কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা ও ডান তীর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কাঁচকোল-সড়কটারী এলাকায় ময়নার খামার যুবসংঘ ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।
বক্তারা বলেন, বছরের পর বছর নদীভাঙনে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবর্ষায় ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতিমধ্যে ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়া না হলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা আরো বলেন, কাঁচকোল-ফকিরেরহাট সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দ্রুত স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল এবং মাদরাসার সুপার মাও. শমসের আলী প্রমুখ।
কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।
স্থানীয় সূত্র জানায়, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। শুধু চলতি মাসেই চার দফায় প্রায় ২০০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটল সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও জিও ব্যাগ বসানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত স্থানে যথাযথভাবে জিও ব্যাগ ফেলা হয়নি। ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী সংস্কারের পরিবর্তে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা।






