চট্টগ্রামের চন্দনাইশে প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর একাকী ঘরে আবদুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, আনুমানিক চার দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে কিংবা অন্য কোনো কারণে নিজ ঘরেই তার মৃত্যু হয়।
সোমবার (২৭ জুলাই) রাতে চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া এলাকার নিজ ঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবদুর রহমান ওই এলাকার মৃত কালা মিয়া সওদাগরের ছেলে।
পুলিশ জানায়, আবদুর রহমানের স্ত্রী ও তিন ছেলে দুবাইতে বসবাস করেন। গত জানুয়ারি মাসে মেজ ছেলের বিয়ে উপলক্ষে পরিবারটির সব সদস্য দেশে এসেছিলেন। অনুষ্ঠান শেষে পরিবারের সবাই দুবাই ফিরে গেলেও মেজ ছেলের স্ত্রী দোহাজারীতে নিজ বাপের বাড়িতে ছিলেন। গত কয়েক দিন ধরে দুবাই থেকে ছেলেরা ফোনে বাবাকে না পেয়ে বিষয়টি দোহাজারীতে থাকা তাদের ভাইয়ের স্ত্রীকে জানান।
সোমবার বিকেলে ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে এসে দেখেন দরজার হুক ভেজানো অবস্থায় রয়েছে। ভেতরে ঢুকে খাটের ওপর আবদুর রহমানের অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তিনি স্থানীয়দের ও পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রাইহান জানান, আবদুর রহমানের স্ত্রী সম্প্রতি দুবাইতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে সেখানকার একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। তিনি নিজেও একসময় পরিবারের সঙ্গে প্রবাসে ছিলেন।
প্রতিবেশীরা জানান, গত শুক্রবার তাকে শেষবারের মতো এলাকায় দেখা গিয়েছিল। সামাজিকভাবে কিছুটা একা থাকার কারণে তার অনুপস্থিতি কারো নজরে আসেনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানা পুলিশের অনুমতি নিয়ে গাউসিয়া কমিটির মানবিক টিম লাশটি উদ্ধার কাজে সহায়তা করে।
চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও গাউসিয়া কমিটির উপজেলা মানবিক টিমের প্রধান মাওলানা সোলাইমান ফারুকী বলেন, ‘সোমবার সন্ধ্যায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং পুলিশের সহায়তায় এশার নামাজের আগেই খাটের ওপর থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি।’
চন্দনাইশ থানার ওসি (তদন্ত) মো. লিটন মিয়া জানান, খবর পেয়ে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। গাউসিয়া কমিটির সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘পারিবারিক সূত্রমতে গত বৃহস্পতিবার ছেলেদের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। ধারণা করা হচ্ছে শুক্রবার রাতের কোনো একসময় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’




