• ই-পেপার

সাংবাদিকতা না করেই ‘সম্পাদক’ সাজেন হিরণ, নানা কৌশলে অপদস্থ করেন বিউটি রানীকে

আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি
আশুলিয়ায় পরিত্যক্ত কূপে পড়ে যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

সাভারের আশুলিয়ায় একটি পরিত্যক্ত কূপে পড়ে মেহেদী হাসান (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে আশুলিয়ার চারাবাগ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসানের বরিশালের মুলাদি উপজেলার বাসিন্দা। তিনি আশুলিয়ায় একটি বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার সকালে মেহেদী হাসান অসাবধানতাবশত একটি পরিত্যক্ত কূপে পড়ে যান। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদুল কবির বলেন, সকাল ১০টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরিত্যক্ত কূপ থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, পরিত্যক্ত কূপে সাধারণত বিষাক্ত গ্যাস জমে থাকে। ধারণা করা হচ্ছে, প্রায় দুই ঘণ্টা কূপের ভেতরে আটকে থাকায় বিষাক্ত গ্যাসের প্রভাবে তার অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

সাড়ে ৫ বছর পর ভারত থেকে ফের পাথর আমদানি শুরু

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
সাড়ে ৫ বছর পর ভারত থেকে ফের পাথর আমদানি শুরু
সংগৃহীত ছবি

দীর্ঘ সাড়ে পাঁচ বছর পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পাথর আমদানি শুরু হয়েছে। এতে বন্দরসংশ্লিষ্ট আমদানিকারক, শ্রমিক, পরিবহন মালিক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর পাথর আমদানি চালু হওয়ায় বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাক্স কম্পানি গত ২৭ জুলাই থেকে হিলি স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু করেছে। এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ২৭টি ট্রাকে ভারত থেকে পাথর আমদানি করেছে।

বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পাথর আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়েন। একই সঙ্গে বন্দরের শ্রমিক, পরিবহন খাত ও অন্যান্য সেবার সঙ্গে জড়িতদের কাজও কমে যায়। পুনরায় পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরের সার্বিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

আমদানিকারকরা আশা করছেন, পাথর আমদানি ধারাবাহিকভাবে চলতে থাকলে দেশের বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রীর চাহিদা পূরণের পাশাপাশি বাজারে সরবরাহও বাড়বে। একই সঙ্গে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং বন্দরের কার্যক্রম আরো গতিশীল হবে।

প্রয়োজনীয় শুল্ক ও কাস্টমস কার্যক্রম সম্পন্ন করেই পাথর খালাস করা হচ্ছে। ভবিষ্যতে আরো বেশি পরিমাণে পাথর আমদানির সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক
সংগৃহীত ছবি

এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল পৌনে ৫টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়। 

এর আগে বৈরী আবহাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে বিকেল পৌনে ৪টা থেকে ওই নৌপথে সব লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয় বিআইডাব্লিউটিএ। 

বিআইডাব্লিউটিএর ট্রাফিক সুপারভাইজার মো. শিমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এক ঘণ্টা লঞ্চ সার্ভিস বন্ধ ছিল। আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

চাঁদা তোলার সময় অটোরিকশায় হাতির ধাক্কা, শিশু নিহত

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
চাঁদা তোলার সময় অটোরিকশায় হাতির ধাক্কা, শিশু নিহত
সংগৃহীত ছবি

ফরিদপুরের সদরপুরে হাতি দিয়ে চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে ১০ মাস বয়সী এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো কয়েকজন যাত্রী আহত হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নে আটরশি এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত শিশু আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্লার মেয়ে।

এ ঘটনায় উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দেয় এবং হাতিটিকে আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতির মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। 

আটক বকুল মিয়া জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাদারের চর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশু আরিশা জান্নাতকে তার মা সদরপুর হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য ব্যাটারিচালিত অটোরিকশায় করে নিয়ে যাচ্ছিলেন। আটরশি এলাকায় হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন গাড়ি আটকিয়ে টাকা তুলছিলেন এক ব্যক্তি। হাতির সামনে আসা মাত্রই হাতির ধাক্কায় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মায়ের সঙ্গে থাকা শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এরপর সেখান থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আল মামুন শাহ বলেন, ‘এ ঘটনায় হাতির মাহুতকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। হাতিটি উদ্ধার করে থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।’