• ই-পেপার

ফেনী

একটি সেতুর অভাবে হাজারো মানুষের দুর্ভোগ

রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রায়গঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ৬ বছরের শিশুর
সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরে ডুবে সিয়াম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার শেখপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিয়াম শেখপাড়া গ্রামের আকরাম হোসেনের ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে সমবয়সী কয়েকজন শিশুর সঙ্গে গোসল করতে যায় সিয়াম। কিছুক্ষণ পর অন্য শিশুরা পুকুর থেকে উঠে এলেও সিয়াম আর বাড়ি ফেরেনি। দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন।

একপর্যায়ে সিয়ামের সঙ্গে গোসল করতে যাওয়া শিশুদের তথ্যের ভিত্তিতে বিকেলে পুকুরে খোঁজ করলে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মেয়ের পর পুলিশ সদস্য বাবারও ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
মেয়ের পর পুলিশ সদস্য বাবারও ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

ভোলা শহরের একটি ভাড়া বাসা থেকে মো. শাহাবুদ্দিন (৪২) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অফিসারপাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে চলতি বছরের ৪ মে একই বাসা থেকে তার একমাত্র মেয়ে তৈয়্যবা জাহান চৈতীর (১৬) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহাবুদ্দিন বরিশালের গৌরনদী উপজেলার বিজয়পুর ইউনিয়নের আদম আলী ফকিরের ছেলে। তিনি ভোলা আদালতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়ায় এবং মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া না পেয়ে এক সহকর্মী তার ভাড়া বাসায় যান। সেখানে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে বাড়ির মালিক ও ভোলা সদর মডেল থানাকে বিষয়টি জানানো হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, চলতি বছরের মে মাসে মেয়ে তৈয়্যবা জাহান চৈতীর মৃত্যুর পর স্ত্রীকে নিয়ে ওই বাসাতেই বসবাস করছিলেন শাহাবুদ্দিন। কয়েকদিন আগে তার স্ত্রী বরিশালে যান। তিনি বাসায় একাই ছিলেন।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, পুলিশ সদস্য শাহাবুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ
সংগৃহীত ছবি

রাজশাহীর পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ছয়জন যাত্রী জীবিত তীরে পৌঁছালেও বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে নগরের বড়কুঠি এলাকার মাঝ পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন পবা উপজেলার শ্যামপুরের শান্তিনগর এলাকার আফছার আলী (৬০) ও তার ছেলে জিয়ারুল ইসলাম (৪০)।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, পদ্মা নদীতে জেগে ওঠা একটি চরে ঘাস কাটতে গিয়েছিলেন তারা। কাজ শেষে একটি নৌকায় করে ফিরছিলেন। নিখোঁজ জিয়ারুল ইসলামের মা জাহেরা বেগমসহ (৫৫) নৌকাটিতে মোট আটজন যাত্রী ছিলেন। মাঝ নদীতে পৌঁছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে আফছার আলী ও তার ছেলে জিয়ারুল ইসলাম পানিতে তলিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

রাজশাহী সদর ফায়ার সার্ভিসের উপপরিচালক মুঞ্জিল হক বলেন, ‘নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তবে নদীর তীব্র স্রোতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।’

দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী
ছবি : কালের কণ্ঠ

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকতার নামের এক দল ব্ল্যাকমেইলার তৈরি হচ্ছে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘দেশে একটা দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার। প্রকৃত সাংবাদিকরা আমাদের বন্ধু।’ 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বরিশালের আগৈলঝাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। 

তথ্যমন্ত্রী বলেন, ‘সামনে স্থানীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচনে অস্থিতিশীল পরিস্থিতি যাতে তৈরি না হয়। ফ্যামিলি কার্ড নিয়ে যাতে কেউ দুর্নীতি করতে না পারে। সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।’

এ সময় আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্যসচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়াসহ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলাসভায় অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি সরকারি কার্যক্রম তথ্য-উপাত্ত ও নথিভিত্তিক (ডেটাভিত্তিক) হতে হবে। প্রতিটি কাজের প্রয়োজনীয় রেকর্ড ও প্রমাণ সংরক্ষণ নিশ্চিত করতে হবে, যাতে সেবার মান বজায় থাকে এবং প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করা যায়।’

তথ্যমন্ত্রী আরো বলেন, ‘জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হবে। কোনো সাধারণ মানুষ যেন সরকারি সেবা নিতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।’

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহম্মেদ, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।