ময়মনসিংহের নান্দাইলে বিদ্যুৎ বিল পরিশোধ করে বাসায় ফেরার পথে বাসচাপায় মো. আতিকুর রহমান মতিন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক পার হওয়ার সময় পল্লী বিদ্যুতের অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। চাকরি জীবনে তিনি নান্দাইল পৌর সদরের সমূর্থজাহান মহিলা কলেজের পাশে জমি কিনে বাসা তৈরি করেন। অবসরের পর থেকে তিনি সপরিবারে শহরের ওই বাসায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে আতিকুর রহমান মতিন পৌর সদরের বাসা থেকে বের হয়ে পাশেই অবস্থিত পল্লী বিদ্যুৎ অফিসে যান বিল পরিশোধ করতে। বিল পরিশোধ শেষে মহাসড়ক পার হয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহ থেকে ভৈরবগামী ‘শ্যামল ছায়া’ পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে বাসের নিচে পড়ে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
নান্দাইল হাইওয়ে থানার ওসি জীবন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ‘শ্যামল ছায়া’ বাসটিকে আটক করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।








