• ই-পেপার

নাহিদ ছিটকে যাওয়ায় ‘পুড়ছে’ ইয়ান বিশপের মন

মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় আয়রনম্যান ৭০.৩ সম্পন্ন করলেন স্নিগ্ধ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ট্রায়াথলন প্রতিযোগিতা আয়রনম্যান ৭০.৩ দেসারু কোস্ট সফলভাবে সম্পন্ন করেছেন জাতীয় পর্যায়ের দীর্ঘপাল্লার দৌড়বিদ ও বিটোপিয়া গ্রুপের ওয়েলবিং অ্যাম্বাসাডর সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। এই সাফল্যের মাধ্যমে তিনি আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় স্নিগ্ধ ৪ ঘণ্টা ৫০ মিনিট ২৯ সেকেন্ড সময় নিয়ে ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার হাফ ম্যারাথন সম্পন্ন করেন। ২৫ থেকে ২৯ বছর বয়সভিত্তিক বিভাগে তিনি ৩৯ জন প্রতিযোগীর মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেন। আর সব বয়স বিভাগের ৪০৬ জন সফল প্রতিযোগীর মধ্যে তার অবস্থান ছিল ৩৬তম।

এই ফলাফলের ভিত্তিতেই তিনি আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেন। একই প্রতিযোগিতা থেকে বাংলাদেশের আরেক ট্রায়াথলেট মোহাম্মদ সামছুজ্জামান আরাফাতও বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করেছেন।

আয়রনম্যান ৭০.৩ বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ হাফ-ডিস্ট্যান্স ট্রায়াথলন সিরিজগুলোর একটি। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিযোগীদের ১.৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং এবং ২১.১ কিলোমিটার দৌড় শেষ করতে হয়। বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ও অপেশাদার অ্যাথলেটরা এতে অংশ নেন।

সাজ্জাদ হোসেন স্নিগ্ধর জন্য এই অর্জন বিশেষ তাৎপর্যপূর্ণ। এটি ছিল তার দ্বিতীয় আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতা। এর আগে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩-এ অংশ নিলেও তিনি ফিনিশিং লাইন অতিক্রম করতে পারেননি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দীর্ঘ সময় ধরে নিজের সক্ষমতা, কৌশল এবং সহনশীলতা উন্নত করেন। মালয়েশিয়ায় সফলভাবে প্রতিযোগিতা শেষ করার পাশাপাশি বিশ্ব চ্যাম্পিয়নশিপের যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে তিনি নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ এক মাইলফলক স্পর্শ করলেন।

প্রতিক্রিয়ায় স্নিগ্ধ বলেন, এই অর্জন শুধু আমার ব্যক্তিগত সাফল্য নয়, বাংলাদেশের ট্রায়াথলন কমিউনিটির জন্যও একটি অনুপ্রেরণা। আমাদের দেশে এখনো ট্রায়াথলনের প্রয়োজনীয় অবকাঠামো, প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা খুব সীমিত। তার পরও আমরা যদি পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে পারি, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল করা সম্ভব।

তিনি বলেন, কলম্বোয় রেস শেষ করতে না পারার হতাশা আমাকে আরো কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। মালয়েশিয়ায় ফিনিশিং লাইন অতিক্রম করার মুহূর্তটি ছিল আমার দীর্ঘ প্রস্তুতি ও আত্মবিশ্বাসের প্রতিফলন। এখন আমার লক্ষ্য বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের পতাকা বহন করা এবং ভবিষ্যতে পূর্ণ দূরত্বের আয়রনম্যান প্রতিযোগিতায় অংশ নেওয়া।

স্নিগ্ধ দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে দীর্ঘপাল্লার দৌড়ে সাফল্যের পাশাপাশি ফিটনেস ও সহনশীলতাভিত্তিক প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। অনলাইন ও অফলাইনে তিনি অসংখ্য রানার ও ফিটনেস অনুরাগীকে প্রশিক্ষণ দিয়েছেন। স্বাস্থ্যকর জীবনধারা, নিয়মিত শরীরচর্চা এবং মানসিক দৃঢ়তা নিয়ে সচেতনতা তৈরিতেও তিনি কাজ করছেন।

স্নিগ্ধর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বিটোপিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও গ্রুপ সিইও মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেন, সাজ্জাদ হোসেন স্নিগ্ধর এই অর্জন শুধু একজন অ্যাথলেটের ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের সম্ভাবনার প্রতিফলন। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তিনি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছেন।

তিনি আরো বলেন, বিটোপিয়া বিশ্বাস করে, মেধা ও স্বপ্নকে এগিয়ে নিতে প্রয়োজন আস্থা এবং দীর্ঘমেয়াদি পৃষ্ঠপোষকতা। সেই বিশ্বাস থেকেই আমরা স্নিগ্ধকে ওয়েলবিং অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত করেছি। আমরা চাই, তার মতো আরো প্রতিভাবান, পরিশ্রমী ও সাহসী তরুণ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। খেলাধুলা, প্রযুক্তি কিংবা উদ্ভাবন—যে ক্ষেত্রেই সম্ভাবনাময় মানুষ উঠে আসবেন, তাদের পাশে দাঁড়াতে এবং দীর্ঘমেয়াদি যাত্রার অংশীদার হতে বিটোপিয়া প্রতিশ্রুতিবদ্ধ।

নাহিদ রানাও অস্ট্রেলিয়া যাচ্ছেন, তবে...

ক্রীড়া ডেস্ক
নাহিদ রানাও অস্ট্রেলিয়া যাচ্ছেন, তবে...
চিকিৎসার উদ্দেশ্যে আজ রাতে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ রানা। ছবি : কালের কণ্ঠ

চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন নাহিদ রানা। তাই স্বাভাবিকভাবেই অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা নয় তার। কিন্তু বাংলাদেশি পেসার যাচ্ছেন। 

মাঠে বল হাতে ঝড় তোলার উদ্দেশ্যে অবশ্য নয়, চিকিৎসার জন্য যাচ্ছেন নাহিদ। পায়ের শিনবোনের চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। 

সেই লক্ষ্যে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে বিমানে চড়বেন নাহিদ। তার সঙ্গী হচ্ছেন দুই টেস্টের সিরিজে থাকা পেসার তাসকিন আহমেদ। গোড়ালির সমস্যার জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন ৩১ বছর বয়সী পেসার।

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে বাংলাদেশ। পেস সহায়ক উইকেট নাহিদ-তাসকিন জুটি দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। তবে সেই আশায় গুঁড়েবালি দিয়েছে নাহিদের চোট। সিরিজটি খেলতে আগামী ১ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট, ডারউইনে। বিপরীতে ম্যাকাইতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২২ আগস্ট।

কাভা মেনস ভলিবল

উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
উজবেকিস্তানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
ফাইনালের টিকিট নিশ্চিত করার পর বাংলাদেশের খেলোয়াড়দের ফটোসেশন। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে প্রত্যাবর্তনের গল্প লিখে কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। আজ কোনো কামব্যাকের গল্প নয়, প্রতিপক্ষকে উড়িয়ে ফাইনালের টিকিট পেয়েছে বাংলাদেশ।

ইসলামাবাদে উজবেকিস্তানকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছেন হরসিত-সুজনরা। প্রথম সেটে ২৫-২১ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।

দ্বিতীয় সেটের রাজত্ব আরো বাড়ে। ২৫-২০ ব্যবধানে জয় পায়। ম্যাচ বাঁচাতে যখন তৃতীয় সেট জয়ের বিকল্প নেই, সেই সেটে উজবেকিস্তানের পরাজয় আরো করুণ হয়। বাংলাদেশ ২৫-১৯ সেটে জিতে ফাইনালের টিকিট পায়। 

আগামী ২৯ জুলাই ফাইনাল। সেদিন প্রতিপক্ষ হবে শ্রীলঙ্কা ও স্বাগতিক পাকিস্তানের মধ্যেকার জয়ী দল।

ফ্রান্সের নতুন কোচ জিদান

ক্রীড়া ডেস্ক
ফ্রান্সের নতুন কোচ জিদান
ছবি : রয়টার্স

অবশেষে গুঞ্জনই সত্যি হলো। ফরাসিদের ডাগআউটে শুরু হচ্ছে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়। দিদিয়ে দেশম দায়িত্ব ছাড়ার পর ফরাসি ফুটবলের কিংবদন্তি তারকা জিনেদিন জিদানকেই আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে ঘোষণা করেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। 

ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালো। 

দীর্ঘদিন ধরেই ফরাসিদের কোচের হটসিটে বসার আলোচনায় সবার ওপরে ছিলেন জিনেদিন জিদান। নিজেও এই স্বপ্নের পদে বসার জন্য মুখিয়ে ছিলেন বছরের পর বছর। ২০২১ সালে রিয়াল মাদ্রিদের ডাগআউট ছাড়ার পর থেকে আর কোনো ক্লাবের দায়িত্ব নেননি ৫৪ বছর বয়সী এই মাস্টারমাইন্ড। রিয়াল মাদ্রিদকে কোচ হিসেবে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ (২০১৬, ২০১৭ ও ২০১৮) জেতানোর অবিশ্বাস্য কীর্তি রয়েছে তার ঝুলিতে, যা আধুনিক ফুটবল ইতিহাসে আর কারো নেই।

২০১২ সাল থেকে টানা এক যুগেরও বেশি সময় ফ্রান্সকে কোচিং করানো দেশম ২০২৬ বিশ্বকাপের পর ডাগআউটকে বিদায় জানান। সদ্য সমাপ্ত টুর্নামেন্টের সেমিফাইনালে স্পেনের কাছে হেরে বিদায় নেয় ফ্রান্স। দেশমের অধীনে ২০১৮ সালে বিশ্বজয়ের স্বাদ পায় ফরাসিরা, আর ২০২২ সালে ফাইনালে গিয়ে টাইব্রেকারে হারতে হয় তাদের। এছাড়া ২০১৬ সালে ঘরের মাঠে ইউরো কাপের ফাইনালেও দল হেরেছিল তার অধীনেই।

জিদানের হাতে দায়িত্ব ওঠার মাধ্যমে আরো এক সাবেক ফরাসি সতীর্থের পথ অনুসরণ করলেন তিনি। এর আগে জিদানের ১৯৯৮ বিশ্বকাপজয়ী সতীর্থ লরেন ব্লাঙ্ক (২০১০-২০১২) ও দিদিয়ে দেশম ফ্রান্সের কোচের দায়িত্ব সামলেছেন।

খেলোয়াড় হিসেবে জিদানের অবদান ফরাসি ফুটবলের স্বর্ণাক্ষরে লেখা। ১৯৯৮ সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের বিপক্ষে ৩-০ ব্যবধানের জয়ে জিজুর জোড়া গোল আজও স্মরণীয়। দু’বছর পর ২০০০ সালে ফ্রান্সকে ইউরো চ্যাম্পিয়ন করতেও তিনি রেখেছিলেন মূল ভূমিকা। সেই বছরই জিতেছিলেন ব্যালন ডি’অর। 

দেশের হয়ে ১০৮ ম্যাচে ৩১ গোল করা এই প্লেমেকারের ২০০৬ বিশ্বকাপ ফাইনালের সেই বিখ্যাত প্যানেনকা শট এবং অতিরিক্ত সময়ে মার্কো মাতেরাজ্জিকে ঢুঁস মেরে লাল কার্ড দেখার ঘটনা ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি।

জিদান যুগে ফ্রান্সের প্রথম পরীক্ষা শুরু হতে যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরে। নেশন্স লিগে আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে তাদের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। তিন দিন পর তাদের লড়াই বেলজিয়ামের বিপক্ষে। এরপর আগামী ২ অক্টোবর ঘরের মাঠ স্টাদে দে ফ্রান্সে ইতালিকে আতিথ্য দেবে জিদানের শিষ্যরা।