রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
তিনি বলেন, শিক্ষার্থীদের জনসেবামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন আরো সহজ হবে।
মঙ্গলবার রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর পুরস্কার বিতরণী ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি বিশ্বজুড়ে স্বীকৃত। তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছি।’
শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভালো উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্য প্রতিষ্ঠানগুলোকেও উদ্বুদ্ধ করবে।
পরিচ্ছন্নতা কার্যক্রমকে কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রাখার কথা উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক জানান, ক্যাম্পেইনের মাধ্যমে এই কার্যক্রম নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের সচেতনতা বাড়িয়ে সিটি করপোরেশনের সেবাগুলো আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে প্রশাসক বলেন, ‘চেষ্টা থাকলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী ধারণা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে কাজে লাগানো হবে।’
অনুষ্ঠান শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীর, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।