• ই-পেপার

মেহেরপুর

সাইকেল চুরির অভিযোগ, চাচার হাঁসুয়ার কোপে ভাতিজা নিহত

পাকুন্দিয়া

মরিচের দামে বড় লাফ, কেজি ৪০০ টাকা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
মরিচের দামে বড় লাফ, কেজি ৪০০ টাকা
ছবি: কালের কণ্ঠ

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সবজির ক্ষেতে পচন ধরেছে। আর এতেই সবজির উৎপাদন ব্যাপকভাবে কমে গেছে। এ কারণে হাট-বাজারে সবজির দামও বেড়ে গেছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম প্রায় দ্বিগুণ হয়ে কেজি প্রতি ৩৬০ টাকা থেকে ৪০০ টাকায় পৌঁছেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা সদর বাজার ও তারাকান্দি বাজারসহ উপজেলার সব খুচরা বাজারে এ চিত্র দেখা গেছে। বাজারে বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩৬০ থেকে ৪০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১৮০ থেকে ২০০ টাকা।

পাকুন্দিয়া পৌরবাজারের সবজি বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে উপজেলার সব সবজি ক্ষেত পানিতে ডুবে গেছে। ফলে বাজারে কাঁচামরিচসহ বেশিরভাগ সবজির সরবরাহ কমে গেছে। সরবরাহ স্বাভাবিক না হলে সবজির দাম আগামীতে আরো বাড়তে পারে।’

একই বাজারের কাঁচামরিচ ব্যবসায়ী রুকন উদ্দীন বলেন, ‘টানা বৃষ্টির কারণে উপজেলার ৯০ ভাগ কাঁচামরিচের গাছ মরে গেছে। ফলে মরিচের ফলন নাই বললেই চলে। বাজারে মরিচের সরবরাহ কম থাকায় পাইকারি বাজার থেকেই আমাদের বেশি দামে মরিচ কিনতে হচ্ছে। সেকারণেই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। ইন্ডিয়ার মরিচ বাজারে না আসলে মরিচের দাম আরো বেড়ে যাবে।’

ক্রেতা গোলাপ মিয়া বলেন, ‘সবজি ও কাঁচামরিচের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংসারের খরচ অনেক বেড়ে গেছে। মধ্যবিত্ত পরিবারের জন্য বাজার করা এখন কঠিন হয়ে পড়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম বলেন, ‘চলতি মৌসুমে উপজেলায় ২৫ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। তবে কয়েকদিনের টানা বৃষ্টিতে নিচু এলাকায় জলাবদ্ধতায় প্রায় ৯০ ভাগ চাষকৃত মরিচের জমি ক্ষতিগ্রস্থ হয়েছে। বাজারে সরবরাহ কম থাকায় মরিচের দামটা বেড়ে গেছে।’

ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহে যুবককে কুপিয়ে হত্যা, অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ
সংগৃহীত ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেল (৪০) নামের যুবককে খামারে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পরে অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ করেন এলাকাবাসী। 

গত রবিবার (২৬ জুলাই) রাতে উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত হলেন ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন ওরফে তপন। পরকীয়ার জেরে তিনি হত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ জানায়, ত্রিশাল উপজেলার সোমপাড়া মড়ল বাড়ি গ্রামের তোফাজ্জল হোসেন ওরফে তপনের সঙ্গে মহিদুজ্জামান ওরফে মোফাচ্ছেলের পরকীয়া নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে রবিবার (২৬ জুলাই) তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মাছের খামারে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে অভিযুক্ত। ঘটনার পর স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি  হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় মোফাচ্ছেলের মৃত্যুর খবর পেয়ে সোমবার রাতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে হত্যাকারীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

গফরগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় এখনো মামলা হয়নি। ময়নাতদন্তের পর স্বজনরা এলে অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হবে। তবে আসমি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ফুলবাড়ি চা-বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার

মাল্টিমিডিয়া প্রতিনিধি, মৌলভীবাজার
ফুলবাড়ি চা-বাগান থেকে ১৩ ফুট লম্বা অজগর উদ্ধার
ছবি: কালের কণ্ঠ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগান থেকে প্রায় ১৩ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছেন সাপ সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের (সিসিএ) সংরক্ষণকর্মীরা। অসুস্থ অবস্থায় উদ্ধার হওয়া অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার পর সুস্থ হলে সেটিকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা-বাগানের ১৭ নম্বর সেকশন এলাকায় চা-পাতা সংগ্রহের সময় শ্রমিকদের নজরে আসে বিশাল আকৃতির অজগরটি। পরে বিষয়টি বাগান কর্তৃপক্ষের মাধ্যমে উদ্ধারকারী দলের কাছে জানানো হলে দ্রুত অভিযান চালিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়।

সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা জানান, সকালে ফুলবাড়ি চা বাগানের শ্রমিকরা পাতা চয়নের কাজ করছিলেন। এ সময় ১৭ নম্বর সেকশনে একটি বড় অজগর দেখতে পেয়ে তারা বাগানের ব্যবস্থাপককে বিষয়টি জানান। পরে ব্যবস্থাপক তার সঙ্গে যোগাযোগ করলে তিনি ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন। উদ্ধার শেষে অজগরটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

তিনি বলেন, ‘উদ্ধার অজগরটি অসুস্থ ছিল। বর্তমানে রেসকিউ সেন্টারে বন বিভাগের তত্ত্বাবধানে এর চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণ চলছে। সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলে সাপটিকে আবারও লাউয়াছড়া জাতীয় উদ্যানের উপযুক্ত বনাঞ্চলে অবমুক্ত করা হবে। অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্য প্রাণীর অন্যতম। এটি সাধারণত মানুষের ওপর আক্রমণ করে না। তবে বনাঞ্চল সংকুচিত হওয়া, আবাসস্থল ধ্বংস এবং পরিবেশগত পরিবর্তনের কারণে খাদ্য ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেক সময় এসব প্রাণী লোকালয়ে চলে আসে।’ এ ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে প্রাণীটিকে হত্যা বা আঘাত না করে দ্রুত বন বিভাগ কিংবা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান তিনি।

ফুলবাড়ি চা-বাগানের ব্যবস্থাপক মিজানুর রহমান আশিক মিয়া বলেন, ‘বন্য প্রাণী আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। অজগরটি দেখতে পাওয়ার পর আমরা সেটির কোনো ক্ষতি না করে দ্রুত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করি। সবার সহযোগিতায় প্রাণীটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।’

লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন্য প্রাণী রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, ‘প্রায় ১৩ ফুট দীর্ঘ অজগরটি সফলভাবে উদ্ধার করা হয়েছে। অসুস্থ থাকায় এটিকে রেসকিউ সেন্টারে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় পরিচর্যার মাধ্যমে সুস্থ করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।’

বনসংলগ্ন এলাকার বাসিন্দাদের বন্য প্রাণী সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সাপ দেখলেই আতঙ্কিত হয়ে পিটিয়ে না মেরে বন বিভাগ বা প্রশিক্ষিত উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করা উচিত। মানুষের সচেতনতা ও সহযোগিতাই বন্য প্রাণী সংরক্ষণের সবচেয়ে কার্যকর উপায়।’

বাসার চালে টবে গাঁজা চাষ, ১২ গাছসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
বাসার চালে টবে গাঁজা চাষ, ১২ গাছসহ গ্রেপ্তার ১
সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় একটি বসতঘরের টিনের চালে প্লাস্টিকের বালতিতে সুকৌশলে করা হচ্ছিল গাঁজার চাষ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেখান থেকে ১২টি গাঁজাগাছ উদ্ধারসহ লোকমান হোসেন (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

গ্রেপ্তার লোকমান হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার হায়দ্রাবাদ এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বিষয়টি কালের কণ্ঠকে জানান র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গতকাল সোমবার রাতে নগরের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম শান্তিনগর এলাকায় এই অভিনব মাদক চাষের আস্তানায় অভিযান পরিচালনা করা হয়। 

র‌্যাব জানায়, বায়েজিদ বোস্তামী এলাকার লোকমান হোসেন তার বসতঘরের টিনের চালের ওপর প্লাস্টিকের বালতি ও টবের ভেতর অত্যন্ত গোপনে অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ চাষ করে আসছিলেন, এমন গোপন তথ্য পায় র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই শেষে ২৭ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে অভিযান চালিয়ে লোকমানকে হাতেনাতে আটক করা হয়।

পরে তার দেখানো মতে, টিনের চালের ওপর থেকে দুটি প্লাস্টিকের বালতিতে বিশেষভাবে রোপণ করা ১২টি সতেজ গাঁজাগাছ জব্দ করা হয়। প্রতিটি বালতিতে ৬টি করে গাছ রোপণ করা হয়েছিল।

আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আলামতসহ বায়েজিদ বোস্তামী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।