• ই-পেপার

বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা

সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

দেশের ৮ অঞ্চলের ওপর দিয়ে বুধবার সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৯টা থেকে বুধবার (২৯ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পাঁচ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক

নিজস্ব প্রতিবেদক
পাঁচ দফা দাবিতে সারা দেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুল্যান্স ধর্মঘটের ডাক
ছবি: কালের কণ্ঠ

পাঁচ দফা দাবিতে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি অ্যাম্বুল্যান্স চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতি’। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ধর্মঘট অব্যাহত থাকবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।

মঙ্গলবার (২৮ ‍জুলাই) সংগঠনটির সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক বাদল মাদবর এক যৌথ বিজ্ঞপ্তিতে এবং গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক বাদল মাদবর (সরদার) বলেন, ‘বুধবার সকাল ৬টা থেকে দেশের কোথাও কোনো বেসরকারি অ্যাম্বুল্যান্স চলবে না। দীর্ঘদিন ধরে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো জানিয়ে আসছি, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের পাঁচ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই ধর্মঘট চলমান থাকবে।’

অ্যাম্বুল্যান্স মালিক কল্যাণ সমিতির ৫ দফা দাবিগুলো হলো—

১. অ্যাম্বুল্যান্স-সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালা দ্রুত বাস্তবায়ন করা।

২. দেশের প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুল্যান্সের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা।

৩. হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অ্যাম্বুল্যান্সের কাছ থেকে টোল আদায় বন্ধ করা (টোল ফ্রি বাস্তবায়ন)।

৪. লাশবাহী ফ্রিজিং ভ্যান ও অ্যাম্বুল্যান্সের ওপর থেকে সব ধরনের টোল সম্পূর্ণ মওকুফ করা।

৫. রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সে ২৪ ঘণ্টা জ্বালানি সরবরাহের নিরবচ্ছিন্ন ব্যবস্থা করা।

তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
তারেক রহমানের সঙ্গে ফোনালাপ নিয়ে জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে জ্বালানি ও বিনিয়োগ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইবরাহিম।

মঙ্গলবার (২৮ জুলাই) দুই নেতার মধ্যে অনুষ্ঠিত টেলিফোন আলাপে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে অফিশিয়াল ফেসবুক পেজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর অফিস এ তথ্য জানায়। আলাপে বাংলাদেশের চলমান গ্যাস সরবরাহ সংকটের বিষয়টি গুরুত্ব পায়।

এ সংকট মোকাবেলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে মালয়েশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান পেট্রোনাসের মাধ্যমে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে সহযোগিতার অনুরোধ জানান তিনি।

এ ছাড়া দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। বৈঠকে মালয়েশিয়ার এক্সিটা গ্রুপ বারহাডের বিনিয়োগ কার্যক্রমের অগ্রগতি এবং কৌশলগত অংশীদারির সম্ভাবনা নিয়ে কথা হয়। পাশাপাশি এমএমসি করপোরেশন বারহাডের সঙ্গে বন্দর ও অবকাঠামো খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা করেন দুই নেতা।

মালয়েশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরো শক্তিশালী করতে দেশটি প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সম্মান, বাস্তবভিত্তিক সহযোগিতা এবং দুই দেশের জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এ সম্পর্ক এগিয়ে নেওয়া হবে।

দুই দেশের মধ্যে জ্বালানি নিরাপত্তা, বিনিয়োগ, বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারি আগামী দিনে আরো সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার

অনলাইন ডেস্ক
সিটি করপোরেশনের তালিকায় যুক্ত হচ্ছে কক্সবাজার

দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে কক্সবাজার যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

প্রায় ১৫৭ বছরের পুরনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে।

জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরো জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার সীমা পেরিয়ে ২৬ কোটি ৮০ লাখ টাকায় উঠেছে। একই সময়ে দৈনিক পানি উৎপাদন গড়ে ৪৯ কোটি ৬০ লাখ লিটারে পৌঁছেছে, যা সংস্থাটির দাবি অনুযায়ী রেকর্ড।

এছাড়া এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) বেলাল হোসেনকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মাহবুবের রহমান শামীম। তার নিয়োগের মাধ্যমে ৬৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ সম্পন্ন হলো; বাকি আছে ঠাকুরগাঁও।
 

বাণিজ্য সহযোগিতা নিয়ে বাংলাদেশ-চীন আলোচনা | কালের কণ্ঠ