ভারতে চলমান সিজেপি আন্দোলন নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সালমান খান। তিনি বলেন, এটি ছিল একটি শান্তিপূর্ণ আন্দোলন। তবে আন্দোলনটি সহিংস মোড় নেওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
বুধবার (২২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান লেখেন, আন্দোলনে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য তার হৃদয় কাঁদে।
প্রশ্নপত্র ফাঁস একটি অত্যন্ত গুরুতর সমস্যা উল্লেখ করে তিনি বলেন, দেশের শিক্ষার্থীরা উন্নত শিক্ষা ব্যবস্থার দাবিতে একত্রিত হয়েছে এবং এতে তাদের অভিভাবকেরাও পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা নিষ্ঠা, আন্তরিকতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়তে এবং একটি শিক্ষিত ভারত গড়ে তুলতে চায়। তাদের এই আন্দোলন সঠিক পথে এগোচ্ছে এবং তারা শান্তিপূর্ণভাবেই আন্দোলন করেছে।
শিক্ষার্থীদের সাহসী, দৃঢ়প্রতিজ্ঞ ও শিক্ষার প্রতি নিবেদিত বলে উল্লেখ করে তিনি বলেন, এই প্রজন্ম ভারতকে গর্বিত করবে।
সালমান আরো বলেন, এ বিষয়টি শিক্ষার্থী ও শিক্ষা ব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ। তাই এটি রাজনৈতিকভাবে হাইজ্যাক করা উচিত নয়। এ আন্দোলনের কৃতিত্ব শুধু দেশের শিক্ষার্থীরাই প্রাপ্য।
একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকারও শিক্ষার্থীদের সমর্থন দেবে এবং দেশের শিক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। তিনি একে ‘উইন-উইন’ পরিস্থিতি হিসেবে উল্লেখ করে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা করেন।
এ বলিউড অভিনেতা আরো বলেন, শিক্ষা যেন আগামী দিনের সবচেয়ে বড় ট্রেন্ড ও ফ্যাশনে পরিণত হয়। এমন একটি সময় আসুক, যখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ ভারতে পড়তে আসবে এবং ভারত শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হবে।




