• ই-পেপার

আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা : ত্রাণ প্রতিমন্ত্রী

১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগের পর ওই কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৮ জুলাই) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেলেও কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তারা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্র জানায়, গত রবিবার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়ন সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল। কমিটি ঘোষণার এক দিনের মাথায় সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে কমিটির দায়িত্ব নিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল
ছবি : কালের কণ্ঠ

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) জমি দখল, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য দূর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরকার। তাদের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কষ্ট আমাদের কষ্ট। বিভিন্ন সময়ে সুবিধাবাদী লোকজন তাদের জমি দখল করেছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। এই বৈষম্য দূর করাই আমাদের লক্ষ্য।’

মন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল সংরক্ষিত মহিলা আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি পাহাড়ি ও সনাতন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। শিগগিরই একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যেখানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।’

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ধর্মযাজক ও সাবেক খেলোয়াড়দের ভাতা প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তা হতে আগ্রহী এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা সহায়তা পাবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের অধিকার আদায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আরো সোচ্চার হতে হবে। তাদের কোনো জমি যেন জোরপূর্বক দখল করা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঠাকুরগাঁওয়ের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে বর্তমানে ঢাকায় জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া দলে খেলছে, যা জেলার জন্য গর্বের বিষয়।’

বক্তব্যের শেষে বিগত নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে নিয়েই কাজ করতে চাই। আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।’

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি
শিবপুরে আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত
ছবি: কালের কণ্ঠ

বিএনপির সাবেক মহাসচিব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উপজেলার ধানুয়া এলাকায় তার সমাধির পাশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্যসচিব আলহাজ আরিফ উল ইসলাম মৃধা।

বক্তারা বলেন, আবদুল মান্নান ভূঁইয়া ছিলেন দেশের গণতান্ত্রিক আন্দোলনের সাহসী কণ্ঠস্বর। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। রাজনৈতিক জীবনে সততা, আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার আদর্শ ও কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

আলোচনাসভা শেষে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

কুমিল্লা ও সাতক্ষীরা সীমান্তে ধারাবাহিক অভিযান চালিয়ে বিভিন্ন সময়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে পৃথকভাবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এবং সাতক্ষীরার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) সদরে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন আয়োজিত মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবির সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন। অন্যদিকে নীলডুমুর ব্যাটালিয়ন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান।

নীলডুমুর ব্যাটালিয়ন জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্ত এলাকায় চালানো বিভিন্ন অভিযানে ৪১ জন আসামিসহ ৫১ কোটি ৮৫ লাখ ৭৫৫০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য আজ ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে ছিল বিপুল পরিমাণ মদ, ফেনসিডিল ও সমজাতীয় নেশাদ্রব্য, ইয়াবা, গাঁজা, হেরোইন, বিভিন্ন প্রকার অবৈধ ওষুধ, মাদকজাতীয় ট্যাবলেট, এলএসডি এবং ২.৪০০ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।