• ই-পেপার

বাজারের বেশির ভাগ টুথপেস্টেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক : গবেষণা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ী সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আইএফআরসি প্রধানের বিদায়ী সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধিদলের প্রধান আলবার্তো বোকানেগ্রার সাক্ষাৎ করেছেন।

আজ রবিবার (২৬ জুলাই) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হ‌য়। 

বিদায়ী সাক্ষাতে বোকানেগ্রার প্রতিমন্ত্রীকে আইএফআরসি-এর প্রধান মানবিক কার্যক্রম এবং বাংলাদেশে তার শাসনামলে অর্জনের বিষয়ে ব্রিফ করেন, দুর্যোগের প্রস্তুতি, জলবায়ু স্থিতিস্থাপকতা, স্বাস্থ্য পরিষেবা এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সহায়তায় সংস্থার সহায়তার কথা তুলে ধরেন। 

তিনি তার মেয়াদকালে বাংলাদেশ সরকারের অব্যাহত সমর্থন এবং গঠনমূলক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী, বোকানেগ্রার তার মেয়াদ সফলভাবে সমাপ্ত করার জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে আইএফআরসি-এর নেতৃত্বের প্রশংসা করেন। তিনি, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশের সঙ্গে আইএফআরসি-এর দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব এবং জরুরি প্রতিক্রিয়া ও মানবিক সহায়তায় মূল্যবান অবদানের প্রশংসা করেন। 

প্রতিমন্ত্রী বিশেষভাবে বন্যা, ঘূর্ণিঝড় এবং অন্যান্য জলবায়ু-জনিত জরুরি পরিস্থিতিসহ প্রাকৃতিক দুর্যোগের সময় আইএফআরসি-এর টেকসই সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের মানবিক প্রতিক্রিয়ায় সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি নারী ও শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে, জলবায়ু স্থিতিস্থাপকতার উদ্যোগকে এগিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইএফআরসি-এর মধ্যে বর্ধিত সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেন। 

সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলবার্তো বোকানেগ্রার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন এবং তার উত্তরসূরির নেতৃত্বেও বাংলাদেশ ও আইএফআরসির অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 

বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
বিমানবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ। ছবি : আইএসপিআর

বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। আজ রবিবার (২৬ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা বাহিনীদ্বয়ের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

উল্লেখ্য, নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে বিমানবাহিনীর পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় তিনি গার্ড অব অনার পরিদর্শন করতঃ সালাম গ্রহণ করেন। পরবর্তীতে নৌবাহিনী প্রধান বিমানবাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

এ সময় বিমানবাহিনী প্রধান, বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পারস্পরিক শ্রদ্ধা, আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ বিমানবাহিনী ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যকার বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, আস্থা এবং পেশাদার সম্পর্কের এক সুস্পষ্ট প্রতিফলন।

ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে

অনলাইন ডেস্ক
ব্যাংককর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে
সংগৃহীত ছবি

দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কাজের কোনো অভিযোগ উঠলে এখন থেকে তা সর্বোচ্চ দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। দীর্ঘ সময় ধরে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগ ঝুলিয়ে রাখা বন্ধে এসংক্রান্ত নতুন বাধ্যবাধকতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার (২৬ জুলাই) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি-১) থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ২০০৫ সালের পুরোনো নিয়মটি সংশোধন করে যুগোপযোগী করেছে। বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর সঙ্গে মিল রেখেই অভিযোগ নিষ্পত্তির এই সময়সীমা দুই মাস নির্ধারণ করা হয়েছে। এর ফলে অভ্যন্তরীণ তদন্ত বা অভিযোগগুলো দীর্ঘদিন ঝুলে থাকবে না এবং দ্রুত সমাধান হবে। এতে ব্যাংকিং খাতে পেশাদারি ও জবাবদিহি আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

ব্যাংক-কম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই নির্দেশ দেওয়া হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। তবে এই এক পরিবর্তন ছাড়া ২০০৫ সালের মূল সার্কুলারের বাকি সব নিয়ম আগের মতোই বহাল থাকবে।

পে স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আলটিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি

অনলাইন ডেস্ক
পে স্কেলের প্রজ্ঞাপন চেয়ে আলটিমেটাম, না মানলে বৃহত্তর কর্মসূচি
সংগৃহীত ছবি

চলতি বছরের আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

রবিবার (২৬ জুলাই) সংগঠনটির সদস্যসচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, আগামী আগস্টের মধ্যে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আশিকুল ইসলাম বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কোথায় আটকে আছে?

তিনি বলেন, দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা এবং জনসেবার মান আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আশিকুল ইসলাম আরো বলেন, ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সব সময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। সে কারণে প্রথমে আলোচনার মাধ্যমে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে। তবে সেই উদ্যোগ ব্যর্থ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থে পরবর্তী করণীয় নির্ধারণ করে দেশব্যাপী বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।’