২০২৬ বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত সেভে ফুটবল বিশ্বের নজর কেড়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সেও পোস্টের নিচে অসাধারণ পারফরম্যান্সে দেশকে তুলেছিলেন নকআউট পর্বে। বিশ্বকাপের সেই বীরত্বগাথার পুরস্কার হিসেবে সম্প্রতি চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিয়েছেন তিনি। তবে নতুন ক্লাবে পা রেখেই অদ্ভুত এক আইনি সংকটে পড়েছেন এই বর্ষীয়ান গোলরক্ষক। পরিচিত ‘ভোজিনহা’ নামটি জার্সিতে লিখে মাঠে নামার কোনো সুযোগই পাচ্ছেন না তিনি!
চিলির শীর্ষ ফুটবল লিগের কড়া নিয়মই মূলত কাল হয়েছে তার জন্য। লিগের আইন অনুযায়ী, ফুটবলাররা জার্সিতে কোনো ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না। জার্সির পিঠে অবশ্যই খেলোয়াড়ের পুরো নাম কিংবা পারিবারিক পদবি থাকতে হবে। এই নিয়ম অমান্য করলে শাস্তির বিধানও বেশ কড়া। মাঠে নামার সঙ্গে সঙ্গেই অটোমেটিক হলুদ কার্ড দেখতে হবে ফুটবলারকে, পাশাপাশি সংশ্লিষ্ট ক্লাবকেও গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।
বিশ্বকাপের মঞ্চে কোটি ফুটবলপ্রেমী যাকে ‘ভোজিনহা’ নামে চিনেছেন, সেটি আসলে তার আসল নাম নয়। তার পূর্ণ নাম জোসিমার জোসে এভোরা দিয়াস। ফলে নিয়মের পরিবর্তন না হলে নতুন মৌসুমে কোলো-কোলোর হয়ে তার জার্সিতে লেখা থাকবে ‘এভোরা’, ‘দিয়াস’ অথবা ‘এভোরা দিয়াস’।
অবশ্য এই বাধা টপকানোর একটিমাত্র পথ খোলা রয়েছে। কোলো-কোলোর সভাপতি আনিবাল মোসা যদি লিগের পরিচালনা পর্ষদের সর্বসম্মত সমর্থন নিয়ে আইনটি সংশোধন করাতে পারেন, তবেই চেনা নামে নামতে পারবেন তিনি। তবে বাস্তবে এমনটা হওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মনে করা হচ্ছে।
বিশ্বকাপে চমক দেখানোর পর ফ্রি এজেন্ট হিসেবে ভোজিনহাকে দলে ভেড়ায় কোলো-কোলো, যা তার দীর্ঘ ও বৈচিত্র্যময় ক্যারিয়ারের অন্যতম বড় মাইলফলক। এর আগে কেপ ভার্দে, অ্যাঙ্গোলা, মলদোভা, পর্তুগাল, সাইপ্রাস ও স্লোভাকিয়ার বিভিন্ন ক্লাবে পোস্ট সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার।
তবে শুধু নাম নিয়েই নয়, পছন্দের জার্সি নম্বর নিয়েও মন খারাপের খবর রয়েছে এই তারকা গোলরক্ষকের জন্য। কোলো-কোলোর চেনা ১ নম্বর জার্সিটি আগেই নিজের দখলে রেখেছেন ফার্নান্দো ডি পল। ফলে পছন্দের ১ নম্বর ছেড়ে ১৬ নম্বর জার্সি গায়ে জড়িয়েই হয়তো নতুন মৌসুমে কোলো-কোলোর গোলপোস্ট সামলাতে হবে তাকে।
বিশ্বকাপের দুর্দান্ত স্মৃতি আর বিশ্বজোড়া পরিচিতির ‘ভোজিনহা’ নামটি আপাতত চিলির লিগে আড়ালেই থেকে যাচ্ছে। নাম আর নম্বর দুটোতেই বদল এনে নতুন এক পরিচয়ে চিলির ফুটবলে নিজের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন কেপ ভার্দের এই অভিজ্ঞ পাহারাদার।




