশন তার প্রার্থিতা বাতিল করলে সরোয়ার আলমগীর হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট কমিশনের সিদ্ধান্ত স্থগিত করে তাকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেন। পরে আপিল বিভাগ তাকে নির্বাচন করার সুযোগ দিলেও চূড়ান্ত আইনি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত রাখার নির্দেশ দেন। এরপর হাইকোর্টের চূড়ান্ত রায়ের পর তার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সব আইনি বাধা দূর হয়।

‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ দুটি বেসরকারি বিল প্রত্যাহার
সংগৃহীত ছবি

দেশে মদ্যপান, মদ্যজাতীয় পানীয় ও জুয়া নিষিদ্ধের বিধান রেখে নতুন আইন প্রণয়নে ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ এবং ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) অ্যাক্ট, ২০২৬’ নামের বেসরকারি বিল সংসদে উত্থাপনের পরই প্রত্যাহার করা হয়েছে। আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের অনুরোধে বিরোধী দলের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বিল দুটি প্রত্যাহার করে নেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে বেসরকারি বিল উত্থাপনের পর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, সংসদ সদস্য যে উদ্দেশ্যে বিল দুটি এনেছেন, তা বিদ্যমান আইনেই অন্তর্ভুক্ত রয়েছে। তিনি জানান, চলতি অধিবেশনেই ‘জুয়া আইন, ২০২৬’ পাস হয়েছে। এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় মদ ও মাদক নিয়ন্ত্রণসংক্রান্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। তাই নতুন করে একই ধরনের আইন প্রণয়নের প্রয়োজন নেই। বিল দুটি প্রত্যাহারের অনুরোধ জানান তিনি।

আইনমন্ত্রীর বক্তব্যের পর শাহজাহান চৌধুরী বিল দুটি প্রত্যাহারে সম্মতি দেন। পরে অধিবেশন পরিচালনার দায়িত্বে থাকা ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল জানান, প্রস্তাবকারী সদস্য বিল উত্থাপন না করার সিদ্ধান্ত নেওয়ায় বিষয়টি আর ভোটে দেওয়া হচ্ছে না।

সংসদে প্রস্তাবিত ‘মদ ও জুয়া (নিষিদ্ধকরণ) আইন, ২০২৬’ বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়, মদ ও জুয়ার ক্ষতিকর প্রভাব থেকে জনগণ, বিশেষ করে তরুণ ও যুবসমাজকে সুরক্ষা দেওয়া, পারিবারিক ও সামাজিক অবক্ষয় রোধ এবং জনস্বাস্থ্য ও নৈতিক মূল্যবোধ রক্ষার লক্ষ্যে মদ ও জুয়া নিষিদ্ধ করা প্রয়োজন। মদ ও জুয়ার আসক্তি তরুণদের নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা ক্ষতিগ্রস্ত করে। এতে তারা অপরাধপ্রবণ হয়ে পড়তে পারে, পড়াশোনা ও কর্মজীবন থেকে বিচ্যুত হয় এবং সহজে অর্থ উপার্জনের লোভে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি থাকে। পাশাপাশি মদ্যপান শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি এবং পারিবারিক ও সামাজিক সম্পর্কের অবনতি ঘটায়। এছাড়া সংবিধানের ১৮ অনুচ্ছেদের আলোকে জনস্বাস্থ্য ও নৈতিকতার উন্নয়নের স্বার্থে দেশে মদ ও জুয়া নিষিদ্ধ করা প্রয়োজন বলেও উদ্দেশ্য ও কারণ অংশে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী, সরকারি বিলের বাইরে কোনো সংসদ সদস্য, যিনি মন্ত্রী নন, জনস্বার্থে আইন প্রণয়নের প্রস্তাব হিসেবে বেসরকারি বিল উত্থাপন করতে পারেন। তবে বিলটি উপস্থাপনের আগে সংসদের অনুমতি নিতে হয়। অনুমতি পাওয়ার পর বিলটি উত্থাপিত হলে তা পরবর্তী পর্যায়ে বিবেচনার জন্য সংসদের সিদ্ধান্ত অনুযায়ী অগ্রসর হয়। দেশে সংসদীয় ইতিহাসে বেসরকারি বিল উত্থাপনের নজির থাকলেও সেগুলোর খুব কম সংখ্যকই শেষ পর্যন্ত আইনে পরিণত হয়েছে। প্রয়োজনীয় সংসদীয় সমর্থনের অভাব, সরকারের অনাগ্রহ এবং পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় অধিকাংশ বেসরকারি বিল চূড়ান্ত পরিণতি পায় না। তবু জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে আইন প্রণয়নের প্রস্তাব এবং সংসদে রাজনৈতিক ও নীতিগত অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সংসদীয় মাধ্যম হিসেবে বেসরকারি বিলকে বিবেচনা করা হয়।

চকরিয়ায় বানের পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বানের পানিতে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় অতিভারি বর্ষণ ও মাতামুহুরী নদীতে নেমে আসা উজানের ঢলের পানি ঢুকে পড়ে বাড়ির ভেতরও। সেই ঢলের পানিতে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আড়াই বছরের এক শিশুর। একমাত্র শিশুকে হারিয়ে পরিবারসহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 

আজ বৃহস্পতিবার বিকেলের দিকে উপজেলার মাতামুহুরী নদীবিধৌত কাকারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মাইজ কাকারা গ্রামের সুলতান আহমদের বাড়ির ভেতর এই ঘটনা ঘটে। 

মারা যাওয়া আড়াই বছর বয়সী শিশুর নাম মোহাম্মদ ওয়াকিম। সে মাইজপাড়া গ্রামের সুলতান আহমদের পুত্র। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাকারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন। তিনি বলেন, ভয়াবহ এই বন্যায় কয়েকফুট পানিতে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এজন্য শিশু এবং বয়স্কদের ব্যাপারে সতর্ক না থাকলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।