• ই-পেপার

ডার্কওয়েব, সোশ্যাল মিডিয়া ও ক্রিপ্টো লেনদেন- সব মাদক আইনের আওতায়

  • মাদক নিয়ন্ত্রণে আরো শক্তিশালী হচ্ছে ডিএনসি

যাত্রাবাড়ীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে একজন আটক

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগে একজন আটক

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ১১ বছর বয়সী শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে রুবেল (৩৫) নামের একজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৩টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড় গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করে ট্রাফিক পুলিশের সদস্যরা।

ট্রাফিক-যাত্রাবাড়ী জোন সূত্রে জানা যায়, রুবেল ভুক্তভোগী শিশুর পরিবারের পরিচিত এবং একই এলাকায় বসবাস করেন। গত বুধবার রাতে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ এলাকায় একটি বাসার বাথরুমে শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন রুবেল। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনার পর ভুক্তভোগীর পরিবার অভিযুক্তকে খুঁজতে থাকে। আজ শুক্রবার বিকালে ধোলাইপাড় গোলচত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে ধাওয়া করে তাকে আটক করেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট মো. আবদুল্লাহ-আল-নোমানী ও সার্জেন্ট নুর ইসলাম। পরে তাকে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ স্টাফ কলেজে এমসিএপিসিএমের ১০ম ব্যাচের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
পুলিশ স্টাফ কলেজে এমসিএপিসিএমের ১০ম ব্যাচের উদ্বোধন

পুলিশ স্টাফ কলেজে মাস্টার্স অব অ্যাপ্লাইড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমসিএপিসিএম) শীর্ষক প্রোগ্রামের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১০ম ব্যাচের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে এ ব্যাচের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইজিপি মো. আলী হোসেন ফকির। এতে স্বাগত বক্তব্য দেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক (একাডেমিক) সরকার ওমর ফারুক এবং সভাপতিত্ব করেন কলেজের রেক্টর কাজী মো. ফজলুল করিম। অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজকে পুলিশ শিক্ষা, গবেষণা ও পেশাগত নেতৃত্বের উৎকর্ষ কেন্দ্র হিসেবে আরো এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

আইজিপি মো. আলী হোসেন ফকির মাস্টার্স প্রোগ্রামে নির্বাচিত সব অংশগ্রহণকারীকে অভিনন্দন জানিয়ে বলেন, দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাস্তবতায় পুলিশিংকে আরো আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী হতে হবে। সাইবার অপরাধ, সংগঠিত অপরাধ, সন্ত্রাসবাদ, আর্থিক ও পরিবেশগত অপরাধ, ভুয়া তথ্যের বিস্তার এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহারের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক জ্ঞান, গবেষণা ও পেশাগত দক্ষতার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আধুনিক পুলিশিংয়ের সাফল্য শুধু অপরাধ দমন বা অপরাধী গ্রেপ্তারের মাধ্যমে নয়; বরং জনগণের আস্থা অর্জন, আইনের শাসন প্রতিষ্ঠা, মানবাধিকার সুরক্ষা, পেশাগত সততা, জবাবদিহিতা এবং নাগরিকদের মানসম্মত সেবা নিশ্চিত করার মধ্যেই নিহিত।

আইজিপি আরো বলেন, পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ উচ্চতর পুলিশ শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন ও গবেষণার ক্ষেত্রে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পেশাগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আধুনিক পুলিশ কর্মকর্তাদের কৌশলগত চিন্তাশীল, দক্ষ ব্যবস্থাপক, নৈতিক নেতৃত্বসম্পন্ন এবং আজীবন শিক্ষার্থী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। পাশাপাশি গবেষণা, তথ্যভিত্তিক বিশ্লেষণ ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, এক বছর মেয়াদি ও দুই সেমিস্টারবিশিষ্ট এমসিএপিসিএম প্রোগ্রামের ১০ম ব্যাচে এবার মোট ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে পুলিশ, সশস্ত্র বাহিনী, চিকিৎসক, বিচার বিভাগ, জাতীয় গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিষ্ঠানের সদস্যরা রয়েছেন।

ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
ট্রাফিক সার্জেন্টের তৎপরতায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায় সন্দেহজনক একটি স্পোর্টস কারে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার আশিক শাহআলী থানাধীন তুরাগ সিটির বাসিন্দা সাহাদাত হোসেন বাপ্পির ছেলে।

ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, শনিবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে দারুসসালাম ট্রাফিক জোনে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ সার্জেন্ট অনিরুদ্ধ রায় বেপরোয়া গতিতে চলা হলুদ রঙের একটি নতুন স্পোর্টস কারকে থামার সংকেত দেন। চালক গাড়ি থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান। এ সময় চালক ও আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের গাড়ি থেকে নামতে বলা হয়। একপর্যায়ে চালক হঠাৎ দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন। তখন সার্জেন্ট অনিরুদ্ধ রায় তাৎক্ষণিকভাবে গাড়িটির পিছু নেন।

পরে গাবতলী বাস টার্মিনালসংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করা হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট এলাকার পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় লোকজনের উপস্থিতিতে গাড়ির আরোহী সাজ্জাদ হোসেন আশিককে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটক ব্যক্তিকে উদ্ধার করা অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, ট্রাফিক মিরপুর বিভাগ সড়কে শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক, সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ।

নীলফামারী সাংবাদিক ফোরামের সভাপতি মুফদি, সাধারণ সম্পাদক হাসান

নিজস্ব প্রতিবেদক
নীলফামারী সাংবাদিক ফোরামের সভাপতি মুফদি, সাধারণ সম্পাদক হাসান
মুফদি আহমেদ ও হাসান মেজর। ছবি : সংগৃহীত

রাজধানীতে কর্মরত নীলফামারী জেলার সাংবাদিকদের সংগঠন ‘নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সিনিয়র সাংবাদিক মুফদি আহমেদকে সভাপতি এবং জুমবাংলার সম্পাদক হাসান মেজরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাজধানীতে অনুষ্ঠিত সংগঠনের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি মো. মোদাব্বের হোসেন (বাংলাদেশ প্রতিদিন), যুগ্ম সম্পাদক আপেল শাহরিয়ার (এনটিভি), অর্থ সম্পাদক একে শামসুজ্জোহা (সবুজ দেশ), সাংগঠনিক সম্পাদক আরিফ চৌধুরী পলাশ (ডিবিসি), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জয়নাল আবেদীন (দ্য ডেইলি ট্রাইব্যুনাল), মহিলাবিষয়ক সম্পাদক সাজেদা হক (দেশ সারাদিন) এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফুজার রহমান মন্ডল (বাংলার গণজাগরণ)।

এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন মু. আ. কুদ্দুস (সিটি নিউজ), লাজ্জাত এনাব মহছি (প্রথম আলো), নজমুল হক সরকার (বর্তমান), আবুল কাশেম আজাদ (চলমান সময়), মহসীনুল করিম লেবু (ডেইলি অবজারভার) এবং আকতারুজ্জামান রকি (চ্যানেল নাইন)।

সাধারণ সভায় বক্তারা বলেন, নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা পেশাদার সাংবাদিকদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কল্যাণে কাজ করবে। একই সঙ্গে নীলফামারীর সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় পরিসরে তুলে ধরতে এই সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে।

নবনির্বাচিত সভাপতি মুফদি আহমেদ ও সাধারণ সম্পাদক হাসান মেজর সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তারা বলেন, সকলের সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকাকে আগামীতে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর একটি সংগঠন হিসেবে গড়ে তোলা হবে।