কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে বিশ্বজুড়ে মেমোরি চিপের চাহিদা বাড়ছে। এই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে চীনের চিপ নির্মাতা সিএক্সএমটি। সম্প্রতি শাংহাই শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রথম দিনেই কোম্পানিটির শেয়ারের দাম ৪৬৬ শতাংশ বেড়েছে। এতে বাজারমূল্যের দিক থেকে এটি চীনের সবচেয়ে মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চলতি বছরের এশিয়ার সবচেয়ে বড় আইপিওর মাধ্যমে সিএক্সএমটি ৮.৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে। প্রতি শেয়ারের ইস্যুমূল্য ছিল ৮.৬৬ ইউয়ান। প্রথম দিনের লেনদেন শেষে শেয়ারের দাম বেড়ে ৪৯ ইউয়ানে পৌঁছায়। দিনের এক পর্যায়ে তা ৫৫.০৩ ইউয়ান পর্যন্ত ওঠে। এতে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩.৩ ট্রিলিয়ন ইউয়ান (৪৮৭.৭ বিলিয়ন ডলার)। এর ফলে বাজারমূল্যে তারা চীনের সবচেয়ে বড় ব্যাংক আইসিবিসি-কেও ছাড়িয়ে যায়।
বিশ্লেষকদের মতে, এআই সার্ভার, ডেটা সেন্টার ও স্মার্ট ডিভাইস তৈরিতে এখন আগের চেয়ে অনেক বেশি মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে। তাই এই চিপের চাহিদাও দ্রুত বাড়ছে। চীনের নিজস্ব চিপ শিল্প গড়ে তুলতে সিএক্সএমটি এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞার পর দেশটি নিজেদের চিপ উৎপাদনের ওপর আরও বেশি গুরুত্ব দিচ্ছে।
কোম্পানিটি জানিয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে তাদের আয় সাত গুণেরও বেশি বেড়ে ১১০ থেকে ১২০ বিলিয়ন ইউয়ানে পৌঁছাতে পারে। একই সময়ে ৬৬ থেকে ৭৫ বিলিয়ন ইউয়ান নিট মুনাফা হতে পারে বলে আশা করছে তারা। অথচ গত বছরের একই সময়ে প্রতিষ্ঠানটি লোকসানে ছিল।
প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স জানিয়েছে, ২০২৭ সালের শেষ পর্যন্ত বিশ্বে মেমোরি চিপের সরবরাহ কম থাকতে পারে। অন্যদিকে এআই প্রযুক্তিতে বিনিয়োগ বাড়তে থাকায় এই চিপের চাহিদাও বাড়বে। এতে সিএক্সএমটির মতো কোম্পানিগুলোর ব্যবসা আরও সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
তবে কিছু বিশ্লেষক সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, প্রথম দিনেই শেয়ারের দামে এত বড় উল্লম্ফন দীর্ঘদিন নাও থাকতে পারে। কারণ মেমোরি চিপের বাজারে সময়ের সঙ্গে চাহিদা ও দাম ওঠানামা করে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিষেধাজ্ঞাও ভবিষ্যতে কোম্পানিটির প্রবৃদ্ধির ওপর প্রভাব ফেলতে পারে।





