• ই-পেপার

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষুব্ধ অরিজিৎ সিং

‘বান্ধবী’ গুঞ্জনের নেপথ্য গল্প জানালেন পূর্ণিমা

বিনোদন প্রতিবেদক
‘বান্ধবী’ গুঞ্জনের নেপথ্য গল্প জানালেন পূর্ণিমা
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে আলোচনায় থাকেন। তাঁর যেকোনো ছবি বা ভিডিও প্রকাশ পেলেই ভক্তদের মধ্যে তৈরি হয় বাড়তি উচ্ছ্বাস। 

সম্প্রতি এক ভিডিওকে ঘিরে ছড়িয়ে পড়া ‘বান্ধবী’ গুঞ্জন নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী।

মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্ণিমার শেয়ার করা একটি ভিডিওকে কেন্দ্র করেই আলোচনা শুরু হয়। ভিডিওটিতে কয়েকজন নারীর সঙ্গে তাঁকে অত্যন্ত সাবলীল ও আনন্দঘন মুহূর্তে দেখা যায়। 

ভিডিওর ক্যাপশনে পূর্ণিমা লিখেছিলেন, ‘এই সেই আমার বান্ধবীরা’—সঙ্গে যুক্ত করেছিলেন ভালোবাসার ইমোজি।

ভিডিওটি প্রকাশের পর নেটদুনিয়ায় নানা ধরনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সম্প্রতি এক অনুষ্ঠানে খোলামেলা কথা বলেন পূর্ণিমা। 

হাসতে হাসতেই তিনি জানান, ‘না আমি দিয়েছি, আমি আর পরে আরেকটা ভিডিও দিয়েছি আমার বান্ধবীর সঙ্গে, ফটোশুট করছি এমনকি আমি তো বানাইনি, বান্ধবী বানিয়েছিলেন আপনারা।’

এ সময় একটি রিসোর্টের আতিথেয়তা ও সেখানকার রান্নার প্রতি নিজের ভালো লাগার কথাও তুলে ধরেন তিনি। পূর্ণিমা বলেন, ‘আমি একটা রিসোর্টে যাই, সেখানে উনারা খুবই মজার রান্না করে, আমি খেতে পছন্দ করি, আমি কিচেনে যাই, উনারা কি কি রান্না করেন দেখতে।’

তিনি আরো যোগ করেন, ‘তারা বসে থাকে যে আমি কখন আসব, আমি রান্নাটা দেখব। মাঝে মাঝে আমি একটু বলি যে আমি একটু শসা কাটি, একটু লেবু কাটি, বলে হ্যাঁ কাটুক, খুবই আন্তরিকভাবেই ওরা আমাকে পছন্দ করে।’

পূর্ণিমার এই ব্যাখ্যার পর ‘বান্ধবী’ গুঞ্জনের পেছনের আসল গল্প স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তাঁর ভক্তরা। অভিনেত্রীর সরল ও হাস্যরসাত্মক উপস্থাপনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছে।

অপেক্ষার অবসান, অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা

বিনোদন ডেস্ক
অপেক্ষার অবসান, অনুপম রায়ের কনসার্টের নতুন তারিখ ঘোষণা
সংগৃহীত ছবি

দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ভক্তদের অপেক্ষার অবসান হলো। স্থগিত হওয়া তার ঢাকা কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে আয়োজক প্রতিষ্ঠান।

আগামী ১ আগস্ট (শুক্রবার) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত কনসার্ট ‘ওয়ান ট্রু সাউন্ড উইথ অনুপম রায়’।

এর আগে ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি হওয়ার কথা ছিল। সব প্রস্তুতিও শেষ হয়েছিল। তবে অনিবার্য কারণে কনসার্টের আগের দিন, ২৫ জুন, অনুষ্ঠানটি স্থগিত করা হয়। পরে দর্শকদের কেনা সব টিকিটের অর্থ ফেরত দেওয়া হয়েছিল।

আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন ও ইয়ামাহা মিউজিক বাংলাদেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সব প্রয়োজনীয় অনুমোদন সম্পন্ন হয়েছে। এর পরই কনসার্টের নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। তারা দর্শকদের সঙ্গে একটি স্মরণীয় সংগীত সন্ধ্যা উদযাপনের আশাবাদও ব্যক্ত করেছেন।

এদিকে আবারও শুরু হয়েছে কনসার্টের টিকিট বিক্রি। প্রতিটি টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। আগ্রহীরা ‘টিকিট টুমরো’ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার মঞ্চে প্রিয় শিল্পীকে সরাসরি গাইতে দেখতে মুখিয়ে আছেন অনুপম রায়ের ভক্তরা।

কাকে বিয়ে করলেন মিস্টার বিস্ট?

বিনোদন ডেস্ক
কাকে বিয়ে করলেন মিস্টার বিস্ট?
সংগৃহীত ছবি

দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন ইউটিউবের জনপ্রিয় কনটেন্ট নির্মাতা মিস্টার বিস্ট ওরফে জিমি ডোনাল্ডসন। ২৮ বছর বয়সী এই ইউটিউবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের জানান।

ছবির সঙ্গে মিস্টার বিস্ট লিখেছেন, ‘আমি মিসেস বিস্টকে খুঁজে পেয়েছি। আর এটি ছিল আমার জীবনের সেরা দিন।’

বিশ্বজুড়ে বিশাল বাজেটের চমকপ্রদ ভিডিও নির্মাণের জন্য পরিচিত হলেও নিজের বিয়েতে কোনো জাঁকজমক রাখেননি মিস্টার বিস্ট। দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ কয়েকজন প্রিয়জনকে নিয়ে ব্যক্তিগত পরিসরেই সম্পন্ন হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের পোশাকেও ছিল সরলতা ও আভিজাত্যের ছোঁয়া। থিয়া বয়সেন পরেছিলেন আইভরি ও নুড টোনের ওপর ফুল ও লেসের নকশা করা একটি গাউন। অন্যদিকে মিস্টার বিস্টের পরনে ছিল সাদা টাক্সিডো জ্যাকেট, সাদা শার্ট, কালো ট্রাউজার ও কালো বো-টাই।

২০২৪ সালের ডিসেম্বরে বাগদান করেছিলেন এই জুটি। বিয়ের প্রস্তাব নিয়েও শুরু থেকেই তাদের পরিকল্পনা ছিল ব্যতিক্রমী। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জিমি জানিয়েছিলেন, বন্ধুরা ভেবেছিলেন তিনি হয়তো সুপার বোউল-এর মতো বড় কোনো জনসমাগমপূর্ণ জায়গায় বিয়ের প্রস্তাব দেবেন। কিন্তু তিনি চেয়েছিলেন একেবারেই ব্যক্তিগত ও ঘনিষ্ঠ একটি মুহূর্ত।

দক্ষিণ আফ্রিকায় এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয়েছিল জিমি ও থিয়ার। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ থিয়াকে বার্তা পাঠান জিমি। থিয়ার লেখা বই দ্য মার্কড চিলড্রেন পড়ার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। সেই সাধারণ কথোপকথনই ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয়।

সম্পর্কের এক বছর পূর্ণ হওয়ার পর জিমি থিয়াকে বিয়ের প্রস্তাব দেন। তবে থিয়া এডিনবরা বিশ্ববিদ্যালয়ে ‘হিউম্যান কগনিটিভ নিউরোসাইকোলজি’ বিষয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার জন্য বিয়ের আনুষ্ঠানিকতা কিছুটা পিছিয়ে দেন।

বিয়ের আগে থিয়া বলেছিলেন, তারা মানসিকভাবে অনেক আগেই বিবাহিত। ভবিষ্যতে সন্তান এবং ৭০ বছর বয়সে একসঙ্গে জীবন কাটানোর মতো বিষয় নিয়েও তারা নিয়মিত আলোচনা করেন। 

তাঁর মতে, বিয়ে তাদের সম্পর্কের সম্পূর্ণ নতুন কোনো শুরু নয়, বরং ভালোবাসার সম্পর্কের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ।

ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি

বিনোদন প্রতিবেদক
ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম : পরীমনি
সংগৃহীত ছবি

ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে মেসিকে মেনশন করে তিনি লিখেছেন, ‘ভালোবাসার লিও, এই বৃষ্টি তোমার নামে লিখে দিলাম…।’

সংক্ষিপ্ত এই বার্তায় আর কিছু না লিখলেও মেসির প্রতি পরীমনির গভীর ভালোবাসা ও সমর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। পোস্টটি প্রকাশের পরপরই ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।

মন্তব্যের ঘরে অনেকেই মেসির প্রতি নিজেদের ভালোবাসার কথা জানিয়েছেন। আবার অনেকে পরীমনির এই আবেগঘন বার্তার প্রশংসা করেছেন।

এর আগেও বিভিন্ন সময় লিওনেল মেসিকে নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনি। আর্জেন্টিনার ম্যাচ কিংবা মেসিকে ঘিরে আলোচনায় প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব দেখা যায় এই অভিনেত্রীকে।

সর্বশেষ পোস্টের মাধ্যমে আবারও প্রিয় ফুটবল তারকার প্রতি নিজের অকুণ্ঠ ভালোবাসার প্রকাশ ঘটালেন পরীমনি।