• ই-পেপার

বিদ্যুৎ খাতে সিপিডির ১৭ প্রস্তাব

মার্কো রুবিওর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

অনলাইন ডেস্ক
মার্কো রুবিওর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বুধবার (২২ জুলাই) বিকেলে ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে তারা সাক্ষাৎ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে উভয় পক্ষ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে আলোচনা করেছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বিজয়ী হওয়ায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান মার্কো রুবিও। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ঢাকা সফরের আমন্ত্রণও জানান।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর উপস্থিত ছিলেন।

আহমদ ছফার দেহাবশেষ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর

অনলাইন ডেস্ক
আহমদ ছফার দেহাবশেষ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর
সংগৃহীত ছবি

মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হয়েছে সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার দেহাবশেষ। আজ বুধবার (২২ জুলাই) দুপুরে দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয়।

এর আগে ফেসবুকে আহমদ ছফার ভাতিজা নূরুল আনোয়ার একটি ছবি ও ভিডিও আপলোড করে দেহাবশেষ স্থানান্তরের বিষয়টি জানান।

প্রখ্যাত এই বুদ্ধিজীবীকে সাধারণ কবরস্থানে সমাহিত করা হয়েছিল। চলতি বছরের মে মাসে আহমদ ছফার কবর মিরপুরের সাধারণ কবরস্থান থেকে বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তরের সিদ্ধান্ত নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মৃত্যুর দুই যুগ পরে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রভাবশালী এবং প্রথাবিরোধী লেখক ও বুদ্ধিজীবীর কবর বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়ার সিদ্ধান্ত হয়। তখন লেখকের পরিবারের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএনসিসির ১৪তম করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছরের ১১ জানুয়ারি আহমদ ছফার পরিবারের পক্ষে তার ভাইয়ের ছেলে নূরুল আনোয়ার লেখকের কবর স্থানান্তরের জন্য আনুষ্ঠানিকভাবে আবেদন করেন।

আগামী ২ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

অনলাইন ডেস্ক
আগামী ২ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে
ছবি : কালের কণ্ঠ

এলএনজির ভাসমান টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব (অপারেশন অনুবিভাগ) মনির হোসেন চৌধুরী। বুধবার (২২ জুলাই) বিকেলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জরুরি ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, ‘ত্রুটি মেরামত চলছে, আগামী ২ দিনের মধ্যে সমাধান হবে বলে আশা করছি। সিএনজি স্টেশনে সংকট খুবই সাময়িক, এটি থাকবে না।’

মনির হোসেন চৌধুরী বলেন, একটি এফএসআরইউতে (এলএনজির ভাসমান টার্মিনাল) যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এর ফলে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ বিঘ্নিত হয়েছে। যে কারণে সিএনজি স্টেশনগুলোতে কিছুটা লাইন দেখা গেছে।

তিনি বলেন, দেশে প্রতিদিন প্রাকৃতিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্যে প্রতিদিন সরবরাহ করা যায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। সেদিক থেকে কিছুটা ঘাটতি দীর্ঘদিন ধরে আছে। তবে গ্যাস অনুসন্ধান নিয়ে অনেক দিন কাজ হয়নি। নতুন সরকার আসার পর থেকে এই কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

জ্বালানি তেলের সংকট নেই

দেশে ৩১ দিনের ডিজেল, ২৫ দিনের পেট্রল মজুদ আছে

অনলাইন ডেস্ক
দেশে ৩১ দিনের ডিজেল, ২৫ দিনের পেট্রল মজুদ আছে
ছবি: কালের কণ্ঠ

দেশে ৩১ দিনের ডিজেল মজুদ আছে। এ ছাড়া ২৫ দিনের পেট্রল এবং ৩৬ দিনের অকটেন রয়েছে।

আজ বুধবার জ্বালানি বিভাগের মুখপাত্র যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, জ্বালানির পর্যাপ্ত মজুদ থাকার পরও কেউ কেউ এ বিষয়ে গুজব ছড়াচ্ছে।

তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের কিছুটা ঘাটতি আছে। তবে নতুন গ্যাস উত্তোলনসহ ঘাটতি মোকাবেলার চেষ্টা করছে সরকার। একটি গুরুত্বপূর্ণ এলএনজি টার্মিনালে (এফএসআরইউ) সমস্যা দেখা দেওয়ায় গ্যাস নিয়ে সমস্যা দেখা দিচ্ছে। এটির সমাধান হলে পাম্পে সিএনজির লাইন কমে যাবে।

যুগ্ম সচিব আরো বলেন, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়েছে। তবে এর প্রভাব এবার সেভাবে পড়বে না। পরিশোধিত (রিফাইন্ড) কোনো তেল মধ্যপ্রাচ্যের যুদ্ধাক্রান্ত দেশ থেকে বাংলাদেশ আনে না। তাই এ ক্ষেত্রে সমস্যা নেই। আর ক্রুড অয়েল এসব দেশ থেকে আনা হলেও বিকল্প পথ দিয়ে আনার পরিকল্পনা আছে সরকারের।

কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। তাদের ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্বালানি সংকটের গুজব ছড়ানো হয়। দেশের অনেক স্টেশনে অতিরিক্ত ভিড়ও দেখা গেছে রাত থেকে।

সংকট তৈরির চেষ্টা থেকে জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।