• ই-পেপার

যশোরে ধানের বস্তার ভেতর থেকে ওয়ান শ্যুটার গান উদ্ধার

শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের

নারায়ণগঞ্জ সিটি প্রতিনিধি
শীতলক্ষ্যায় গোসলে নেমে ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের
সংগৃহীত ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে মো. ইমন (১০) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। প্রায় দুই ঘণ্টার উদ্ধার অভিযানের পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের সোনামিয়া স্টেডিয়াম সংলগ্ন পারটেক্স পেপার মিলের সামনে শীতলক্ষ্যা নদীর ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন ঢাকার ডেমরা থানার বড় ভাঙ্গা (সারুলিয়া) এলাকার ঝালমুড়ি বিক্রেতা মিলন মিয়া ও মমতাজ বেগমের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের মতো বাবা মিলন মিয়ার সঙ্গে সোনামিয়া স্টেডিয়াম এলাকায় ঝালমুড়ি বিক্রি করতে আসে ইমন। একপর্যায়ে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে সে। গোসলের সময় হঠাৎ পানিতে তলিয়ে যায় ইমন।

বিষয়টি সঙ্গে থাকা শিশুরা তার বাবাকে জানালে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর বিকেল সাড়ে ৪টার দিকে নদীর তলদেশ থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের স্টেশন লিডার হারুনুর রশিদ বলেন, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি নদীতে গোসল বা পানিতে নামার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন
ছবি : কালের কণ্ঠ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ লোহা বোঝাই একটি লরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এতে গাড়ির ইঞ্জিন, যন্ত্রাংশ ও স্ক্র্যাপ লোহার একটি অংশ পুড়ে গেছে। সংশ্লিষ্টদের দাবি, এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে একটি ড্রাম ট্রাক সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল মিলে যাচ্ছিল। পথে সলিমপুর কালুশাহনগর এলাকায় রেলওয়ে ওভারব্রিজের ওপর উঠলে হঠাৎ গাড়িটিতে আগুন ধরে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল।

আবুল খায়ের স্টিল মিলের ইনচার্জ ও এইচআর (অ্যাডমিন) মো. ইমরুল কাদের ভূঁইয়া বলেন, বন্দর থেকে স্ক্র্যাপ লোহা নিয়ে কারখানায় আসার পথে গাড়িতে আগুন লাগে। এতে অন্তত ২০ লাখ টাকার সম্পদহানি হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর রফিক আহমেদ মজুমদার বলেন, সন্ধ্যায় গাড়িটি ব্রিজের ওপর উঠলে আগুন ধরে যায়। তবে এ ঘটনায় মহাসড়কে যানজট সৃষ্টি হয়নি।

বারআউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আরিফুল আলম বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি করপোরেশনে চাকরি পেলেন তৃতীয় লিঙ্গের অভি
ছবি : কালের কণ্ঠ

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) প্রথমবারের মতো তৃতীয় লিঙ্গের একজন নাগরিক চাকরি পেয়েছেন। দৈনিক মজুরি ভিত্তিতে মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দিয়েছে সিটি করপোরেশন। মঙ্গলবার (২৮ জুলাই) বিসিসির প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন তার হাতে নিয়োগপত্র তুলে দেন।

মাইদুল ইসলাম অভি বরিশাল সিটি করপোরেশনের প্রশাসকের দপ্তরে দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘এটি বরিশাল সিটি করপোরেশনে তৃতীয় লিঙ্গের কোনো নাগরিকের প্রথম কর্মসংস্থানের সুযোগ। অভি তার স্বাচ্ছন্দ্য অনুযায়ী প্রশাসক মহোদয়ের দপ্তরে কাজ করবেন।’

নিয়োগ প্রসঙ্গে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, সমতা, অন্তর্ভুক্তি ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে এ নিয়োগ একটি ইতিবাচক দৃষ্টান্ত। সমাজের মূলধারায় সব নাগরিকের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে বিসিসির এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, বৈষম্যের দেয়াল ভেঙে সম্ভাবনার নতুন পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করতেই তৃতীয় লিঙ্গের নাগরিক মাইদুল ইসলাম অভিকে নিয়োগ দেওয়া হয়েছে।

এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করে নিল প্রতারক, বিপাকে ঢাবি শিক্ষার্থী

ময়মনসিংহ প্রতিনিধি
এনআইডি জালিয়াতি করে পাসপোর্ট তৈরি করে নিল প্রতারক, বিপাকে ঢাবি শিক্ষার্থী
প্রতারক। সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অন্য এক ব্যক্তি জালিয়াতির মাধ্যমে পাসপোর্ট তৈরি করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী তোফায়েল আহমেদ ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের আব্দুল বারিকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে পড়াশোনা শেষ করেছেন। উচ্চশিক্ষার জন্য চীনে স্কলারশিপ পাওয়ায় বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে গত ২২ জুলাই ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্টের আবেদন করেন।

ভুক্তভোগীর অভিযোগ, গত রবিবার (২৬ জুলাই) ফিঙ্গারপ্রিন্ট যাচাই ও পাসপোর্ট সংগ্রহের জন্য অফিসে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাকে জানান, একই নাম ও এনআইডি ব্যবহার করে এর আগেই ঢাকা কেন্দ্রীয় পাসপোর্ট অফিস থেকে একটি পাসপোর্ট ইস্যু করা হয়েছে। বিষয়টি জানার পর তিনি আপত্তি জানালে কর্মকর্তারা নথিপত্র পুনরায় যাচাই করেন।

পরে অনুসন্ধানে জানা যায়, ২০২৪ সালের ১৪ অক্টোবর মোহাম্মদপুরের এক ব্যক্তি পাসপোর্টের জন্য আবেদন করেন এবং ৪ নভেম্বর তোফায়েল আহমেদের এনআইডির তথ্য ব্যবহার করে নিজের ছবি দিয়ে পাসপোর্ট সংগ্রহ করেন।

এদিকে বিষয়টি আলোচনায় আসার পর ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহম্মেদ ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি নিয়ে গণমাধ্যম বা অন্য কোথাও বেশি জলঘোলা না করার অনুরোধ জানান।

তিনি আশ্বাস দিয়ে বলেন, ইতিমধ্যে এই জালিয়াতি চক্র ও ঘটনার নেপথ্যের কারণ উদঘাটনে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনায় ভেতরের বা বাইরের যারা জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী তোফায়েল আহমেদ জানান, তার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে কিভাবে অন্য একজন পাসপোর্ট পেল, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় তার বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 

ময়মনসিংহ বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহম্মেদ কালের কণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সব নথি কেন্দ্রীয় পাসপোর্ট অফিসে পাঠানো হয়েছে।