• ই-পেপার

চিলিতে ‘ভোজিনহা’ নামের জার্সি পরতে পারবেন না কেপ ভার্দের গোলরক্ষক

ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক হচ্ছেন লিটন

ক্রীড়া ডেস্ক
ওয়ানডের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক হচ্ছেন লিটন
মিরাজকে (ডানে) সরিয়ে লিটনকে ওয়ানডের অধিনায়কত্ব দিতে যাচ্ছে বিসিবি। ছবি: এআই দিয়ে বানানো

ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে মেহেদী হাসান মিরাজকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ডের একাধিক সূত্রের বরাত দিয়ে ইংরেজি দৈনিক ডেইলি সান জানিয়েছে, নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন লিটন দাস।

প্রতিবেদনে বলা হয়েছে, সাদা বলের দুই সংস্করণেই সহ-অধিনায়ক করা হতে পারে তাওহিদ হৃদয়কে। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্বে বহাল থাকবেন নাজমুল হোসেন শান্ত। এর মাধ্যমে তিন সংস্করণে তিন অধিনায়ক কাঠামো থেকে সরে আসছে দেশের ক্রিকেট।

আজ মঙ্গলবার (২৮ জুলাই) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির সভায় এ বিষয়ে আলোচনা করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

ডেইলি সানকে সূত্র জানিয়েছে, শুরুতে ওয়ানডে অধিনায়কত্ব আবার শান্তকে ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় ছিল। তবে শেষ পর্যন্ত সীমিত ওভারের দুই সংস্করণের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্তে ঝুঁকেছে বোর্ড। 

যেহেতু লিটন বর্তমানে টি-টোয়েন্টি দলের অধিনায়ক, তাই ওয়ানডের দায়িত্বও তার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে শান্তকে টেস্টের নেতৃত্বেই মনোযোগী রাখতে চায় বোর্ড।

এ ছাড়া তাওহিদ হৃদয়কে ভবিষ্যতের সম্ভাব্য অধিনায়ক হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেন হৃদয়। এরপর জিম্বাবুয়ে সফরে প্রথম টি-টোয়েন্টি হারের পর তার নেতৃত্বেই ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় বাংলাদেশ।

২০২৫ সালের ১২ জুন নাজমুল হোসেন শান্তর জায়গায় বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক হন মেহেদী হাসান মিরাজ। এ বছরের এপ্রিলে বিসিবি তার নেতৃত্বের মেয়াদ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছিল।

তবে মিরাজের অধিনায়কত্বে বাংলাদেশ দল প্রত্যাশা পূরণ করতে পারেনি। বিশেষ করে দেশের বাইরে। তার নেতৃত্বে বিদেশের মাটিতে বাংলাদেশ ১৩টি ওয়ানডে খেলে মাত্র দুটিতে জিতেছে।

মিরাজ অধিনায়ক হওয়ার পর দেশের ক্রিকেট তিন সংস্করণে তিনজন আলাদা অধিনায়কের মডেলে ফিরেছিল। তখন টেস্টে নেতৃত্ব দিচ্ছিলেন শান্ত, ওয়ানডেতে মিরাজ এবং টি-টোয়েন্টিতে লিটন। কিন্তু দেড় বছরেরও কম সময়ের মধ্যে সেই পরিকল্পনা থেকে সরে আসছে বিসিবি।

এর আগে ২০২২ সালে তিন অধিনায়কের কাঠামো ছিল। সেই সময় টেস্টে নেতৃত্ব দেন সাকিব আল হাসান, ওয়ানডেতে তামিম ইকবাল এবং টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদ।

গোলকিপারদের ‘অভিনয়’ ঠেকাতে আগামী মৌসুম থেকেই অভিনব নিয়ম

ক্রীড়া ডেস্ক
গোলকিপারদের ‘অভিনয়’ ঠেকাতে আগামী মৌসুম থেকেই অভিনব নিয়ম
সংগৃহীত ছবি

খেলার গুরুত্বপূর্ণ সময়ে হঠাৎ করেই মাঠের ঘাসে লুটিয়ে পড়লেন গোলরক্ষক। পেশিতে টান কিংবা হাত-পায়ের চোটের অজুহাতে ডেকে পাঠালেন ফিজিওকে। আর সেই সুযোগেই সাইডলাইনে গিয়ে কোচের কাছ থেকে ট্যাকটিক্যাল বার্তা বুঝে নিলেন দলের বাকি ফুটবলাররা! ফুটবলে তথাকথিত এই ‘ট্যাকটিক্যাল গোলকিপার টাইমআউটের’ অপব্যবহার বন্ধ করতে এবার এক অভাবনীয় এবং কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে ইংলিশ ফুটবল।

আগামী ২০২৬-২৭ মৌসুম থেকে ইংল্যান্ডের পুরুষ ও নারী ফুটবলের পেশাদার লিগগুলোতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে এক নতুন নিয়ম। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এর অনুমোদন দেওয়ার পর এফএ এবং প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচে গোলকিপারের আঘাত বা চিকিৎসার কারণে খেলা বন্ধ হলে, পরবর্তীতে খেলা শুরু হতেই দলের ম্যানেজারকে বাধ্যতামূলকভাবে যেকোনো একজন আউটফিল্ড ফুটবলারকে কমপক্ষে ১ মিনিটের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ, গোলকিপার চিকিৎসার জন্য সময় নিলে দলকে অন্তত এক মিনিট ১০ জনে খেলতে হবে! 

ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ), প্রিমিয়ার লিগ, ইএফএল, ন্যাশনাল লিগ ও উইমেন’স সুপার লিগসহ প্রো রেফ-এর মতো সংস্থাসমূহ একযোগে এই পরীক্ষামূলক নিয়ম বাস্তবায়নে সমর্থন দিয়েছে।

আইএফএবি জানিয়েছে, সাধারণ আউটফিল্ড খেলোয়াড়দের মাঠের ভেতরে চিকিৎসা দেওয়া হলে বা তাদের কারণে খেলা বন্ধ থাকলে যেভাবে এক মিনিটের জন্য মাঠের বাইরে যেতে হয়, সেই ধারাবাহিকতা বজায় রাখতেই গোলরক্ষকদের ক্ষেত্রেও এই বাধ্যবাধকতা আনা হচ্ছে।

সম্প্রতি ইংলিশ ফুটবলে প্রতিপক্ষের ছোঁয়া ছাড়াই হুটহাট গোলরক্ষকদের মাটিতে শুয়ে পড়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে একদিকে যেমন খেলার স্বাভাবিক গতি নষ্ট হচ্ছিল, অন্যদিকে ট্যাকটিক্যাল সুবিধা পাচ্ছিল দলগুলো। ফলে সমর্থক, বিশেষজ্ঞ থেকে শুরু করে প্রতিপক্ষ দলের কোচদের ক্ষোভও তুঙ্গে উঠছিল। এফএ স্পষ্ট জানিয়েছে, চোটের দোহাই দিয়ে গোলরক্ষকদের মাধ্যমে খেলা বিলম্বিত করা বা কোচের পরামর্শ নেওয়ার সুযোগ বন্ধ করাই তাদের মূল উদ্দেশ্য।

বিগত মৌসুমগুলোতে এই কৌশল নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল। ব্রাইটনের বিপক্ষে আর্সেনালের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে গানার গোলরক্ষক ডেভিড রায়া বারবার চিকিৎসা নিলে ম্যাচ শেষে চরম ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রাইটন কোচ ফাবিয়ান হার্টসেল। তিনি সোজা জানিয়ে দেন, ‘আর্সেনাল যা করেছে, তা আর যাই হোক ফুটবল নয়।’ অন্যদিকে চোটের ভান করার অভিযোগ তুলে ম্যানচেস্টার সিটির গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার কঠোর সমালোচনা করেছিলেন লিডস ইউনাইটেড ম্যানেজার ড্যানিয়েল ফাকা।

তবে বাস্তবসম্মত কিছু ছাড়ও রাখা হয়েছে এই নিয়মে। প্রতিপক্ষ খেলোয়াড়ের ফাউলে গোলরক্ষক আঘাত পেলে, একই সঙ্গে মাঠের অন্য খেলোয়াড়ের চোট বা রক্তপাত হলে কিংবা লাল/হলুদ কার্ড পাওয়ার মতো শারীরিক আক্রমণের মুখে পড়লে এই নিয়ম খাটবে না।

আগামী ১ আগস্ট লিগ কাপের উদ্বোধনী ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে সময় অপচয় রোধে নেওয়া এই বৈপ্লবিক পদক্ষেপ। শুধু এটিই নয়, নতুন মৌসুমে সময় নষ্ট করা ঠেকাতে বিলম্বিত থ্রো-ইন ও গোল কিকের জন্য ৫ সেকেন্ডের কাউন্টডাউন এবং বদলি ফুটবলারদের মাঠ ছাড়ার জন্য ১০ সেকেন্ডের সময়সীমা বেঁধে দেওয়ার মতো কঠোর নিয়মও দেখতে পাবেন ফুটবলপ্রেমীরা। 
 

২৪ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির

ক্রীড়া ডেস্ক
২৪ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ছবি: আইসিসি

তাহলে কি ফিফার পথেই হাঁটছে আইসিসি?

৪৮ দল নিয়ে এবারই প্রথম বিশ্বকাপ আয়োজন করেছে ফিফা। এতে সফলই হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। অদূর ভবিষ্যতে তো ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। 

ইনফান্তিনোর সেই দেখানো পথে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের সংখ্যা বাড়াতে চাচ্ছে আইসিসি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটকে আরো বেশি দেশে ছড়িয়ে দিতে এবং সহযোগী দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে ২০৩২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০ থেকে বাড়িয়ে ২৪ করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 

যদিও এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির ভেতরে বিষয়টি নিয়ে ইতিবাচক আলোচনা চলছে বলে জানিয়েছে টেলিগ্রাফ

সম্প্রতি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নতুন প্রতিযোগিতা কাঠামো ঘোষণা করেছে। ২০২৮ ও ২০৩০ সালে পরের দুটি আসরে ২০টি দল খেলবে। তবে ২০৩২ আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ২৪ করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পরবর্তীতে ৩২ দল নিয়েও হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

IND
টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। ছবি: আইসিসি

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে টি-টোয়েন্টি ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর খেলাটির আন্তর্জাতিক বিস্তার আরো জোরদার করতে চায় আইসিসি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্প্রসারণের বিষয়ে আইসিসির সদস্য বোর্ডগুলোর মধ্যে ইতিবাচক মনোভাব রয়েছে। সহযোগী দেশগুলোর জন্য আরো বেশি সুযোগ তৈরি করা এবং ক্রিকেটের বাজার বিস্তৃত করাই এই পরিকল্পনার মূল লক্ষ্য।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা প্রথমবারের মতো ২০-এ উন্নীত করা হয়েছিল। সেই সম্প্রসারণ সফল হওয়ায় ভবিষ্যতে আরো ৪টি দল যোগ করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। 

ফ্যাক্ট চেক

ভারতীয় ওপেনার কি সত্যিই ৯ বছরের বড় অভিনেত্রীর প্রেমে মজেছেন

ক্রীড়া ডেস্ক
ভারতীয় ওপেনার কি সত্যিই ৯ বছরের বড় অভিনেত্রীর প্রেমে মজেছেন
ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সওয়ালকে মুম্বাইয়ের একটি ক্যাফেতে একসঙ্গে দেখা গেছে। ছবি: এআই দিয়ে বানানো

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর ও ভারতীয় ক্রিকেট দলের ওপেনার যশস্বী জয়সওয়ালকে ঘিরে হঠাৎই প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 

মুম্বাইয়ের একটি ক্যাফের ভাইরাল ভিডিও দেখে অনেকেই ধারণা করছেন, বলিউড ও ক্রিকেটে হয়তো নতুন একটি জুটির সূচনা হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত ম্রুণাল ঠাকুর কিংবা যশস্বী জয়সওয়াল—দুজনের কেউ এ বিষয়ে মন্তব্য করেননি।

ভাইরাল ভিডিওতে কী দেখা গেছে?

আলোচনা শুরু হয় মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্টের বুজি ক্যাফে থেকে ধারণ করা একটি ভিডিওকে কেন্দ্র করে।

ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে আসছেন আর ম্রুণাল ঠাকুর তখনও ভেতরে অবস্থান করছেন। তবে ভিডিওতে তাদের মধ্যে কোনো ঘনিষ্ঠতা বা প্রেমের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়নি।

তবু একই জায়গায় দুজনের উপস্থিতি থেকেই বিভিন্ন ফ্যান পেজে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তারা কি সত্যিই সম্পর্কে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন?

ম্রুণাল ঠাকুর ও যশস্বী জয়সওয়াল প্রেমের সম্পর্কে জড়িয়েছেন—এই গুঞ্জনের পক্ষে এখন পর্যন্ত সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। শুধুমাত্র একসঙ্গে কোথাও উপস্থিত থাকার ভিত্তিতে এ ধরনের দাবি করা যায় না।

ম্রুণাল-যশস্বীর ওই সাক্ষাৎ পেশাগত কোনো বৈঠক, বিজ্ঞাপনের শুটিং বা অন্য কোনো কাজের অংশও হতে পারে। অনেকে একটি মাত্র ভাইরাল ভিডিও দেখে তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর আহ্বান জানিয়েছেন।

বয়সের পার্থক্য নিয়ে আলোচনা

প্রেমের গুঞ্জনের পাশাপাশি তাদের বয়সের ব্যবধান নিয়েও অনলাইনে ব্যাপক আলোচনা চলছে।

বর্তমানে ম্রুণাল ঠাকুরের বয়স ৩৩ বছর, আর যশস্বী জয়সওয়ালের বয়স ২৪ বছর। অর্থাৎ তাদের বয়সের পার্থক্য ৯ বছর।

ম্রুণালের অতীত প্রেমকাহিনি

এটিই প্রথম নয়, এর আগেও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় এসেছিলেন ম্রুণাল ঠাকুর।

গত বছর দক্ষিণ ভারতীয় অভিনেতা ধানুশকে ঘিরেও তার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল। একাধিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়া এবং ভবিষ্যতের কিছু প্রকল্পে কাজ করার খবর প্রকাশের পর সেই আলোচনা শুরু হয়। পরে এমনও খবর ছড়ায় যে, তারা নাকি বিয়ের পরিকল্পনা করছেন।

তবে এ বছরের শুরুতে একটি সিনেমার প্রচারে অংশ নিয়ে ম্রুণাল এসব গুঞ্জন উড়িয়ে দেন। তিনি বলেন, ‘জানি না এসব গুজব কারা ছড়ায়। এগুলোর কোনো ভিত্তি নেই।’ ম্রুণাল আরো জানান, কাজের ব্যস্ততার কারণে ডেটিং করার সময় নেই তার। 

এখন কী নিয়ে ব্যস্ত ম্রুণাল ও যশস্বী?

সম্প্রতি বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ের সঙ্গে হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় সিনেমায় দেখা গেছে ম্রুণাল ঠাকুরকে। বর্তমানে তিনি বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রেও ব্যস্ত সময় পার করছেন।

অন্যদিকে, যশস্বী জয়সওয়াল অনেক আগেই বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর তিনি ভারতের হয়ে নিয়মিত খেলছেন। পাশাপাশি আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়েও খেলছেন এই বাঁহাতি ওপেনার।