বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে রাজশাহীর পুঠিয়া উপজেলার ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি এবং দেশের অন্যতম বৃহৎ পাইকারি আমের বাজার বানেশ্বর আম বাজার পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) চার সদস্যের একটি প্রতিনিধিদল নিয়ে দুপুর ২টা ৫ মিনিটে পুঠিয়া রাজবাড়িতে পৌঁছান রাষ্ট্রদূত। এ সময় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
পরে পুঠিয়া রাজবাড়ি জাদুঘরের বিভিন্ন স্থাপনা, ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্যশৈলী ঘুরে দেখেন তিনি। এ সময় রাজবাড়ির ইতিহাস, ঐতিহ্য এবং সংরক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন রাষ্ট্রদূত।
রাজবাড়ি পরিদর্শন শেষে দুপুর ২টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত বানেশ্বর আমবাজারের উদ্দেশে রওনা হন। বিকেল ৩টা ২০ মিনিটে সেখানে পৌঁছে তিনি বাজারের বিভিন্ন আড়ত ও দোকান পরিদর্শন করেন এবং আমের বিপণন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি স্থানীয়ভাবে উৎপাদিত আমের বাজারজাতকরণ ও রপ্তানির সম্ভাবনা সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ৪৫ মিনিটে রাষ্ট্রদূত তার সফরসঙ্গীদের নিয়ে রাজশাহীর উদ্দেশে রওনা দেন।
স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ফ্রান্সের রাষ্ট্রদূতের এ সফর পুঠিয়ার ঐতিহাসিক স্থাপনা এবং রাজশাহী অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো পরিচিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।




