• ই-পেপার

নির্বাচনী ইশতেহারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে পর্যালোচনাসভা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম’র চিফ অব মিশনের সাক্ষাৎ

অনলাইন প্রতিবেদক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএম’র চিফ অব মিশনের সাক্ষাৎ
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইওএম’র চিফ অব মিশন ড. লরা টম-বন্ড। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে এ সাক্ষাৎ করেন।

এ সময় আইওএম'র সঙ্গে দুই দশকের দ্বিপাক্ষিক অংশীদারিত্ব জোরদার, জাতীয় মানবপাচার বিরোধী প্রচেষ্টা শক্তিশালীকরণ, সাইবার প্রযুক্তিনির্ভর মানবপাচার রোধ ও সীমান্ত ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 

বৈঠকে আইওএম মিশন প্রধান জানান, সংস্থাটির ডেপুটি ডিরেক্টর জেনারেল উগোচি ড্যানিয়েল আগামী ১ থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। তিনি উগোচি ড্যানিয়েলের বাংলাদেশ সফর উপলক্ষ্যে আগামী ৪ আগস্ট ইউএন হাউজ বাংলাদেশে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান।

মন্ত্রী নবনিযুক্ত চিফ অব মিশনকে বাংলাদেশে স্বাগত জানান এবং মানবপাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা আধুনিকীকরণ, প্রযুক্তিগত সক্ষমতা বিকাশ ও নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক দিকনির্দেশনা ও পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ উদ্যোগে প্রণীত 'সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা' কৌশলের জাতীয় বৈধকরণ কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোই সন্তোষ প্রকাশ করা হয়। একই সঙ্গে বাংলাদেশের পুলিশ বাহিনীর বিশেষ শাখাসহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে প্রযুক্তিগত সহায়তা প্রদানে আইওএম-এর অঙ্গীকার পুনর্নিশ্চিত করা হয়।

এছড়া বৈঠকে বাংলাদেশে মানবপাচার প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মূল ভূমিকা এবং আইওএম-এর কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়। আইওএম-এর পক্ষ থেকে নীতি সহায়তা, বিশেষায়িত প্রশিক্ষণ, গবেষণা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং বৈশ্বিক তহবিল সংগ্রহের প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করা হয়।

সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
ছবি: কালের কণ্ঠ

বাংলাদেশ নৌবাহিনীর নবনিযুক্ত প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে দুই বাহিনীর প্রধান পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি তাঁর সফল নেতৃত্ব ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

এর আগে সেনাসদরে নৌবাহিনী প্রধানকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী ও নৌবাহিনীর মধ্যে বিদ্যমান আন্তঃবাহিনী সহযোগিতা, পারস্পরিক আস্থা ও পেশাগত সম্পর্কের ধারাবাহিকতার প্রতিফলন।

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

বৃহস্পতিবার (৩০ জুলাই) থেকে তিন দিনব্যাপী জাতীয় পর্যায়ে হজ ও ওমরাহ মেলা শুরু হচ্ছে। হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, যারা বুকিং দেবেন তাদের জন্য ছাড় থাকবে বলে জানিয়েছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার।

আজ রাজধানীর নয়াপল্টনে একটি হোটেলে সংবাদ সম্মেলনে হজ-ওমরাহ মেলা ঘোষণা দেন তিনি। রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ৩০ জুলাই এ মেলা শুরু হয়ে চলবে ১ আগস্ট পর্যন্ত। সংবাদ সম্মেলনে হাবের সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার উপস্থিত ছিলেন।

ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে জানান হাব মহাসচিব।

ফরিদ আহমেদ মজুমদার বলেন, মেলায় হজ কার্যক্রমে অনুমোদনপ্রাপ্ত এজেন্সিগুলো স্টল দেবে। এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য ও প্যাকেজে বর্ণিত সুবিধাদি যাচাই-বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমণের জন্য পছন্দমতো এজেন্সির সঙ্গে বুকিং বা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ পাবেন।

হজের বুকিং নিতে এই তিনদিনের জন্য একটা সুযোগ থাকবে, ছাড় পাবেন জানিয়েছে হাব মহাসচিব হজ এবং ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের এই সুযোগ নেওয়ার আহ্বান জানান।

মাঠ প্রশাসনের কর্মকর্তার জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

বাসস
মাঠ প্রশাসনের কর্মকর্তার জন্য ভূমি মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন মাঠ প্রশাসনে কর্মরত সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়ন নিরুৎসাহিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার।

জনসেবার ধারাবাহিকতা নিশ্চিত করতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়, মাঠ প্রশাসনে রাজস্ব ব্যবস্থাপনার দুটি গুরুত্বপূর্ণ পদ হলো সার্ভেয়ার ও কানুনগো। ভূমি জরিপ, রেকর্ড সংরক্ষণ, নামজারি, ভূমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে সার্ভেয়ার ও কানুনগোদের ঘন ঘন বদলি বা পদায়নের কারণে অনেক এলাকায় ভূমিসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে সাধারণ মানুষ সময়মতো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না এবং বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব হচ্ছে।

এ পরিস্থিতিতে বিশেষ প্রশাসনিক প্রয়োজন ছাড়া সার্ভেয়ার ও কানুনগোদের নিজ নিজ কর্মস্থল বা পদায়নকৃত স্থান থেকে অন্যত্র বদলি বা পদায়ন না করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব কর্মকর্তা-কর্মচারীকে কমপক্ষে দুই বছর একই কর্মস্থলে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে বলা হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান স্বাক্ষরিত এ আদেশ ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, দেশের সব বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

আদেশে আরো বলা হয়, প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষ থেকে বদলির জন্য তদবির করা সরকারি চাকরির বিধিবিধানের পরিপন্থী। তাই এ ধরনের অনৈতিক তদবির থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন এ নির্দেশনা কার্যকর হলে মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে দক্ষতা ও স্থিতিশীলতা বাড়বে। একই সঙ্গে ভূমিসংক্রান্ত সেবার ধারাবাহিকতা বজায় থাকবে, প্রশাসনিক জটিলতা কমবে এবং সাধারণ মানুষের ভোগান্তিও উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।