• ই-পেপার

৪২ কর্মদিবসে ফল প্রকাশ : জাতীয় বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব গতিশীলতা

নোটিশের পর সেই ৬৩ জন শিক্ষককে জরুরি তলব মাউশির

অনলাইন ডেস্ক
নোটিশের পর সেই ৬৩ জন শিক্ষককে জরুরি তলব মাউশির
ছবি : কালের কণ্ঠ

জাল সনদ ব্যবহার করে এমপিওভুক্ত হওয়ার অভিযোগে দেশের বিভিন্ন বেসরকারি কলেজের ৬৩ জন শিক্ষককে সশরীরে চূড়ান্ত শুনানির জন্য তলব করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। বুধবার (২২ জুলাই) মাউশি থেকে তাদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ) কর্তৃক এসব শিক্ষকের সনদ জাল হিসেবে শনাক্ত হয়েছিল। আগামী ২৬ জুলাই থেকে শিক্ষা ভবনের ৩১৭ নম্বর কক্ষে এই শুনানি শুরু হবে। প্রতিদিন সকাল ১০টায় নির্ধারিত শিক্ষকদের শুনানি গ্রহণ করা হবে।

মাউশি সূত্রে জানা গেছে, ডিআইএর তদন্তে সনদ জাল প্রমাণিত হওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু তাদের দাখিল করা জবাব সন্তোষজনক হয়নি। অনেকেই কোনো জবাবই দেননি। এ অবস্থায় জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর ১৮.১(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী কেন তাদের এমপিও বাতিল বা স্থগিত করার চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে না, তা যাচাই করতেই এই শুনানির আয়োজন করা হয়েছে।

শুনানিতে সংশ্লিষ্ট শিক্ষকদের পাশাপাশি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদেরও সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। শুনানির সময় শিক্ষকদের তাদের সব মূল সনদ, নিয়োগ-সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং দুই সেট ফটোকপি (অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত) অবশ্যই সঙ্গে আনতে হবে। যদি কোনো শিক্ষক ইতোমধ্যে অবসরে যান, পদত্যাগ করেন বা মৃত্যুবরণ করেন, সে ক্ষেত্রেও প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও নথিপত্রসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকদের তালিকায় নওগাঁ, পাবনা, কুড়িগ্রাম, টাঙ্গাইল, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, ঝিনাইদহ, নীলফামারী, ময়মনসিংহ, রংপুর, সিরাজগঞ্জ, মাদারীপুর, রাজশাহী ও সাতক্ষীরার বিভিন্ন কলেজের শিক্ষকরা রয়েছেন।

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত
সংগৃহীত ছবি

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ফল প্রকাশের লক্ষ্যে কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে এবং সরকারের নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে বোর্ড। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আমাদের ২৭-২৮ তারিখ পর্যন্ত প্রস্তুতি সম্পন্ন করতে সময় লাগবে। এরপর সরকারের পক্ষ থেকে যখন সময় নির্ধারণ করা হবে, তখনই ফল প্রকাশ করা হবে।’

জানা গেছে, ফল প্রকাশের জন্য ট্যাবুলেশন, যাচাই-বাছাইসহ অন্যান্য কারিগরি কাজ শেষ পর্যায়ে রয়েছে। এসব কার্যক্রম শেষ হওয়ার পর শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে মোট ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

ঢাবি ক্যাম্পাসে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ শুরু ২৬ জুলাই, শিল্পীদের আহ্বান

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি ক্যাম্পাসে জুলাই গ্রাফিতি সংরক্ষণে রংকরণ শুরু ২৬ জুলাই, শিল্পীদের আহ্বান
সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতিসমূহ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গ্রাফিতির মূল বৈশিষ্ট্য, চেতনা ও তাৎপর্য অক্ষুণ্ন রেখে আগামী ২৬ জুলাই (রবিবার) থেকে এগুলো পুনরায় রংকরণ ও পুনর্লিখন কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমে অংশ নিতে গণ-অভ্যুত্থান-পরবর্তী তৎকালীন গ্রাফিতি অঙ্কন শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ২৬ জুলাই উপাচার্য ভবন থেকে রোকেয়া হল পর্যন্ত রংকরণ বা পুনর্লিখনের মধ্য দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করা হবে। কার্যক্রমটি সমন্বয়ের জন্য চারুকলা অনুষদের ডিন, প্রক্টর এবং আরবরিকালচার সেন্টারের পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। রংকরণ কর্মসূচিতে অংশ নিতে আগ্রহী শিল্পী ও শৌখিন শিল্পীদের আগামী ২৫ জুলাইয়ের মধ্যে নাম ও ঠিকানা দিয়ে নিবন্ধন করতে অনুরোধ করা হয়েছে।

এদিকে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাবিতে মাসব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে আগামী ২৬ জুলাই দুপুর সাড়ে ১২টায় বিজ্ঞান অনুষদের উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ : ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ও ভবিষ্যতের বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করবেন পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আ ফ ম ইউসুফ হায়দার।

মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বুধবার (২২ জুলাই) সন্ধ্যা ৭টায় নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাসে স্মৃতিচারণা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী।

এ ছাড়া বিভিন্ন আবাসিক হল নিজস্ব ব্যবস্থাপনায় কর্মসূচি পালন করবে। অমর একুশে হল আগামী ১ আগস্ট আলোচনা সভার আয়োজন করেছে, যেখানে বিশেষ অতিথি থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। কবি সুফিয়া কামাল হল ৩০ জুলাই মোমবাতি প্রজ্বালন এবং ৩১ জুলাই স্মৃতিচারণা ও নানা প্রতিযোগিতার আয়োজন করেছে।
সলিমুল্লাহ মুসলিম হলে ৩১ জুলাই এবং জগন্নাথ হলে আগামী ২ আগস্ট আলোচনাসভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। শামসুন নাহার হলে ২৬ জুলাই গণ-অভ্যুত্থান বিষয়ক কুইজ, ডকুমেন্টারি প্রদর্শন ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠান হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক বিশেষ সংকলন প্রকাশ করবে। পাশাপাশি বিজয় একাত্তর হল ২৩ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল আগামী ৫ আগস্ট জুলাইকেন্দ্রিক অনুষ্ঠানমালার আয়োজন করবে।

কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

‘দেশ ও দশের সেবাই হোক তোমাদের আগামী’

অনলাইন ডেস্ক
‘দেশ ও দশের সেবাই হোক তোমাদের আগামী’
সংগৃহীত ছবি

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে মিরপুর উপশহর (বিকেল) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাইটস্ ইন্টারন্যাশনাল। বুধবার (২২ জুলাই) রাইটস্ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারপারসন কানিজ ফাতেমার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ও বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট, মেডেল, বই এবং নগদ টাকা দেওয়া হয়।

8454

মিরপুর থানার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামিলা আক্তার এবং সহকারী থানা শিক্ষা কর্মকর্তা শাহানাজ পারভীন কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার তুলে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাবেয়া বাসরী, সহকারী শিক্ষক ও অভিভাবকরা।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মিরপুর উপশহর (বিকাল) সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে লাবীব ইসলাম। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে- উপাসনা দীপ চৌধুরী পঙতি, তাসলিমা আক্তার দিপ্তী, সাবিহা আবেদীন এবং মো. আব্দুল্লাহ।

শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে জামিলা আক্তার বলেন, এই উদ্যোগ শুধু তাদের উৎসাহিতই করবে না বরং নিয়মিত অধ্যয়ন ও ভালো ফলাফলের প্রতি আগ্রহ সৃষ্টি করবে। পাশাপাশি আগামীর সুনাগরিক হিসেবে দেশ ও দশের সেবায় উৎসাহিত হবে।

যুক্তরাজ্য ভার্চুয়ালি যুক্ত হয়ে রাইটস্ ইন্টারন্যাশনালের চেয়ারপারসন কানিজ ফাতেমা বলেন, ‘শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্য শুধু তাদের নয়, এটি তার পরিবার, শিক্ষক এবং বিদ্যালয়েরও গর্বের। সঠিক দিক-নির্দেশনা, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো সাফল্য বয়ে আনবে।’

7444

শাহানাজ পারভীন সাফল্য অর্জনকারী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, ‘আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দক্ষ, সৎ ও মানবিক নাগরিক হয়ে উঠবে।’

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় গত ১২ জুলাই। সারা দেশ থেকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩২ হাজার ৯৬৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। বাকি ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ লাখ ৮৩ হাজার ৭৫৯ শিক্ষার্থী অংশ নেয়। এর যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ৩ লাখ ৪৪ হাজার ১২৭ জন। বেসরকারি বিদ্যালয়ের ৭৫ হাজার ৪৫৫ জন।