• ই-পেপার

সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
সংগৃহীত ছবি

রাজশাহীর পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রী জীবিত তীরে পৌঁছালেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে নগরের বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে ওঠা একটি চরে খড় কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে ফিরছিলেন। নিখোঁজ জিয়ারুল ইসলামের মা জাহেরা বেগমসহ (৫৫) নৌকাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল ইসলাম পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মুঞ্জিল হক বলেন, ‘নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী
ছবি: কালের কণ্ঠ

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকতার নামের এক দল ব্ল্যাকমেইলার তৈরি হচ্ছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার। প্রকৃত সাংবাদিকরা আমাদের বন্ধু। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয়। ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কেউ দুর্নীতি করতে না পারে। সেদিকে সকলের সজাগ থাকতে হবে।

এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইনশৃঙ্খলাসভায় অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা যায়।

তথ্যমন্ত্রী আরো বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন তিনি।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৬ নেতার পদত্যাগের পর লক্ষ্মীপুরে যুবদলের কমিটি বিলুপ্ত
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটির ৩১ সদস্যের মধ্যে ১৬ জনের পদত্যাগের পর ওই কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। মঙ্গলবার (২৮ জুলাই) যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ভূঁইয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তবে বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির কারণ উল্লেখ করা হয়নি।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক শামছুল আহসান মামুন বলেন, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় কুশাখালী ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত করা হয়েছে। তবে এ সিদ্ধান্তের কারণ সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।

জেলা যুবদলের সভাপতি আবদুল আলিম হুমায়ুন বলেন, কমিটি ঘোষণার পর কয়েকজন নেতার পদত্যাগের খবর পাওয়া গেলেও কোনো পদত্যাগপত্র জেলা কমিটির কাছে জমা পড়েনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর তা কেন্দ্রীয় নেতাদের নজরে এলে তারা কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেন।

দলীয় সূত্র জানায়, গত রবিবার (২৬ জুলাই) রাতে ফেসবুকের মাধ্যমে কুশাখালী ইউনিয়ন যুবদলের নতুন কমিটি প্রকাশ করা হয়। এর আগে ইউনিয়ন সম্মেলনও অনুষ্ঠিত হয়েছিল। কমিটি ঘোষণার এক দিনের মাথায় সোমবার (২৭ জুলাই) ছয় যুগ্ম আহ্বায়কসহ ১৬ জন পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের অভিযোগ, অর্থের বিনিময়ে প্রবাসীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে এবং প্রত্যাশিত পদ না পাওয়ায় তারা পদত্যাগ করেছেন। তাদের দাবি, নতুন কমিটির আহ্বায়ক আব্দুর রশিদ ও সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ বিদেশ থেকে এসে কমিটির দায়িত্ব নিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানানো হয়নি।

উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : মির্জা ফখরুল
ছবি : কালের কণ্ঠ

দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাদের (ক্ষুদ্র নৃগোষ্ঠী) জমি দখল, শিক্ষা ও কর্মসংস্থানে বৈষম্য দূর করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে সরকার। তাদের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের কষ্ট আমাদের কষ্ট। বিভিন্ন সময়ে সুবিধাবাদী লোকজন তাদের জমি দখল করেছে। শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও তারা পিছিয়ে রয়েছে। এই বৈষম্য দূর করাই আমাদের লক্ষ্য।’

মন্ত্রী বলেন, ‘প্রথমবারের মতো একটি রাজনৈতিক দল সংরক্ষিত মহিলা আসনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর একজন প্রতিনিধিকে মনোনয়ন দিয়েছে। পাশাপাশি পাহাড়ি ও সনাতন ধর্মাবলম্বীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে। শিগগিরই একটি বড় সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যেখানে প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে।’

সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, ‘ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, ধর্মযাজক ও সাবেক খেলোয়াড়দের ভাতা প্রদানসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচি মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি আরো বলেন, ‘সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জন্য ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। এই তহবিল থেকে উদ্যোক্তা হতে আগ্রহী এবং ক্ষুদ্র ব্যবসা শুরু করতে ইচ্ছুক ব্যক্তিরা সহায়তা পাবেন।’

মির্জা ফখরুল বলেন, ‘নিজেদের অধিকার আদায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষকে আরো সোচ্চার হতে হবে। তাদের কোনো জমি যেন জোরপূর্বক দখল করা না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। ঠাকুরগাঁওয়ের অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেয়ে বর্তমানে ঢাকায় জাতীয় পর্যায়ের বিভিন্ন ক্রীড়া দলে খেলছে, যা জেলার জন্য গর্বের বিষয়।’

বক্তব্যের শেষে বিগত নির্বাচনে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে নিয়েই কাজ করতে চাই। আসুন, সবাই মিলে একটি বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি।’

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপকারভোগীরা উপস্থিত ছিলেন।