• ই-পেপার

চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী

চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
চকবাজারে দুই অটোরিকশার সংঘর্ষে চালকের মৃত্যু
ফাইল ছবি

রাজধানীর চকবাজারে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দবির আহমেদ (৫০) নামের এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে চকবাজারের ঊর্ধ্ব রোড মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দবির আহমেদ পাবনার চাটমোহর উপজেলার অষ্টমণিষা গ্রামের সোহরাব প্রামাণিকের ছেলে। তিনি কামরাঙ্গীরচরের মাদবরনগর এলাকার একটি গ্যারেজে থাকতেন এবং অটোরিকশা চালাতেন।

জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে ঊর্ধ্ব রোড মসজিদের সামনে দুটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাচালক দবির গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অন্য অটোরিকশার চালক তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি বাসায় ফিরে যান।

নিহতের গ্যারেজের মালিক রতন জানান, বাসায় ফেরার পর রাতে দবিরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রাত ৮টার দিকে তাকে আবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রতন আরো অভিযোগ করেন, দবিরের মৃত্যুর খবর পাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা অন্য অটোরিকশার চালক কৌশলে সটকে পড়েন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি চকবাজার থানায় জানানো হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি করা হবে

নিজস্ব প্রতিবেদক
মিরপুর কলেজের দেয়াল ধসের ঘটনায় তদন্ত কমিটি করা হবে

রাজধানীর মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ২ জন নিহত ও ৭ জন আহত হওয়ার ঘটনায় রাজউক, গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রতিনিধিদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশাসক বলেন, তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, কোনো মৃত্যুই কাম্য নয়। আজকের ঘটনার জন্য আমি অত্যন্ত মর্মাহত।

প্রাথমিকভাবে দেয়াল নির্মাণে ত্রুটির ইঙ্গিত দিয়ে শফিকুল ইসলাম বলেন, ২০১৪ সালে নির্মিত দেয়ালটিতে প্রয়োজনীয় নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। আরসিসি (রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট) কাঠামো না করে শুধু ইটের গাঁথুনি দিয়ে দেয়াল নির্মাণ করা হয়েছিল। ফলে এটি দুর্বল হয়ে পড়ে এবং এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অবশিষ্ট দেয়ালগুলো প্রকৌশলগত মান বজায় রেখে পুনর্নির্মাণ বা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে আহতদের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রশাসক বলেন, আহতদের আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করা হবে। পাশাপাশি প্রধানমন্ত্রীর নির্দেশনায় আহতদের হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, আজ বিকেলে মিরপুর-২ এলাকার মিরপুর কলেজের সীমানা দেয়াল ধসে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং অন্তত সাতজন আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত

নিজস্ব প্রতিবেদক
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ, সম্পাদক সৈকত
নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির সভাপতি জাহিদ ইকবাল ও সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার)। ছবি : সংগৃহীত

সম্প্রতি রাজধানীর খিলক্ষেতের সামাজিক ও জনকল্যাণমূলক সংগঠন ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে জাহিদ ইকবাল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মিসবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মো. মুকুল হোসাইন মৃধা, সাংগঠনিক সম্পাদক এ. এম. আইয়ুব, কোষাধ্যক্ষ মো. মতিউর রহমান, প্রচার সম্পাদক আমির হোসাইন, দপ্তর সম্পাদক মো. আতিকুর রহমান খান, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন মজুমদার এবং নির্বাহী সদস্য এমদাদুল হক সোহেল, মো. মাহফুজুর রহমান, মো. লিটো আহমেদ, মো. মোস্তফা সিকদার, জিসাদ ইকবাল, জাহিদুল হক জুয়েল, মো. আলতাফ হোসেন ও তাসবির ইকবাল প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি জাহিদ ইকবাল বলেন, নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, জলাবদ্ধতামুক্ত, যানজটমুক্ত ও আধুনিক আবাসিক এলাকায় পরিণত করাই আমাদের লক্ষ্য। এলাকাবাসীকে সঙ্গে নিয়ে জনস্বার্থে অতীতের ধারাবাহিকতা বজায় রেখে আরো শক্তিশালীভাবে কাজ করতে চাই।

সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুজ্জামান সরকার (সৈকত সরকার) বলেন, এই কমিটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়, এটি পুরো নিকুঞ্জ টানপাড়া এলাকাবাসীর কমিটি। সবার মতামত, অংশগ্রহণ ও সহযোগিতার ভিত্তিতে একটি সুন্দর, নিরাপদ ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের

নিজস্ব প্রতিবেদক
পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিএনসিসি প্রশাসকের
ছবি : কালের কণ্ঠ

রাজধানীকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের আরো বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

তিনি বলেন, শিক্ষার্থীদের জনসেবামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ বাস্তবায়ন আরো সহজ হবে।

মঙ্গলবার রাজধানীর মিরপুর-১৪ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর বিএন কলেজে আয়োজিত ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর পুরস্কার বিতরণী ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক মানুষ এবং এটি বিশ্বজুড়ে স্বীকৃত। তার নেতৃত্বেই বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে। আমরা তার সহকর্মী হিসেবে দেশ গঠনের কাজে সহযোগিতা করে যাচ্ছি।’

শিক্ষার্থীদের জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, ভালো উদ্যোগে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ অন্য প্রতিষ্ঠানগুলোকেও উদ্বুদ্ধ করবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমকে কোনো নির্দিষ্ট দিনে সীমাবদ্ধ না রাখার কথা উল্লেখ করে ডিএনসিসি প্রশাসক জানান, ক্যাম্পেইনের মাধ্যমে এই কার্যক্রম নগরীর প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় ছড়িয়ে দেওয়া হবে। একই সঙ্গে নাগরিকদের সচেতনতা বাড়িয়ে সিটি করপোরেশনের সেবাগুলো আরো কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে নেভি কলেজের শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী প্রকল্প ও সাংস্কৃতিক পরিবেশনার প্রশংসা করে প্রশাসক বলেন, ‘চেষ্টা থাকলে সফলতা আসবেই। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী ধারণা নগরীর বিভিন্ন ওয়ার্ডে ছড়িয়ে দিয়ে পরিচ্ছন্ন নগর গঠনে কাজে লাগানো হবে।’

অনুষ্ঠান শেষে নৌবাহিনী কলেজ, ডেন্টাল কলেজ ও নেভি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিতে আধুনিক ডাস্টবিন ব্যবহারের সঠিক পদ্ধতি প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীরা সরাসরি পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

বিএন কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবীর, প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

চা বিক্রেতা সেই নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী | কালের কণ্ঠ